চরিত্রটি আমার জন্য ইতিহাস
• ধ্রুব হাসানের ‘দাহকাল’ ছবির শুটিং করে ফিরেছেন এ বি এম সুমন।
• মুক্তিযুদ্ধের ছবিতে এটি তাঁর প্রথম কাজ।
• ছবিতে একজন নৌ কমান্ডারের চরিত্রে অভিনয় করছেন তিনি।

সম্প্রতি ধ্রুব হাসানের ‘দাহকাল’ ছবির প্রথম ধাপের শুটিং শেষ করে ফিরেছেন চিত্রনায়ক এ বি এম সুমন। ছবিতে একজন নৌ কমান্ডারের চরিত্রে অভিনয় করছেন তিনি। মুক্তিযুদ্ধের ছবিতে এটি তাঁর প্রথম কাজ। দীর্ঘদিন আটকে থাকা তাঁর অভিনীত ‘আদি’ ছবির মুক্তির খবরও দিলেন এই অভিনেতা।
‘দাহকাল’ ছবির শুটিং হলো কোথায়?
কুষ্টিয়া, পাবনার কয়েকটি জায়গায় শুটিং হয়েছে। পদ্মা নদীতেও কিছু শুটিং হয়েছে। মুক্তিযুদ্ধের ছবি এটি। এ সময়ে লোকেশন খুঁজে বের করা, সেই লোকেশনে মুক্তিযুদ্ধের সময় তুলে আনা বেশ কষ্টের কাজ। এই ছবিতে আমি একজন মুক্তিযোদ্ধা নেভি কমান্ডারে চরিত্রে অভিনয় করছি।
মুক্তিযুদ্ধ তো দেখেননি। কাজটি কীভাবে করলেন?
অনেক প্রস্তুতি নিতে হয়েছে। চরিত্রটি তৈরি করতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে দিনের পর দিন বসেছি। শুটিংয়ে যাওয়ার আগে ওরা ১১ জন, হাঙর নদী গ্রেনেডসহ মুক্তিযুদ্ধের অনেকগুলো চলচ্চিত্র দেখেছি। আগেও এ ছবিগুলো বহুবার দেখা ছিল। বাসায় প্রচুর মুক্তিযুদ্ধের ইতিহাস, রাজনৈতিক ইতিহাসের বই আছে। সেসব পড়ার সুযোগ হয়েছে আমার।
‘বিউটি সার্কাস’ ছবির দ্বিতীয় ধাপের শুটিং কবে থেকে?
২০ ফেব্রুয়ারি থেকে আবার শুরুর কথা আছে। নওগাঁর একটি গ্রামে সার্কাস দলের সেট ফেলে কাজটি করা হচ্ছে। এই ধাপে হয়তো ছবির কাজ শেষ হতে পারে। ছবিতে আমার চরিত্রের নাম রঙ্গলাল। সীমান্ত অঞ্চলে একজন চোরাচালানের সহযোগী হিসেবে কাজ করে সে। এই চরিত্রটি আমার জন্য ইতিহাস।
সেটা কেমন?
যখন ছবিটির প্রথম ধাপের কাজ শুরু হয়, সে সময় চরিত্রের মধ্যে ঢুকতেই আমার প্রায় আট মাস সময় লেগেছে। আবার শুটিং শেষ করে চরিত্রটি থেকে বের হতেও প্রায় চার মাস সময় লেগেছে। চরিত্রটি নিজের মধ্যে ধারণের জন্য শুটিংয়ের আগে আগে নওগাঁ অঞ্চলে গিয়েছিলাম। সেখানে সীমান্ত এলাকায় এ ধরনের মানুষের সঙ্গে মিশেছি। এখন দ্বিতীয়বার শুটিংয়ে যাওয়ার আগে আগে চরিত্রটি ধারণের চেষ্টা করছি।
একাধিক চরিত্রে কীভাবে মানিয়ে নেন?
আমি যখন যে চরিত্রে কাজ করি, প্রথমে পরিচালকের কাছ থেকে চরিত্রটি সম্পর্কে জেনে নিই। তারপর চিত্রনাট্যে আমার চরিত্রটি বারবার পড়ি আর গবেষণা করি। এরপর আমার নিজের অবয়বে চরিত্রটি সাজাই। ঠিক শুটিংয়ের আগে আগে পরিচালকের সঙ্গে চরিত্রটি নিয়ে আরেকবার বসি। এভাবেই একাধিক চরিত্রে কাজ করি।
‘আদি’র খবর কী?
ছবির শুটিং তো আগেই শেষ হয়েছে। এখন বাকি আছে ডাবিং। ছবির পরিচালক তানিম রহমানের কাছ থেকে জেনেছি আগামী মার্চ মাসে নাকি ছবিটি মুক্তি দেবেন।
শুনলাম থিয়েটারে যোগ দিয়েছেন...
এখনো দিইনি। তবে নিয়মিতই শিল্পকলাতে যাচ্ছি। আমার বন্ধুরা বেশ কয়েকটি থিয়েটার দলের সঙ্গে যুক্ত আছে। তাঁদের সঙ্গে মিশছি, আড্ডা দিচ্ছি, নাটক দেখছি। ইন্টারনেটে অভিনয় সম্পর্কে অনেক কিছু পাওয়া যায়। সেগুলো নিয়মিত দেখছি।
সাক্ষাৎকার: শফিক আল মামুন