অভিনেত্রী রোকেয়া প্রাচীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে এক বছরের জন্য ডিরেক্টর গিল্ড নিষিদ্ধ করেছিল অভিনয়শিল্পী প্রসূন আজাদকে। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই ক্যামেরার সামনে এসেছেন প্রসূন। শুরু করেছেন চলচ্চিত্রের শুটিং। এসব বিষয়ে আলাপ হয় তাঁর সঙ্গে।

আবারও কাজ শুরু করেছেন?
অভিনয় আমার রক্তে মিশে আছে। চাইলেও তো এটা থেকে দূরে থাকতে পারি না। সে জন্যই শুটিং শুরু করেছি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অমানুষ এবং শফিকুল ইসলামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভোলা-তেঅভিনয়শুরু করেছি।
আপনার তো কাজ করা নিষেধ, সমস্যা হচ্ছে না?
না। অভিনেত্রী রোকেয়া প্রাচীর প্রতি সম্মান দেখিয়ে অনেক দিন বসেই ছিলাম। পরে আর ভালো লাগছিল না। মজার ব্যাপার হলো, আগে অভিনয় নিয়ে সিরিয়াস ছিলাম না, এখন সিরিয়াস। আমি তো বলেছি, আমার কবর যেন এফডিসিতেই হয়।
কারণ কী?
আই লাভ এফডিসি। এটাই সবচেয়ে বড় কারণ।
কিন্তু টেলিভিশন পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড থেকে আপনাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তাঁর মেয়াদ তো শেষ হয়নি?
কদিন আগে জীবনে প্রথমবার এফডিসিতে জন্মদিন পালন করলাম। মুশফিকুর রহমান গুলজার ভাই আমার জন্মদিনে এসে শুভেচ্ছা জানিয়ে গেছেন। নতুন কাজের ব্যাপারে কথা চলছে। যদিও নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আরও ছয় মাস বাকি। হাতের কাজগুলো শেষ হলে নতুন নাটক ও চলচ্চিত্রে কাজ শুরু করব। যদিও নাটকে অভিনয়ের ইচ্ছে আমার আর নেই। চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ইচ্ছা।
অনেক দিন ক্যামেরার সামনে দাঁড়াননি। কী করেছেন এত দিন?
প্রচুর সিনেমা দেখেছি, বই পড়েছি। সত্যি বলতে, আমি তো একজন শিল্পী। তাই চাইলেও শিল্প থেকে দূরে থাকতে পারি না। আমার ভেতরে ভালো কাজ করার ক্ষুধা ও চেষ্টা আছে। সেই ক্ষুধা মেটাতে আজীবন কাজ করে যাব।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক