ছবিটি যাঁরাই দেখবেন পছন্দ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মঞ্চ ও টেলিভিশন অভিনেতা শাহাদাত। বছর দুয়েক ধরে তিনি চলচ্চিত্রেও অভিনয় করছেন। তাঁর প্রথম ছবির নাম আন্ডার কনস্ট্রাকশন। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।
শাহাদাত
শাহাদাত

‘আন্ডার কনস্ট্রাকশন’ এখন প্রেক্ষাগৃহে। কেমন লাগছে?
আন্ডার কনস্ট্রাকশন আমার শুটিং করা প্রথম সিনেমা, তবে প্রেক্ষাগৃহে প্রথম মুক্তির দিক থেকে এটি দ্বিতীয়। এর আগে মুক্তি পায় সুতপার ঠিকানা। আন্ডার কনস্ট্রাকশন ছবির শুটিং শুরুর সময় আমি নাটকের কাজ বন্ধ করে দিয়েছিলাম। টানা ছবিটির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ছবিটি যাঁরাই দেখবেন পছন্দ করবেন। কারণ, এরই মধ্যে দেশ-বিদেশের বিভিন্ন উৎসবেও ছবিটি প্রশংসিত হয়েছে।
আপনি তো আরও কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন।
হ্যাঁ, এরই মধ্যে আমি আরও তিনটি ছবির কাজ করেছি। ছবিগুলো হলো মিজানুর রহমান লাবুর নুরু মিয়া ও তাঁর বিউটি ড্রাইভার, রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে তাহের শিপনের একাত্তরের নিশান ও তাহসিন শামসের দেহ স্টেশন।
নাটক ও চলচ্চিত্রের মধ্যে কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন?
আমি টিভি নাটককে প্রাধান্য দিতে চাই। কারণ, চলচ্চিত্রের অবস্থা এখন মোটেও ভালো বলে মনে হয় না। আমার কাছে মনে হয়, এখনকার প্রেক্ষাপটে টিভি নাটকে অভিনয় করে যে দর্শক–প্রতিক্রিয়া পাওয়া যায়, সিনেমা থেকে তা পাওয়া যায় না। এ নিয়ে আমার বিরক্তিকর অভিজ্ঞতাও হয়েছে।

বিরক্তিকর অভিজ্ঞতা কেমন?
নাটকের শুটিং থেকে ছুটি পেয়ে মাস দুয়েক আগে একদিন প্রেক্ষাগৃহে ছবি দেখার ইচ্ছা হয়। বাসা থেকে বের হয়ে যমুনা ব্লকবাস্টারে যাই। সে সময় প্রেক্ষাগৃহে তিনটি বাংলা ছবি চলছিল। কিন্তু দর্শক না থাকায় সেদিন কর্তৃপক্ষ তিনটি ছবিরই শো বাতিল করে দিতে বাধ্য হয়।
সাক্ষাৎকার: মনজুর কাদের