>

সম্প্রতি প্রকাশিত হলো বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার সিডি আকারে প্রথম একক অ্যালবাম মা। প্রযোজনা প্রতিষ্ঠান যাত্রা বের করেছে এটি। যাত্রার প্রতিষ্ঠাতা শিল্পী আনুশেহ আনাদিল বলেন, প্রায় দেড় বছর ধরে এই অ্যালবামের কাজ হয়েছে। সিডির পাশাপাশি গানগুলো পাওয়া যাবে kangalinisufia.com ওয়েবসাইটেও। প্রথম আলোর সঙ্গে কাঙালিনী সুফিয়া কথা বললেন তাঁর অ্যালবাম নিয়ে। মাটির মানুষ এই শিল্পী যে ভাষায় কথা বলেছেন, সেভাবেই প্রকাশিত হলো সাক্ষাৎকারটি
অনেক দিন পর আপনার একটি অ্যালবাম প্রকাশিত হলো। কেমন লাগছে?
আমার মা আনুশিয়ার (শিল্পী আনুশেহ) জন্য এ অ্যালবাম হইসে। আরও অনেক আগে আমার কিছু অডিও ক্যাসেট অ্যালবাম বার হইসিল। মা আনুশিয়াই এই প্রথম আমার একক সিডি বাইর করসে। খুব ভালো লাগসে।
অ্যালবামের নাম ‘মা’ কেন?
ওই যে একটা গান গাইসিলাম, ‘মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা’। তাই এই নাম দিসি। সিডির মধ্যে ১১টা গান আছে। আমার নিজের কিছু বাউলগান আছে। লালনের গান আছে, বিজয় সরকারের গান আছে। আমার নিজস্ব গানই বেশি।
আপনি অনেক দিন অসুস্থ ছিলেন। এখন কেমন আছেন?
ভালো আছি। এখন গান গাইতে পারি। আমি তো একদম পড়ে গেসিলাম। এখন এই সিডিটা দিয়া যদি আমায় কেউ চিনতে পারেন...
আপনার নাতিকে নিয়ে একটা গান আছে এ অ্যালবামে।
১১ বছর আগে আমার আদরের নাতিটা মারা যায়। গান আমি আগেও গাইতাম, কিন্তু তখন অত উৎসাহ ছিল না। নাতি চলে যাওয়ার পর থেকেই আমি বেশি করে গান গাই। ওই গানটাই বেশি গাইতাম, ‘ও কি ময়নারে/ কেন রে যাবি রে ময়না পিঞ্জিরা ছাড়িয়া’। আমার নাতি এই গানটাই পছন্দ করত।
আপনার গুরু কে ছিলেন? আপনি কারও কাছে গান রেখে যাচ্ছেন?
আমার গুরু ছিল গৌর মহন্ত ও দেবেন খ্যাপা। তাঁদের কাছে আমি গান শিখসি। আমার কোনো শিষ্য নাই। আমার ডাক শুনে কেউ যদি না আসে, আমার কিছু করার নাই। জোর করে পিরিত হয় না। কেউ যদি আমার গান ভালোবেসে কাছে আসে, তাইলে আমি শিখাইতে পারি।
অ্যালবামে লালনের গানে আছে, ‘বাড়ির পাশে আরশিনগর, সেথা পড়শি বসত করে’। আপনি সে পড়শির দেখা পেয়েছেন?
সেটা কি আর সহজে কেউ পায়? আশায় আছি, এখন না পাই, মরণের পরে পাব। আশাই তো সবকিছু। তার সাধনায় যখন আছি, দেখা যাক, সে পড়শির দেখা পাই কি না।
সাক্ষাৎকার: প্রণব ভৌমিক
আরও পড়ুন:
যখন গানে টান দেই, তখন এই দেশে বিরাজ করি না