ছবিটি নতুন ধারা চালু করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশা: দ্য লিডার ছবিটি মুক্তি পায় গত সপ্তাহে। এ ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন তারিক আনাম খান। আলোচনায় এসেছে তাঁর চরিত্রটি। সে আলোচনার গতি আরেকটু বাড়িয়ে দিলেন তিনি

তারিক আনাম খান l ছবি: প্রথম আলো
তারিক আনাম খান l ছবি: প্রথম আলো

‘দেশা: দ্য লিডার’ দেখলাম। মনে হলো নায়ক বা নায়িকাকে ছাপিয়ে আপনিই প্রধান...
এটা তো আমি বলতে পারব না। দর্শক যাঁরা দেখছেন, তাঁরাই বুঝবেন। অভিনয়শিল্পী হিসেবে আমি কাজটা আনন্দ নিয়ে করেছি। পরিচালক, প্রযোজকের বেশ আন্তরিকতা ছিল। আমি আমার পক্ষে যতটুকু করা সম্ভব, করতে চেষ্টা করেছি।
আমাদের দেশে রাজনৈতিক পটভূমি নিয়ে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অনেক বাধা-নিষেধ আছে। সেদিক থেকে ‘দেশা: দ্য লিডার’ একটু সাহসী ভূমিকা রাখল কি?
হলে গিয়ে পুরো ছবিটা এখনো দেখার সুযোগ হয়নি। সেন্সর বোর্ড কতটুকু রেখেছে জানি না। তবে শুনেছি, সেন্সর বোর্ডেও ছবিটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, চলচ্চিত্রে বক্তব্যের স্বাধীনতা থাকা উচিত। ছবিটা যেহেতু রাজনীতি নিয়ে, দেশা: দ্য লিডার অবশ্যই একটা নতুন ট্রেন্ড চালু করল। এ ছবিতে ‘চৌধুরী সাহেব’ বলে হুংকার নেই, ভাই হারানো-বোন হারানো নেই...
ইদানীং চলচ্চিত্রে বেশি মনোযোগী হচ্ছেন কি?
চলচ্চিত্রে ভেবে কাজ করার সুযোগ আছে। কাজ করে আনন্দ পাচ্ছি, করছি। বেশ কিছু চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে, এ বছরই হয়তো আসবে। তবে আমার মূল প্যাশনের জায়গা যেহেতু মঞ্চ; মঞ্চ নিয়েই বেশি কাজ করতে চাই।
চলচ্চিত্র খুব এগিয়ে না গেলেও কেউ কেউ ভালো কিছু করার চেষ্টা করছেন। সেদিক থেকে টেলিভিশন কি একটু পিছিয়ে আছে?
চলচ্চিত্র, নাটক—একটা আরেকটার সঙ্গে জড়িত। চলচ্চিত্র এগোলে নাটকও নিশ্চয়ই এগোবে। নাটকের ক্ষেত্রে পাশের দেশের সঙ্গে একটা প্রতিযোগিতা আছে। অনেক মানুষ কাজ করছেন, অনেকগুলো চ্যানেল...কিছু সীমাবদ্ধতা আছে। নাটকও নিশ্চয়ই আরও উন্নত হবে।
সাক্ষাৎকার:
মো. সাইফুল্লাহ