>শাকিব খানের সঙ্গে কথা বলার পর তাঁর তোলা কিছু প্রশ্ন নিয়ে প্রথম আলো মুখোমুখি হয় অপু বিশ্বাসের। গতকাল তাঁর গুলশান নিকেতনের বাসায় প্রশ্নগুলোর উত্তর দেন অপু বিশ্বাস
প্রশ্ন: শাকিব খান বলেছেন, তিনি তাঁর সন্তানের দায়িত্ব নেবেন, আপনার দায়িত্ব নেবেন না। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
উত্তর: শাকিব আমার সন্তানের দায়িত্ব নিয়েছে, এতেই আমি খুশি। আমার দায়িত্ব নেওয়া না-নেওয়া নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি একজন স্বাধীন নারী।
প্রশ্ন: শাকিব খানের দাবি, আপনি চার-পাঁচটা সিনেমা হাতে নিয়েছেন। একটা প্রতিপক্ষ গ্রুপের স্বার্থসিদ্ধির জন্যই নাকি আপনি এমনটা করেছেন?
উত্তর: এটা পুরোপুরি মিথ্যা। আমি মোটেও চার-পাঁচটা ছবি হাতে নিইনি। একজন মা যে কাজ করতেন, আমি সেই কাজটা করেছি শুধু। আমার বাচ্চার বয়স এখন সাত মাস। আর কয়েক মাস পর ওর জন্মদিন পালন করতে হবে। তখন আমি পরিচিতজন সবাইকে জানাব। এভাবে লুকিয়ে আর কত দিন? ছেলের কথা চিন্তা করে আমি এই কাজ করেছি। আমি খুবই খুশি যে বাচ্চা তার বাবাকে ফিরে পেল। এটা হওয়া সবচেয়ে জরুরি মনে হয়েছিল। আমি কোনো গ্রুপ-ট্রুপ চিনি না।
প্রশ্ন: শাকিব খান এও বলেছেন, আপনি তাঁকে অসম্মানিত করেছেন।
উত্তর: তাকে অসম্মানিত করার প্রশ্নই আসে না। কারণ সে আমার স্বামী। সে আমার সন্তানের বাবা। সন্তানের ভালোর কথা ভেবে আমি এই কাজ করেছি।
প্রশ্ন: শাকিব খান এও বলেছেন, তিনি নাকি মিম, মাহি, শখসহ অন্যদের সঙ্গে সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন। তখন আপনি তা করতে দেননি। আপনি নাকি তাঁকে চাপের মধ্যে রেখেছিলেন?
উত্তর: এটা পুরোপুরি বানোয়াট। আমি কখনোই এমনটা করিনি। আমি কাজের ব্যাপারে শাকিবকে সব সময় স্বাধীনতা দিয়েছি। সে স্বাধীনভাবে কাজ করেছে। এখনো করছে।
প্রশ্ন: বিয়ের খবর প্রকাশ করেছেন বলে শাকিব খান বিরক্ত হয়েছেন।
উত্তর: আমার যেটা দরকার ছিল, সে আমার স্বামী, আমার একটা সন্তান আছে, আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে—এসবের স্বীকৃতি, সেটা আমি পেয়ে গেছি। তা ছাড়া আমার সামাজিক অবস্থান ও সন্তানের বেড়ে ওঠার পরিবেশ নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম। সে আজ বিরক্ত, পরে হয়তো ঠিক হয়ে যেতে পারে।
প্রশ্ন: শাকিব বলেছেন, তাঁর বলিউড মিশন ও অভিনয়ের ক্যারিয়ার নষ্ট করার জন্যই আপনি এটা করেছেন।
উত্তর: এ ধরনের ইচ্ছে আমার মধ্যে কখনোই ছিল না। এখনো নেই। আমি তার ভালো চাই। আমি অতীতেও শাকিবের ভালো চেয়েছি, এখনো ভালো চাই, ভবিষ্যতেও তার ভালো চাইব।