চঞ্চল ও মোশাররফের অভিনয় দেখে আমি মুগ্ধ

প্রায় আট বছর ধরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় যাওয়া–আসার মধ্যে আছেন অভিনেত্রী ডলি জহুর। অভিনয়ও কমিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। গত ১৩ জানুয়ারি বাংলাদেশে এসেছেন তিনি। ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও অভিনয় শিল্পী সংঘের ভোট দিতে দেখা গেছে তাঁকে। জানালেন ঢাকায় আসার পর কিছুটা অসুস্থ। তাই এখন বাসাতেই থাকছেন, বের হচ্ছেন না।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

এবার কত দিন পর দেশে এলেন?

এবারই মনে হয় লম্বা সময়, দুই বছরের বেশি সময় পর বাংলাদেশে এলাম। এর আগে দুই-তিন মাস করে থেকেছি। করোনাভাইরাসের মধ্যে ঝুঁকি নিয়ে ভ্রমণ করতে চাইনি। এ ছাড়া আমার ছেলে, ছেলের বউও আসতে দেয়নি। আরেকটু পরে আসার ইচ্ছা ছিল। শুনলাম, ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। ভাবলাম, ভোটের সময় সবার সঙ্গে দেখা হবে। এ কারণে একটু আগেই চলে এসেছি।

প্রশ্ন :

ভোট দিতে গিয়েছিলেন, সবার সঙ্গে কেমন সময় কাটল?

যতটা আশা করে গিয়েছিলাম, সেই আশা পূরণ হয়নি। ইচ্ছা ছিল, সকাল সকাল ভোটকেন্দ্রে যাব। সবার সঙ্গে দেখা হবে। কিন্তু দেখা হয়নি। কিছুটা অসুস্থ থাকার কারণে বিকেলে গিয়েছিলাম। তবে যতটুকু সময় ছিলাম, মন্দ কাটেনি।

প্রশ্ন :

বলছিলেন অসুস্থতার কথা। কী হয়েছে?

প্রায় দুই বছর আগে থেকে আমার হাঁটুর ব্যথা আছে। জার্নির কারণে নতুন করে হাঁটুর ব্যথাটা বেড়েছে।

ডলি জহুর

প্রশ্ন :

এবার কত দিন থাকবেন?

আমি তো ওই দেশের নাগরিক নই। আমার ইচ্ছামতোই এখানে থাকব। যদি খুব একটা যাওয়ার প্রয়োজন না পড়ে, তাহলে আপাতত যাচ্ছি না। আমি দেশেই আছি।

প্রশ্ন :

আসা–যাওয়ার মধ্যে থাকলেও অভিনয় কমিয়ে দিয়েছেন, কিন্তু কেন?

এবার আসার আগে ২০২০ সালে ৩ জানুয়ারি আরেকবার অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। সে সময় তিন মাস ছিলাম। ওই সময় থেকেই অভিনয় করছি না। কারণ, ওই সময় ঢাকার বাড়িটি ঠিকঠাক করার জন্য সময় দিতে হয়েছিল। এরপর তো অস্ট্রেলিয়ায় চলে গেলাম। দুই বছরের বেশি সময় থেকে এলাম।

প্রশ্ন :

আপাতত তো যাচ্ছেন না। অভিনয় শুরু করবেন কি?

অভিনয় করব না, এ কথা আমি এখনো বলিনি। তবে এখন নিয়মিত সব কাজ করব না। বেছে বেছে করব। বয়স হয়েছে, আগের মতো চাপ নিয়ে এখন কাজও করতে পারব না। আগে যেসব কঠিন কাজ করেছি, এখন তা আর সম্ভব নয়। তা ছাড়া আগে সব কাজেই আনন্দ পেতাম। এখন সব কাজে আনন্দ পাই না।

সালমান শাহর সঙ্গে ডলি জহুর

প্রশ্ন :

আনন্দ না পাওয়ার কারণ কী? সমস্যা কোথায়?

আগে আমার বয়স অনুযায়ী যে চরিত্রগুলো করতাম, এখন তো সেই বয়স নেই। এখন আমার বয়সের যে কাজ, শুধু মায়ের চরিত্রে অভিনয় করা। কাজ দেখানোর মতো চরিত্র তো এখন থাকে না।

প্রশ্ন :

নাকি আমাদের গল্পগুলো এ ধরনের বয়সের চরিত্রগুলোকে কেন্দ্র করে লেখা হচ্ছে না?

এখন সেটা কম হয়। বেশির ভাগ গল্পই নায়ক–নায়িকানির্ভর। বয়স্ক চরিত্রের জন্য গল্প তেমন জুতসই থাকে না। তবে এখানে যাঁরা নাটক–সিনেমা তৈরি করেন, তাঁরা ব্যবসাটাও দেখেন। কিছু তো করার নেই।

প্রশ্ন :

দেখা হলে দর্শকেরা অনুযোগ করেন না, আপনাকে দেখা যায় না, মিস করি...

আমার কাছে তা মনে হয় না। এখন আর নাটক দেখেই–বা কয়জন। অনেক দর্শক বিদেশি সিরিয়ালে মগ্ন। তা ছাড়া ইউটিউব কিংবা ফেসবুকে আমাদের পুরোনো নাটকগুলো দর্শক দেখছেন। সেখানে দর্শকেরা আমাকে তো পাচ্ছেনই। সুতরাং মিস করার কিছু নেই।

প্রশ্ন :

অনেক দিন অভিনয় না করার কারণে নিজের খারাপ লাগেনি?

না, খারাপ লাগেনি। অস্ট্রেলিয়ায় আমার দুই নাতি–নাতনি নিয়ে এত ব্যস্ত থাকতাম, অভিনয়ের কথা মনেই থাকত না। দুজনই ছোট। তাঁদের নিয়ে সময় কেটে গেছে।

ভোট দিতে এসেছিলেন ডলি জহুর।

প্রশ্ন :

এখনকার সিনেমা ও নাটক নিয়ে সন্তুষ্ট?

আমি এখন তো ফিল্মে কাজ করি না। সেই ২০১২ সালে ঘোষণা দিয়েছিলাম, আর সিনেমা করব না। আর করিনি। সিনেমার খোঁজখবর আর রাখি না। তবে নাটক ও ওয়েব সিরিজ তো ভালোই হচ্ছে মনে হয়। এর মধ্যে তকদির ও মহানগর নামে দুটি ওয়েব সিরিজ দেখলাম। চঞ্চল ও মোশাররফের অভিনয় দেখে আমি মুগ্ধ। তা ছাড়া গেল ঈদের সময় কয়েকটি নাটক দেখেছি। নামগুলো মনে নেই, খুব ভালো লেগেছে।