জাভেদ আখতারের সঙ্গে এক সন্ধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাইফি অউর ম্যায়’ পরিবেশনায় জাভেদ আখতার। গত বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে
‘কাইফি অউর ম্যায়’ পরিবেশনায় জাভেদ আখতার। গত বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে

কে বলবে, কিছুক্ষণ আগেই মঞ্চে কাইফি অউর ম্যায় পরিবেশন করে এসেছেন জাভেদ আখতার আর শাবানা আজমি। ২৫ অক্টোবরের সন্ধ্যায় উঁচু মঞ্চ আরও কী অসম্ভব উঁচুতে উঠে গিয়েছিল-তাঁদের সজীব পরিবেশনায়, কাইফি ও শওকত আজমির রোমাঞ্চভরা আত্মকথায়, কবিতা-গান-বাচনের অপরূপ বুনটে। দর্শক হিসেবে তার আবেশ এখনো জেগে আছে আমার শরীরে। সে আবেশ থাকতে থাকতেই ঢুকে পড়েছি তাঁদের নৈশভোজের আয়োজনে, যদি এক ফাঁকে কথা বলার সুযোগ করে নেওয়া যায়।

অনুষ্ঠানের আয়োজক ব্লুজ কমিউনিকেশনসের কর্তা ফরহাদুল ইসলাম আগেই জানিয়েছেন, জাভেদ আর শাবানা সাফ বলে দিয়েছিলেন এ যাত্রায় কোনো সাক্ষাৎকার তাঁরা দেবেন না। কাজেই পুরোটাই ভাগ্য। খাওয়ার আসরে যদি কোনোমতে সুযোগ করে নেওয়া যায়।

জাভেদ আখতারের জন্য এই ঝুঁকিটুকু না নেওয়ার কোনো মানে আছে? তাঁর চিত্রনাট্যের জাদুতে ১৯৭১ সাল থেকে মুম্বাইয়ের ছায়াছবির রমরমা আগের সব মাইলফলক ভাসিয়ে নিয়ে যায়। ১৯৮২ সাল অব্দি জনপ্রিয় নায়ক সালমান খানের বাবা সেলিম খানের সঙ্গে যৌথভাবে, এরপর তাঁর একাকী কলমে। আগের সাত প্রজন্ম কবি ছিল, তবু নিজে কখনো কবিতা বা গান লেখার কথা ভাবেননি। সিলসিলা ছবির জন্য পরিচালক যশ চোপড়া জবরদস্তি করে গান লেখান। প্রথম ছবিতেই বাজিমাত। এরপর কত গান লিখেছেন ইয়ত্তা নেই। গত সাড়ে তিন দশকের জনপ্রিয় হিন্দি গানের এক বড় অংশ বেরিয়েছে তাঁরই ঝুলি থেকে। গান লিখতে লিখতে এসেছেন পূর্বপুরুষের মূল জমি কবিতায়। মৌলিক কবিতার বই তিনটি। সব মিলিয়ে ১১টি বই।

জাভেদ আখতার আর শাবানা আজমি খাচ্ছিলেন অর্থনীতিবিদ রেহমান সোবহান আর রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহানের সঙ্গে এক টেবিলে বসে। খাওয়া শেষ। ফাঁকা পেয়ে ত্বরিতগতিতে জাভেদ আখতারের পাশের আসনটি দখল করে নিয়েছি। সেলফি-শিকারিরা ততক্ষণে ঝাঁপিয়ে পড়েছে তাঁর ওপর। সেই জটপাকানো ভিড়ের মধ্যেই আলাপ শুরু করি।

‘কাইফি আজমি আর আপনার কবিতার ভাষা, অনুভব, দৃষ্টিভঙ্গি সব আলাদা। কাইফি ছিলেন বামপন্থার সংগ্রামী ধারায়, আপনি ছায়াছবির জনপ্রিয় ধারায়। কাইফির কবিতা সামাজিক, আপনার ব্যক্তিগত। কাইফি অউর ম্যায়তে কাইফি আজমির কবিতা পরিবেশনার সময় কবি হিসেবে আপনি কেমন অনুভব করেন?’
উত্তরে পাল্টা প্রশ্ন করেন জাভেদ আখতার, ‘কেউ যখন রবীন্দ্রনাথ বা নজরুলের কবিতা পড়েন, তাঁকে কি তখন রবীন্দ্রনাথ বা নজরুলই হতে হয়? পাঠক হিসেবে কবিতা পড়ার মানেই তো অন্যের আয়নায় নিজেকে নতুন চেহারায় আবিষ্কার করা।’

এবার তাঁকে একটু ব্যাখ্যা করে বলি, ‘কিন্তু এখানে তো আপনি নিছক পাঠক নন। কাইফি আর দর্শক-শ্রোতার মাঝখানে একটি যোগসূত্র। কাইফির একটি ভাষ্য আপনি তুলে ধরছেন তাঁদের সামনে।’

জাভেদ এবার একটু ভাবেন। দূরের আরেকটি টেবিলে বসেছেন শাবানা আরও কয়েকজনের সঙ্গে। গুনগুন করে একটি রবীন্দ্রসংগীতের সুর তুলেছেন কণ্ঠে। সবাই অবাক হয়ে শুনছেন, বাংলা উচ্চারণে ও সুরে সামান্য জড়তাও সেখানে নেই। জাভেদও সেদিকে তাকান, এরপর জবাব দেন, ‘ঠিকই বলেছেন, আমি যে কাইফিকে তুলে ধরছি, তিনি আমার অনুভবেরই কাইফি। তাঁকে আমি একান্তভাবে আমার মতো করে যে পেয়েছি, সেটা ব্যক্তিগত পাঠক হিসেবেই। সেখানে মিশে আছে অসামান্য একজন মানুষ হিসেবে কাইফিকে আমি যেভাবে পেয়েছি, সেটাও। দর্শকের সামনে যখন দাঁড়াচ্ছি, কাইফির সঙ্গে সেই ব্যক্তিগতভাবে বোঝাপড়ার উপলব্ধিটুকু কাজ করেছে।’

শওকত আজমির আত্মস্মৃতি ইয়াদ কি র‍্যাহগুজার আর কাইফি আজমির টুকরো স্মৃতি, সাক্ষাৎকার নিংড়ে এই মঞ্চপরিবেশনার গ্রন্থনা জাভেদ আখতারের নিজ হাতে করা। ‘এই মঞ্চপরিবেশনাটি শুরু হয়েছিল কী করে?’

‘আমি কিন্তু মোটেই এই গ্রন্থনার কাজটি করতে চাইনি। কারণ আমি চলচ্চিত্র বুঝি, কিন্তু থিয়েটার একদম নয়। এর জন্য কীভাবে লিখতে হয় তার কিছুই জানি না। ২০০২ সালে কাইফি আজমি মারা যাওয়ার পর গণনাট্য সংঘের লোকেরা এসে বললেন, তাঁকে শ্রদ্ধা জানাতে কিছু করতে চান। এই সংগঠনের সঙ্গে উপনিবেশ আমল থেকে তিনি জড়িত ছিলেন। সভাপতিও হয়েছিলেন। বললাম, ভালো, আপনারা করুন। আমার যা সহযোগিতা লাগে, করব। তবে আগে কাইফি আজমির সাক্ষাৎকার আর নিজেকে নিয়ে ছোট ছোট স্মৃতিকথাগুলো জড়ো করুন।’

কিন্তু কাইফির জোগাড় করা টুকরো-টাকরায় গণনাট্য সংঘের লোকেরা খেই হারিয়ে ফেললেন। ফলে নিজে না জড়িয়ে জাভেদের আর উপায় রইল না। তবে ভাগ্যিস, শওকত আজমির আত্মজীবনীটি হাতে ছিল।

‘শওকত আজমির আত্মজীবনীটি কি তাঁর নিজেরই লেখা? নাকি কোনো সহলেখক এর মুসাবিদা করেছেন?’

‘আরে না, না। কী বলছেন! পুরোটা নিজের হাতে লিখেছেন। দারুণ না তাঁর অভিব্যক্তি?’

কাইফি অউর ম্যায় ভারতবর্ষের বামপন্থী রাজনীতির ঘটনাবহুল পটে কাইফি আর শওকত আজমির সম্পর্কের আনন্দ-বিষাদময় উন্মোচন। কাইফি আর শওকতের নিজ নিজ বয়ান যুগল স্রোতের মতো এতে হাত ধরাধরি করে বয়ে চলেছে।

‘গণনাট্য সংঘ কাইফি আজমিকে শ্রদ্ধা জানাতে এমন একটি পরিবেশনার কথা ভেবেছেন, সেটি সমাজের দিক থেকে তাঁদের দায়। কিন্তু শাবানা তাঁদের মেয়ে, আপনি তাঁদের জামাই। আপনারা একই পরিবার। তা ছাড়া আপনার বাবা জান নিসার আখতার কাইফি আজমি তো শুধু একই প্রজন্মের কবি নন।

পারিবারিকভাবেও তাঁরা ঘনিষ্ঠ ছিলেন। তাই শাবানা আজমি আর আপনি যখন এটি পরিবেশন করেন, তখন তো ব্যক্তিগত আবেগ এটিকে স্পর্শ না করে পারে না। আপনাদের দিক থেকে এর অভিজ্ঞতা কেমন ছিল?’

‘সেটি বলে বোঝাতে পারব না। দেখুন, শুরু থেকে এ পর্যন্ত এক শর বেশিবার মঞ্চস্থ হয়েছে এটি। আমি তো পারফরমার নই। কীভাবে সম্ভব হলো?’

কীভাবে সম্ভব হলো, তার ব্যাখ্যা দেওয়ার আগেই শাবানা আজমি এসে আবার যোগ দিলেন টেবিলে। সঙ্গে রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। শাবানার অনুরোধে খালি গলায় রবিবাবুর একটি টপ্পা ধরেছেন শামা রহমান। জাভেদকে কি না শুনিয়ে পারেন! এরপর আরও আরও গান। গানে গানে ঘুমাতে যাওয়ার সময় ঘনিয়ে আসে। জাভেদ আখতারের জবাব দেওয়ার আর সুযোগ হয় না।

জবাব দিতে না পারলেও পরের দিন জাভেদ আখতারের কাছ থেকে আসে অভিনব এক উপহার। তাঁর কবিতার ইংরেজি অনুবাদের বই, ইন আদার ওয়ার্ডস, নিজ হাতে স্বাক্ষর করা।