জানি বাংলাদেশ জিতবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মারিয়া নূর
মারিয়া নূর

আজ আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ঝালমুড়ির ৫০তম পর্ব। এতে অভিনয় করেছেন মারিয়া নূর। এ ছাড়া আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ নিয়ে গাজী টিভিতে ‘ক্রিকেট এক্সট্রা’ নামে একটি অনুষ্ঠানও উপস্থাপনা করবেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে।

‘ঝালমুড়ি’তে অভিনয় করে কেমন সাড়া পাচ্ছেন?
খুবই ভালো। আমি তো হাতে গোনা কাজ করি। এর মধ্যে ঝালমুড়িতে অভিনয় করে ভালো লেগেছে। নাটকে আমার স্বামী সুমন পাটওয়ারী। তাঁর সঙ্গে অভিনয় করাও বেশ মজার। তবে নাটকটি আর দুই পর্ব পরেই শেষ হয়ে যাচ্ছে। এ জন্য খানিকটা খারাপ লাগছে।
আজ থেকে তো বাংলাদেশ ও জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। কী মনে হয়, বাংলাদেশ কেমন করবে?
আমি জানি, বাংলাদেশ প্রতিটি ম্যাচই জিতবে। দেশে যেকোনো টুর্নামেন্টে আমি নিয়মিত মাঠে গিয়ে খেলা দেখি এবং ‘ক্রিকেট এক্সট্রা’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করি। এবারও করব। কিন্তু এবারের ম্যাচগুলো খুলনায় হওয়ায় মাঠে উপস্থিত থাকা হবে না। আর বাংলাদেশ দল সম্পর্কে আমার পূর্ণ ধারণা আছে। এই দল অবশ্যই জিতবে। আমার সৌভাগ্য হলো, বাংলাদেশের ক্রিকেটের খুব ভালো সময়ে আমি উপস্থাপনা করার সুযোগ পেয়েছি।
উপস্থাপনা, না অভিনয়? কোনটাতে মারিয়া নূরকে নিয়মিত দেখা যাবে?
আমার জায়গা উপস্থাপনা। আমি অভিনয় করি খুবই কম। তাও নিতান্ত ভালো লাগা ও অনুরোধ থেকে। কারণ আমি মনে করি, যে বিষয়ের চর্চা নেই, সেটা নিয়ে মাঠে নামা উচিত নয়। আমার কিন্তু অভিনয় নিয়ে চর্চা নেই। তাই আমাকে অভিনয়ে দেখা যাবে না বললেই চলে।
নতুন কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছেন কি?
‘ক্রিকেট ৩৬০’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এটির এখনো প্রচার শুরু হয়নি। আগামীকাল বা তার পরের শনিবার থেকে গাজী টিভিতে প্রচার শুরু হতে পারে। এটি ক্রিকেট-বিষয়ক অনুষ্ঠান। ক্রিকেট যাঁরা ভালোবাসেন, তাঁদের নিশ্চয় ভালো লাগবে অনুষ্ঠানটি।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক