>সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর উপস্থাপনায় আজ রাতে বাংলাভিশনে দেখানো হবে ‘গানে গানে দেশে দেশে’। দুই বছরের বেশি সময় ধরে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। আজ এটির ২০০তম পর্ব প্রচারিত হবে। কথা হলো তাঁর সঙ্গে।
উপস্থাপনার অভিজ্ঞতা কেমন?
এনটিভিতে এক যুগ ধরে ‘কিছু কথা কিছু গান’ নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। একটা সময় পর কিছু বিষয়ে বনিবনা না হওয়ায় সেটি ছেড়ে দিই। পরে বাংলাভিশনে নতুন ভাবনা নিয়ে শুরু করি ‘গানে গানে দেশে দেশে’। এরই মধ্যে দুই বছর পার হয়ে গেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ক্ল্যাসিক গানগুলো বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করি।
অনুষ্ঠানের অতিথি সম্পর্কে যদি কিছু বলতেন?

আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে অতিথি হয়েছেন ইয়াসমিন মুশতারী ও মনির খান। তাঁরা দুজনই ভালো শিল্পী। এখানে একটা সমস্যা হয়ে গেছে। এই অনুষ্ঠান কিন্তু এত দিন পিক টাইমে ছিল। মাস খানেক হলো হঠাৎ আমাকে কোনো কিছু না জানিয়ে প্রচার সময় বদলে দেওয়া হয়। আমি এতে খুব কষ্ট পেয়েছি।
এত দিন ধরে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন, একঘেয়ে লাগে না?
বিচিত্র ধরনের গান নিয়ে এই অনুষ্ঠানে কাজ করি। এমনও গান করা হয়, যা বহু বছর শোনা হয়নি। অনেকে প্রশংসা করেন, আমার ভালো লাগে। ইদানীং আমার মনে আরেকটি নতুন ভাবনা এসেছে। যদি চ্যানেল কর্তৃপক্ষ অনুষ্ঠান প্রচারের সময় নিয়ে নতুন করে ভাবে, তা হলে ওই ভাবনা নিয়ে কাজ করব। অন্যথায় অন্য কোনো চ্যানেলে এ বিষয়ে নতুন কিছু করব।
গানের বাইরে কী নিয়ে সময় কাটাতে পছন্দ করেন?
গানের বাইরে আমি পড়াশোনা করি। লেখালেখিও করি। উপস্থাপনা করতে হলে একজন মানুষকে অনেক বেশি পড়াশোনা করতে হয়। আমার বিচিত্র বিষয়ে ভালো লাগা তৈরি হয়েছে। ইদানীং তো বিজ্ঞানে বেশ আগ্রহ পাচ্ছি। আমার তো মনে হয়, আরেকবার জন্ম নিলে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়তাম। সম্প্রতি আমি একসঙ্গে অনেকগুলো বই পড়ছি। এর মধ্যে আছে গোলাম মুরশিদের বাংলার রেনেসাঁ, ক্যারেন আর্মস্ট্রংয়ের মুহাম্মদ, নীরদ সি চৌধুরীর আমার দেবোত্তর সম্পত্তি ও স্টিফেন হকিন্সের আ ব্রিফ হিস্ট্রি অব টাইম।
সাক্ষাৎকার: মনজুর কাদের