>গতকাল ছিল নন্দিত অভিনেত্রী ববিতার জন্মদিন। এই দিনে তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। ১৯৬৮ সালে জহির রায়হানের সংসার ছবিতে শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় তাঁর অভিষেক। সেখানে তিনি অভিনয় করেছিলেন রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে। গতকাল শনিবার বিকেলে জন্মদিন ও চলচ্চিত্রজীবন নিয়ে বেশ কিছু কথা বললেন এই অভিনেত্রী।
শুভ জন্মদিন, আপা।
ধন্যবাদ।

কীভাবে কাটালেন সারাটা দিন?
গত কয়েক বছর কানাডায় ছেলে অনিকের সঙ্গে জন্মদিন পালন করেছি। এবার সে সঙ্গে নেই। ওকে খুব মিস করেছি। তবে স্কাইপেতে কথা হয়েছে। পরিচিত জন ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন। দুপুরের পর বাসায় এসেছিলেন বিশেষ কয়েকজন অতিথি। তাঁদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি।
তাঁরা কারা?
বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সংস্থা ‘ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল’-এর (ডিসিআইআই) শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছি। সংস্থাটি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে। জন্মদিনে এই শিশুরাও আসে। তাদের সঙ্গে আড্ডা দিই, খাওয়াদাওয়া করি। দারুণ সময় কাটে। জন্মদিনে ওরা আমাকে গান শোনায়, নাচ করে। ওদের পড়ালেখার খবর জানায়। শুধু তা-ই নয়, ওরা নিজেদের স্বপ্ন ও ইচ্ছার কথাও আমাকে জানায়। ঈদ বা অন্যান্য বিশেষ দিনেও এই শিশুরা আমার বাসায় আসে।
চলচ্চিত্র নিয়ে এখনকার ভাবনা কী আপনার?
দেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে আমি চিন্তিত। ডিজিটালের নামে বাংলাদেশি সিনেমা যে কোন দিকে যাচ্ছে, বুঝতে পারছি না। সেই পুতুলখেলার বয়সে আমি অভিনয়ে যুক্ত হয়েছি। কাজ নিয়ে সিরিয়াস ছিলাম। বরাবরই চেষ্টা করে গেছি ভালো ছবিতে অভিনয়ের। অনেকে হয়তো ভাবেন, সিনেমায় অভিনয় করে আমি অনেক টাকা কামাব। আমার ভেতরে সে রকম কোনো ব্যাপার কখনো কাজ করেনি।
সাক্ষাৎকার: মনজুর কাদের