ঘটনাটি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কিছুদিন আগে ডুব ছবির শুটিং শেষ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরই মধ্যে হঠাৎ জানা গেল হলি আর্টিজানে হামলার ঘটনা নিয়ে নতুন ছবি বানাচ্ছেন তিনি। নতুন ছবি ও অন্যান্য প্রসঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন এই নির্মাতা।

‘ডুব’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, হঠাৎ নতুন ছবির ঘোষণ দিলেন কেন?

আমি এখনো ডুব নিয়ে আছি। সম্পাদনা ও সাউন্ডের কাজ আগামী মাসে শেষ হয়ে যাবে। তার মানে, এরপর থেকে ডুব ছবিতে আমার ক্রিয়েটিভ সম্পৃক্ততার প্রয়োজন নেই। আমি সারাক্ষণ একটা ক্রিয়েটিভ উত্তেজনার মধ্যে থাকতে চাই। যে কাজটা হয়ে যায় বা করে ফেলি, সেটার আনন্দ আমি উপভোগ করি সত্য, তার চেয়েও বেশি উপভোগ করি আসন্ন কাজের উত্তেজনা। সে জন্যই আমি একটা শেষ হওয়ার আগেই পরের কাজ নিয়ে ভাবি। সব সময় যে দ্রুত বিষয় খুঁজে পাই, তা নয়। এবার পেয়ে গেলাম, তাই ঘোষণা দিয়ে দিলাম।

মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

হলি আর্টিজানে হামলার মতো মর্মান্তিক একটি ঘটনা নিয়ে ছবি বানানোর আগ্রহের কারণ কি একটু বলবেন?
অন্য বাংলাদেশির মতোই এই ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার এই মর্মান্তিক ঘটনা তাই গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলাম। নানা দিক থেকে বিশ্লেষণ করার চেষ্টাও করেছি। আমার মনে হয়েছে, এটা কোনো সাদা-কালো গল্প নয়। এই গল্পে অনেক জটিল ছায়া আছে। এই ঘটনা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। পুরো বিষয়টা আমাকে স্বাভাবিক হতে দেয়নি। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার ও বিশ্ব রাজনীতির একটা ছাপ দেখেছি। এই জটিলতা আবিষ্কার করব বলেই ডুবুরি হলাম। ফিল্ম মেকিং তো ডুবুরির কাজই।
এই ধরনের ঘটনা নিয়ে ছবি বানানোর চ্যালেঞ্জ কতটুকু বলে মনে করছেন?
চ্যালেঞ্জ তো থাকবেই। কিন্তু আমি তো ছবি বানাচ্ছি, ডকুমেন্টেশন করছি না। তথ্য হচ্ছে পোশাক। সিনেমার কাজ আত্মা নিয়ে। পোশাকের একটা সমর্থন তার লাগে বটে, তবে পোশাকটাই শুধু ছবি নয়।
ছবিটি কি যৌথ প্রযোজনায় নির্মাণ হবে? কে বা কারা এই ছবিতে অভিনয় করছেন?
ছবিটি যৌথ বা ত্রিপক্ষীয় কিংবা এক পক্ষেরও হতে পারে। অভিনয়শিল্পী কয়েক দেশ থেকে থাকবে, এটা নিশ্চিত।
আপনি বলছিলেন এটি হবে ‘ওয়ান শট ফিল্ম’, পাঠকদের জন্য বিষয়টি কি একটু পরিষ্কার করে বলবেন?
ওয়ান শট মানে পুরো ছবিতে কোনো কাট থাকবে না, শুধু ক্যামেরা মুভমেন্ট থাকবে। দুই ঘণ্টা এক শটে, এক নিশ্বাসে। এই এক শটে দক্ষিণ এশিয়ার রাজনীতির জটিল অবয়ব, ঘৃণার সংস্কৃতি ও অসহিষ্ণুতার উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং প্রগতিশীল বাংলাদেশ আর তথাকথিত রক্ষণশীল মানসিকতার মানুষের বিভেদটা তুলে ধরতে পারব আশা করি।
সাক্ষাৎকার: মনজুর কাদের