চলচ্চিত্রই কম তৈরি হচ্ছে: আরিফিন শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ। সেখানে তিনি গিয়েছেন গত ১২ জুলাই। অংশ নেন প্রবাসী বাঙালিদের আয়োজিত ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে। অনুষ্ঠানে সংবর্ধনার পাশাপাশি ঢাকা অ্যাটাক ছবিতে কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার দেওয়া হয় তাঁকে। বাঙালিদের আয়োজনে কয়েকটি স্টেজ শোতেও অংশ নিয়েছেন শুভ। ১৫ আগস্ট তাঁর দেশে ফেরার কথা। পুরস্কার প্রাপ্তি, শোতে অংশ নেওয়াসহ সেখানকার অভিজ্ঞতার কথা মুঠোফোনে প্রথম আলোর কাছে বললেন বড় পর্দার এই অভিনেতা।
আরিফিন শুভ
আরিফিন শুভ

কেমন হলো পুরস্কার প্রদান অনুষ্ঠান?
ভালো। গত ২৯ জুলাই অনুষ্ঠানে এখানকার গভর্নরের হাত থেকে পুরস্কার নিয়েছি। ঢাকা অ্যাটাক ছবিতে অভিনয়ের জন্য প্রবাসী বাঙালিরা আমাকে এই পুরস্কার দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাঙালি ভক্তদের ভালোবাসায় আমি মুগ্ধ। তাঁরা আমাকে যে সম্মান দেখিয়েছেন, তা ভোলার নয়।

এখন কোথায় কী করছেন?
বেশ কয়েকটি শহরে শো করার কথা ছিল। কিন্তু আপাতত করছি না। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কে শো করেছি। এখন বিভিন্ন জায়গায় বেড়িয়ে সময় কাটাচ্ছি।

শোগুলোতে কী ধরনের পারফরম্যান্স করলেন?
তেমন কোনো পারফরম্যান্স করা হয়নি। মঞ্চে উঠে অনুষ্ঠানে আসা দর্শকের সঙ্গে কথা বলেছি, মজা করেছি, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি। অনুষ্ঠানগুলোতে অনেক মজা হয়েছে। দর্শকেরাও অনুষ্ঠান উপভোগ করেছেন।

‘বালিঘর’ ছবির শুটিং তো সেপ্টেম্বরে...
সেপ্টেম্বর থেকে শুরু করার কথা আছে। ছবির প্রথম ধাপের শুটিং ঢাকার আউটডোরে হবে। কিন্তু প্রযোজকদের কাছ থেকে হালকা আভাস পেয়েছি, দেশের বর্তমান পরিস্থিতির কারণে শিডিউল একটু পেছাতে পারে।

নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’ ছবিতে নাকি কাজ করবেন না?
এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। আমি শুধু প্রাথমিক গল্পটা শুনে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু চুক্তির পর থেকেই ভেতরে ভেতরে খুঁতখুঁত লাগছিল। তাই দেশে ফিরে আবারও গল্পটা নিয়ে বসব। এরপর সিদ্ধান্ত নেব, কাজটি করব কি করব না।

এখন আপনার হাতে ছবির কাজ কম কেন?
শুধু আমি কেন, চলচ্চিত্রের সব শিল্পীর ক্ষেত্রেই এক অবস্থা। কারণ, চলচ্চিত্রই কম তৈরি হচ্ছে। তবে যেসব কাজ আসছে, কাজগুলো হাতে নিলে ভীষণ ব্যস্ত থাকতে হতো। কিন্তু সেসব কাজ মন থেকে করতে ইচ্ছা করেনি। কাজ যে করতেই হবে, এমন নয়। আমি আমার বিশ্বাস থেকে বের হতে চাই না। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসেই একটি ভালো কাজের প্রস্তাব পেয়েছি। সব ঠিকঠাক থাকলে কাজটি হতে পারে। ঢাকায় ফিরে সিদ্ধান্ত নেব।

সহশিল্পী হিসেবে কার সঙ্গে কাজ করতে আগ্রহী-বাপ্পী, সাইমন, নাকি সিয়াম?
এই তিনজনের কারও সঙ্গে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। যে ছবিতে কাজ করব, ছবির গল্পে যাঁকে মানায়, তাঁর সঙ্গেই কাজ হবে।

পরিচিতজনদের কাছ থেকে পাওয়া কোন প্রশংসা নিজের কাছে অস্বস্তি লাগে?
আমাকে নিয়ে সব প্রশংসাই অস্বস্তি লাগে।

আপনি খলনায়ক হলে ওই ছবিতে নায়ক হিসেবে কাকে দেখতে চান?
আমি তো খলনায়ক চরিত্রে কাজই করব না।