ছবি যখন বানাব বলেছি, বানাবই: সুবর্ণা মুস্তফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবর্ণা মুস্তাফা
সুবর্ণা মুস্তাফা

নন্দিত অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে তিনি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। সুবর্ণা মুস্তফা তাঁর চলচ্চিত্র নির্মাণ ভাবনা ও এখনকার চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। পাঠকদের জন্য তা তুলে ধরেছেন মনজুর কাদের ।
নির্মাতা সুবর্ণার ছবির জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে?
সিনেমা যে বানাব এটা কিন্তু নিশ্চিত। তবে আমি এখনো এর কিছুই জানি না। ছবি বানালে তো ভালোভাবে প্রস্তুতি নিয়েই বানাতে হবে। তাই অপেক্ষাটা দীর্ঘ হচ্ছে আর কি।

এখনকার সিনেমায় কী দর্শকেরা বিরক্ত?
ইদানীং যেসব ছবি নির্মিত হচ্ছে সেসব দেখতে দেখতে আমি নিজেও বিরক্ত। এখনকার ছবির সবচেয়ে বাজে দিকটা হচ্ছে গল্প বলার ধরন। সিনেমার ক্ষেত্রে খুব সাধারণ একটা সহজ হিসেব কাজ করে; তা হচ্ছে, সিনেমা দেখতে গেছি তো ভাই। সিনেমা হচ্ছে বিনোদনের মাধ্যম। বিনোদন মানেই যে অশ্লীলতা তা কিন্তু নয়। কেউ রবীন্দ্রসংগীতে বিনোদিত হন কেউ যাত্রাপালার নাচে। বিনোদনের সংজ্ঞাও কিন্তু ক্ষেত্রবিশেষে ভিন্ন। সিনেমার মাধ্যমে কোনো পরিচালক বার্তা দিন কিংবা সামাজিক সচেতনতার কথাই বলুন—সেটা খুবই ভালো। কিন্তু সবকিছুর আগে একজন পরিচালকের তো একটা গল্প বলা চাই। আমি সম্প্রতি যেসব সিনেমা দেখেছি, এর মধ্যে গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’য় একটা গল্প ছিল। এটা একটা জনপদের গল্প। আমি তো এখনকার
ছবিতে কোনো গল্পই দেখতে পাই না।

ছবিতে আর কীসের অভাব দেখতে পান?
গল্প বলাটা যেমন নেই, ঠিক তেমনি সিনেমার পর্দায় পরিচালকের উপস্থিতিও একেবারেই পাওয়া যায় না। আমাদের দেশে যেসব বাণিজ্যিক ছবির নির্মাতা ছিলেন, একটা সময় তাঁদের ছবি দেখলেই বোঝা যেত; এ ছবির পরিচালক কে? ছবির মধ্যে পরিচালকের একটা সিগনেচার থাকত। আগে সিনেমা চলত পরিচালকের নামে।
আপনার ছবিটা কোন ধরনের হবে?
আমি পুরোপুরি বাণিজ্যিকধারার ছবিই বানাব। এটা এমন একটা সিনেমা হবে, যা থেকে চলচ্চিত্র শিল্প লাভবান হবে। আমার ছবি দু-একটা সিনেপ্লেক্সে চালালাম, কয়েকটা উৎসবে প্রদর্শিত হলো, কিছু পুরস্কার পেলাম—সে ধরনের সিনেমা আমি কখনোই বানাব না। সিনেমাটা নিয়ে সত্যি আমি খুবই সিরিয়াসলি ভাবছি। এমন একটি ছবি যেটি ভালো ব্যবসা করবে এবং যে ছবি মানুষ দেখে আনন্দিত হবেন ও যে সিনেমা দেখতে নারী দর্শকেরা বারবার প্রেক্ষাগৃহে ছুটবে—তেমন এটা সিনেমা বানাতে চাই।
নারী-দর্শকেরা প্রেক্ষাগৃহে গেলে কী ব্যবসা ভালো হবে?
সিনেমা হলে মধ্যবিত্ত পরিবারের নারীদের অবশ্যই যেতে হবে। সিনেমা একবার দেখে চলে এসেছি, সিনেমা কিন্তু সেভাবে চলে না। এক ছবি বারবার দেখলেই না সিনেমার ব্যবসা হয়। আগে ম্যাটিনি শো বলতে একটা শো ছিল, যে শোয়ে মধ্যবিত্ত পরিবারের নারীরা কাজকর্ম শেষ করে প্রেক্ষাগৃহে যেতে পারতেন। এখন তা আর হয় না। আমাদের সময়ে ‘বেদের মেয়ে জোস্‌না’ ছবি নিয়ে আমরা হাসাহাসি করেছিলাম। কিন্তু একটা কথা সত্যি যে, ‘বেদের মেয়ে জোস্‌না’-র কিন্তু পুনঃপ্রচার মূল্য আছে। সিনেমা কিন্তু ওই পদ্ধতিতেই চলে।
ছবি বানানোর ক্ষেত্রে এ মুহূর্তে প্রধান বাধা ...
টাকা-পয়সা নেই। অন্য মানুষের পয়সা দিয়ে সিনেমা বানাতে চাই না। আবার সব টাকা নিজেরও হতে হবে এমনটাও নয়। একক প্রযোজক চাইব না। ছবি যখন বানাব বলেছি, বানাবই। চলচ্চিত্রে আমার যেদিন পঞ্চাশ ভাগ টাকা বিনিয়োগের সামর্থ্য তৈরি হবে, সেদিনই সিনেমা বানানোয় হাত দেব।
সে ক্ষেত্রে আপনার সিনেমার বাজেট কত?
বেশি বাজেট করব না। ইদানীং বেশি বাজেটে বিশ্রী সব ছবি হচ্ছে। এতে চলচ্চিত্রশিল্পের কোনো লাভ হচ্ছে না। উল্টো প্রযোজক নষ্ট হচ্ছে। একটা লোক এক-দেড় কোটি টাকা দিয়ে একটা ছবি বানাল, আর সেটা তিন দিন চলল না, সেই প্রযোজক তো আলু পটলের ব্যবসা করবে-আর কোনো দিন সিনেমা ব্যবসার নামও নিবে না। আমি প্রযোজক নষ্ট করতে চাই না। ডিজিটাল প্রযুক্তি আসার পর তো চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে একটা বিরাট খরচ কমে গেছে। আমি কখনোই ওইরকম হাবিজাবি বাজেটের কথা ভাবি না। আমি তা পারবও না।
ব্যবসা করার মতো ছবি বানাতে বাজেট কত হলে ভালো?
পুরোপুরি বাণিজ্যিক ঘরানার একটি ছবি বানাতে হলে বাজেট কোনোভাবেই সর্বোচ্চ এক কোটি টাকার ওপরে নেওয়া যাবে না। অভিনয়শিল্পীদের সম্মানী থেকে শুরু করে সবকিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত। একটু কমবে বরং বাড়বে না। একটা ছবি প্রেক্ষাগৃহে যাওয়া পর্যন্ত এই খরচই যথেষ্ট।