টাকার হাতছানি থেকে সরে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানে গানে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের ১৪তম আসর বসছে কাল শুক্রবার। এবার সিটিব্যাংক এনএ বাংলাদেশ আয়োজিত এই সম্মাননা গ্রহণ করবেন কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। বিকেলে ঢাকার একটি পাঁচ তারা হোটেলে শিল্পীর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। সংগীত ও সম্মাননা নিয়ে গতকাল প্রথম আলোর সঙ্গে কথা বলেন এই শিল্পী
ফেরদৌস ওয়াহিদ
ফেরদৌস ওয়াহিদ

ফেরদৌস ভাই, অভিনন্দন আপনাকে।
ধন্যবাদ। আমার ৪২ বছরের সংগীতজীবনে বড় ধরনের কোনো স্বীকৃতি পাইনি। এটাই প্রথম। অনুষ্ঠানে আমার ছেলে হাবিব আমাকে ট্রিবিউট করে একটা গান গাইবে।

কোন গানটা?
আমার গাওয়া গানগুলোর মধ্যে হাবিবের সবচেয়ে প্রিয় ‘আগে যদি জানতাম’, সে এই গানটি গাইবে। এক মঞ্চে বাবা-ছেলে গাইব—এটা দারুণ আনন্দের। আমি নিজে গাইব ছয়টা গান। এগুলোর মধ্যে আছে ‘এই যে দুনিয়া’, ‘সাজিয়ে গুজিয়ে’, ‘এমন একটা মা দে না’, ‘মা মুনিয়া’।

স্বীকৃতি না পাওয়ায় কি কোনো অতৃপ্তি ছিল?
অতৃপ্তি বলব না, একটা ছায়া দুঃখবোধ ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই সম্মাননা প্রাপ্তির মাসখানেক আগে থেকে কেন জানি আমার গানের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। সব টেলিভিশন থেকে ডাকাডাকি করছে। আয়োজকেরা হাবিবের সঙ্গে আমাকেও চায়।

৪২ বছরের সংগীতজীবনে যখন পেছনের দিকে তাকান, কী মনে হয়?
সুখ-দুঃখ, পাওয়া না-পাওয়া—এই নিয়েই তো মানুষের জীবন। যখন মানুষের ভালোবাসা আসে, সুখ অনুভব করি। জাগতিক কোনো স্বীকৃতি না এলে কিছুটা দুঃখ লাগে। সংগীতজীবনের শুরুর দিকে অনেকে উৎসাহ দিয়েছেন, সেই স্মৃতি মনে পড়ে। পাশাপাশি যারা বলেছিল, আমাদের কারণে সংস্কৃতি রসাতলে গেছে, তাদের কথাও মনে পড়ে।

আপনার চোখে বাংলাদেশের গানের অবস্থা এখন কেমন?
আমার তো মনে হয় উৎকর্ষের দিকে যাচ্ছে। গানের মান নিয়ে সন্দেহ এ কারণে যে এখন সবাই সৃজনশীলতার চেয়ে বাণিজ্যিক চিন্তাধারা নিয়ে বেশি কাজ করে। এটাও ঠিক যে আমাদের তরুণেরা ভালো করছে। ওদের বলতে চাই, তোমরা অনেক প্রতিভাবান। টাকার চেয়ে গানকে বেশি ভালোবাসো। এমনকি হাবিব ওয়াহিদকেও বলছি। মোটকথা, টাকার হাতছানি থেকে সরে আসতে হবে।

বাবা-ছেলে যখন এক মঞ্চে গান করেন, কেমন লাগে?

এ বছর দেশের বাইরে কয়েকটি অনুষ্ঠানে গান করেছি। পাঁচটা অনুষ্ঠানে গাইতে আগামী বছরের এপ্রিলে কানাডায় যাচ্ছি। ফেরদৌস ওয়াহিদ আর হাবিব ওয়াহিদ একসঙ্গে আছে জানলে দর্শকেরা বাড়তি আকর্ষণ অনুভব করেন। পুরোনো আর নতুন প্রজন্মের সবাই আসেন। নতুনেরা, যাঁরা আমাকে চেনেন না, তাঁরা নতুনভাবে চেনেন। আবার যাঁরা আমাকে চেনেন, তাঁরা বাবা-ছেলের মধ্যে তুলনা করতে শুরু করেন। এটাতে খুব মজা পাই। ভাবতে থাকি, আমার কোলের সেই ছোট্ট হাবিবের নেতৃত্বে পাশাপাশি গাইছি। সে আমাকে ধরিয়ে দিচ্ছে, সহযোগিতা করছে, আর ৬৫ বছরের আমি ওর কাছে একটা শিশু। এসব ভাবতেই ভীষণ আনন্দ হয়।

সাক্ষাৎকার: মনজুর কাদের