ছাগল আখখেতে বন্দী হওয়াই যুক্তিযুক্ত

ক্লোজ আপ ওয়ান ২০১২ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন লায়লা। বহুদিন পর 'আখখেতে ছাগল বন্দী' শিরোনামে একটি লোকগান গেয়ে নতুন করে মানুষের সামনে আসেন এই তরুণ গায়িকা। সম্প্রতি প্রথম আলোর ফেসবুক পেজে করোনা–সচেতনতায় গীতিকার কবির বকুলের লেখা গানটির প্যারোডি গেয়ে নতুন করে আলোচিত হন তিনি। 'সব মানুষ ঘরে বন্দী' গানটির ভিউ ১৭ লাখ ছাড়িয়েছে। লায়লা কথা বললেন গান ও নিজের ক্যারিয়ার নিয়ে।
ছাগল কি আখখেতে বন্দী নাকি আক্কেলে বন্দী?
লোকগান শ্রুতিনির্ভর। এগুলো মানুষের মুখে মুখে বদলে যায়। মানুষের মুখে মুখে টিকে থাকে। কেউ গেয়েছেন আখখেতে, কেউ আক্কেলে, কেউ জলে বন্দী, কেউ গেয়েছেন জালে বন্দী। লালন সাঁইয়ের অনেক গানও অনেক জায়গায় অনেক রকম করে গাওয়া হয়।
গানটা প্রথম কোথায় শুনেছিলেন?
২০১৮ সালের শুরুর দিকে নওগাঁয় এক অনুষ্ঠানে গিয়ে প্রথম গানটা শুনি এক ফকিরশিল্পীর কণ্ঠে। গানটা ভালো লাগে, তাঁর কাছ থেকেই গানটা সংগ্রহ করি। খুঁজে দেখেছি, ইউটিউব বা কোথাও পাইনি। তখন আমি গানটা আমার মতো করে গাওয়া ও ভিডিও করার সিদ্ধান্ত নিই। এর মধ্যে মিরাক্কেল-এর আরমান ভাইয়ের একটা ভিডিওতে শুনলাম তিনি গেয়েছেন, 'আক্কেলে ছাগল বন্দী…'। আমি বড়দের সঙ্গে কথা বলেছি, তাঁরা সবাই বলেছেন, ছাগল আখখেতে বন্দী হওয়াই যুক্তিযুক্ত। গানটা মানুষ পছন্দ করেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
এর প্যারোডিটাও বহু মানুষের কাছে পৌঁছেছে, দেখেছেন?
হ্যাঁ, প্রথম আলোর ফেসবুকে পেজের জন্য গেয়েছিলাম। বহু মানুষের কাছে সচেতনতার বার্তা গেছে, এটাও একটা বড় ব্যাপার।
আপনার মৌলিক গান করেন না কত দিন?
আমার জীবনের প্রথম মৌলিক গান 'আমি তোমার হাতের ঘুড়ি হব'। কাজল আহমেদের লেখা ও ফুয়াদ নাসের বাবু স্যারের সুরে এই গান এখনো অনেকে শুনতে চান। সুযোগ পেলে বিভিন্ন অনুষ্ঠানে গানটা করি।
বড় এক প্রতিযোগিতায় বিজয়ী হয়েও আপনি অন্তরালে রয়ে গেলেন কেন?
আমাদের ওই বছরের প্রতিযোগিতাটা নানা কারণে খুব একটা লাইমলাইটে আসেনি। কিন্তু আমি অন্তরালে চলে যাইনি। নিয়মিত গান করছি, দেশ-বিদেশে কনসার্টে গান করেছি, পাশাপাশি লেখাপড়াও চালিয়ে গেছি।
সংগীতের শিক্ষার্থী হিসেবে লোকগান নিয়ে কিছু করতে চান?
কেবল সংগীতের শিক্ষার্থী হিসেবে নয়, লোকগানের শিল্পী হিসেবে আমার ইচ্ছা, দেশের প্রত্যন্ত অঞ্চলে যাঁরা ভালো গান বাঁধেন, কিন্তু পরিচিতি নেই, সেই শিল্পীদের সামনে নিয়ে আসতে চাই।