কাঙ্ক্ষিত সমাজ বাস্তবায়নে ২১ দফা ঠিক করেছি আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সংস্কৃতি আন্দোলনের সারথি, নাট্যজন গোলাম কুদ্দুছের ৬০ তম জন্মদিন আজ শুক্রবার। এ উপলক্ষে তাঁকে ঘিরে একটি মিলনমেলার আয়োজন করেছে তাঁর সংস্কৃতিসেবী বন্ধুরা। রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সকাল থেকে রাত পর্যন্ত চলবে এ আয়োজন। অনুষ্ঠানে সংস্কৃতিকর্মীরা শুভেচ্ছা জানাবেন তাঁদের প্রিয় মানুষ গোলাম কুদ্দুছকে। এ ছাড়াও থাকবে নাচ, গান ও আবৃত্তি। এই জন্মদিনে সামনের ও ফেলে আসা দিনগুলোর কিছু কথা জানালেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন রাসেল মাহমুদ।
গোলাম কুদ্দুছ
গোলাম কুদ্দুছ

বেশ কিছু বই লিখেছেন। আর কী কী বিষয়ের ওপর লেখার ইচ্ছে আছে?
দুটো বিষয়ের ওপর বই লেখার ইচ্ছে আছে। এক. ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস নিয়ে। এ নিয়ে অনেক বই আছে। কিন্তু সেগুলো পূর্ণাঙ্গ নয়। উচ্চ আদালত ভাষা আন্দোলনকারীদের একটি তালিকা প্রস্তুত করতে বলেছেন। পূর্ণাঙ্গ ইতিহাস না থাকলে তালিকা করা যাবে না। কাজটি এখনই শুরু করা দরকার। কারণ এখনো যারা বেঁচে আছেন, তাঁদের অনেক বয়স হয়ে গেছে। দুই নম্বরটি হলো স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন নিয়ে। সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য অনেক কাজ করেছি আমরা। আমাদের যত সংগ্রাম সেগুলো নিয়েই কাজ করব। ১৯৮৪ সাল থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে সংবাদ বিজ্ঞপ্তিগুলো সেগুলো একত্র করলেও একটা বিরাট দলিল তৈরি হয়ে যাবে। প্রায় ১৯ বছর জোটের সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। সুতরাং আমার কাছে তথ্য-উপাত্ত রয়েছে প্রচুর। 

বিগত জীবন আন্দোলনেই কাটিয়েছেন। কোনো ব্যর্থতা আছে?

যে সমাজের জন্য এত সংগ্রাম, চূড়ান্তভাবে কাঙ্ক্ষিত সেই সমাজ আমরা পাইনি। সেটা পেতে অনেক সংগ্রাম ও চেষ্টা করেছি। এই না পাওয়ার ব্যর্থতা সরকারগুলোর ওপরে বর্তায়। সংস্কৃতিকর্মী হিসেবে সেই ব্যর্থতার দায় আমাদের ওপরও অনেকটা এসে পড়ে। তবে আমরা এখনো সংগ্রাম অব্যাহত রেখেছি।

কাঙ্ক্ষিত সমাজ গঠনের কোনো দিকনির্দেশনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করেছেন?

কাঙ্ক্ষিত সমাজ বাস্তবায়নে ২১ দফা করণীয় ঠিক করেছি আমরা। শিগগিরই সেটা দেশ ও জাতিকে জানাব। এতে রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশাগুলোও প্রতিফলিত হবে।
সারা জীবন রাজনীতি, আন্দোলন, সংস্কৃতিচর্চা করে পরিবারকে সময় দেননি। তারা মেনে নিল এসব?
এসব করতে গিয়ে পরিবারকে খুব কম সময় দিয়েছি সেটা সত্য। তারা আমাকে কখনো বাধা দেয়নি। কখনো কখনো অসন্তুষ্ট হয়েছে। তবে তাদের একধরনের আত্মতৃপ্তি আছে। কারণ, আমি সত্য-ন্যায়নিষ্ঠ জীবন যাপন করেছি। এতেই তারা তৃপ্ত। 


আপনাকে ঘিরে সারা দিনের আয়োজন করেছে বন্ধুরা, কেমন লাগছে?
জন্মদিন উপলক্ষে এই আয়োজন আমার কাছে অপ্রত্যাশিত। অগ্রজ, অনুজ, সমসাময়িক বন্ধুরা মিলে যে আয়োজনটা করেছে, এটাকে একটা মিলনমেলা হিসেবে নিয়েছি। অনেকেই আসবেন এতে। যে বন্ধুরা সুপ্রতিষ্ঠিত, যে বন্ধুরা খুব সাধারণ পেশায় নিয়োজিত—তাঁরা সবাই আসবেন। সংস্কৃতিসেবী বন্ধুদের সঙ্গেও আন্দোলন-সংগ্রামের ফাঁকে একটু দম নেওয়ার প্রচেষ্টা এটি। আমাকে আপ্লুত করেছে এই আয়োজন।

আপনার তো তাহলে বন্ধুভাগ্য ভালো। প্রেম করতে পেরেছিলেন?
গতানুগতিক যে প্রেম সেটা আমার কখনোই করা হয়নি। তবে সহপাঠীকেই বিয়ে করেছি। বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে রাজনীতি করতাম। একে অন্যকে পছন্দ করে বিয়ে করেছি। আমার বন্ধুর সংখ্যা অনেক। বলা যায়, বন্ধুভাগ্য খারাপ না।