
বৈঠকি ঢঙে আয়োজিত গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’-তে আজ গাইবেন প্রিয়াংকা গোপ। কৌশিক শংকর দাসের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে সরাসরি, রাত ১১টায়। তবে শুধু টেলিভিশনে গানের অনুষ্ঠানেই নয়, প্রিয়াংকা গোপ ব্যস্ত তাঁর অ্যালবাম এবং বিভিন্ন সংগীত উৎসবে সংগীত পরিবেশন নিয়ে। এসব নিয়েই কথা বললেন তিনি।
‘তোমায় গান শোনাব’ অনুষ্ঠানে কোন গানগুলো করার প্রস্তুতি নিয়েছেন?
বরাবরের মতো আমার নিজের ঘরানার গানগুলোকেই গুরুত্ব দেব। অর্থাৎ রাগপ্রধান গান তো থাকবেই। পাশাপাশি আধুনিক গান করারও প্রস্তুতি নিচ্ছি। অনুষ্ঠানটি খুব ভালো, আশা করছি ভালো অভিজ্ঞতা হবে।
‘মানুষ এখন আগের মতো টেলিভিশন দেখে না’—এমন অভিযোগ হরহামেশাই শোনা যায়। এসব শুনেও টিভি অনুষ্ঠান করতে আগ্রহ পান?
অন্য অনুষ্ঠানের ব্যাপারে মন্তব্য করতে পারব না। তবে টেলিভিশনে দর্শকেরা কিন্তু গানের অনুষ্ঠান প্রচুর দেখেন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। কোনো মঞ্চ অনুষ্ঠানে গাইলে তো তাৎক্ষণিক ভালো লাগার কথাগুলো শুনি শ্রোতাদের কাছ থেকে। কিন্তু একটা টিভি অনুষ্ঠানের পর শ্রোতাদের কাছ থেকে পাওয়া যায় অপ্রত্যাশিত সব ভালো লাগার কথা। দূরদূরান্ত থেকে দর্শক-শ্রোতারা তাঁদের প্রতিক্রিয়া জানান। তাই দর্শক-শ্রোতারা টেলিভিশনে গানের অনুষ্ঠান দেখেন না, এটা আমি মানতে নারাজ।
তাহলে টেলিভিশন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন?
না, টিভিতে তো অত বেশি অনুষ্ঠান করা হয় না। লাইভ অনুষ্ঠানের চেয়ে রেকর্ডেড অনুষ্ঠান করা হয় তুলনামূলক বেশি। তা ছাড়া এখন সংগীত উৎসবগুলো নিয়ে ব্যস্ত থাকা হচ্ছে। ডিসেম্বরে ছায়ানটের শাস্ত্রীয় গানের উৎসবে অংশ নেব। চট্টগ্রামে সদারঙ্গ উচ্চাঙ্গ পরিষদের শাস্ত্রীয় গানের উৎসব আছে জানুয়ারিতে। তবে উৎসবগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিজের অ্যালবামের কাজও এগোচ্ছি।
নতুন অ্যালবাম আসছে আপনার?
দুটি একক অ্যালবামের কাজ করছি। একটি আসছে ব্যক্তি উদ্যোগে। মুজাহিদুল লেনিনের কথা-সুরে এটি হবে আমার মৌলিক গানের অ্যালবাম। লেনিনের উদ্যোগেই এটি আসছে। অ্যালবামের নাম আপাতত ঠিক করা হয়েছে অনুরাগ। আরেকটি অ্যালবাম আসছে জি-সিরিজের ব্যানার থেকে। এখনো নাম ঠিক হয়নি। তবে দুটি অ্যালবামই আশা করছি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি নাগাদ শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারব।