চিকিৎসকের কাছ থেকে সবুজসংকেত পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>শুটিংয়ে ফিরেছেন অভিনেতা রিয়াজ। গত রোববার কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। মেহের আফরোজ শাওন পরিচালিত এই ছবির শুটিং করতে গিয়েই গত ১৯ অক্টোবর হার্ট অ্যার্টক হয় রিয়াজের। এই অভিনেতার এখনকার শারীরিক অবস্থা ও সামনের কাজের পরিকল্পনা নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।
রিয়াজ
রিয়াজ

আপনার শরীরের ওপর দিয়ে বিরাট এক ঝড় গেল। এখন কী অবস্থা?
এখন মোটামুটি ভালোই আছি। চিকিৎসকের কড়া নির্দেশ, সাবধানে চলতে হবে। শরীর ও মনের ওপর চাপ পড়ে এমন ধরনের কোনো কাজ করতে মানা। আমি সেসব মেনে চলার চেষ্টা করছি।
তা হলে যে শুটিং শুরু করে দিলেন...
কৃষ্ণপক্ষ ছবিতে আমি মুহিব চরিত্রে অভিনয় করছি। আমার যে কাজটুকু বাকি আছে, তার জন্য খুব একটা পরিশ্রম করতে হবে না। চিকিৎসকের কাছ থেকে সবুজসংকেত পেয়েছি যে কাজটা আমি করতে পারব। কোনো সমস্যা হবে না। এই ছবির ক্ষেত্রে আমাদের সবারই একটা প্রতিশ্রুতির জায়গা ছিল, যে করেই হোক ১৩ নভেম্বর ছবিটি মুক্তি দেওয়া চাই। কিন্তু আমার হঠাৎ অসুস্থতায় কাজটা আর সম্ভব হলো না। যেহেতু এখন শারীরিকভাবে কিছুটা ভালো অনুভব করছি, তাই কাজটা শেষ করে দিতে চাই। জানি না, ভবিষ্যতে কী হবে!
তার মানে এরপর শুটিং করবেন না?
আপাতত ভাবছি না। আরও কিছুদিন সময় নেব। শরীরের অবস্থা বুঝে তবেই সিদ্ধান্ত নেব। আগে আমাকে ঠিক থাকতে হবে, তারপর সবকিছু। তবে শুটিংয়ে এসে একটা দারুণ অভিজ্ঞতাও হয়েছে, যা হয়তো বাসায় থাকলে টের পেতাম না।
কেমন সেটা?
আমি আজ (সোমবার) পুবাইলে শুটিং করছিলাম। শুটিং স্পটে হঠাৎ এক বৃদ্ধা বাতাসা নিয়ে হাজির। তিনি নাকি আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। শুটিং করতে এসেছি শুনে দেখা করতে চলে আসেন। এ ধরনের অভিজ্ঞতা আমার জন্য সত্যিই বিরল। এর বাইরে আমি অসুস্থ থাকার সময় আরও নানা ঘটনা নাকি ঘটেছে। দেশে ও দেশের বাইরের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার কৃতজ্ঞতা বলে শেষ করতে পারব না। আমার ধারণাই ছিল না, মানুষ আমাকে এতটা ভালোবাসেন! সবার ভালোবাসা ও দোয়ায় আমি নতুন জীবন পেয়েছি।
সাক্ষাৎকার: মনজুর কাদের