>

ঢাকায় সাফল্যের সঙ্গে শেষ হয়েছে পঞ্চম উচ্চাঙ্গসংগীত উত্সব। প্রতিবছর এ আয়োজনের পেছনে আছে এক বৃহৎ স্বপ্ন। ১১ ডিসেম্বর বিকেলে নিজ দপ্তরে প্রথম আলোকে সেই স্বপ্ন ও বাংলাদেশ নিয়ে তাঁর আকাঙ্ক্ষার কথা বিস্তারিত জানালেন সংগীত উৎসবের পেছনের কারিগর বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সাক্ষাৎকার নিয়েছেন রাসেল মাহ্মুদ

১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকেই এ দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে কাজ করে চলেছে বেঙ্গল ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বেঙ্গল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, আয়োজন করে ১৭টি দেশের অংশগ্রহণে এশিয়ান চারুকলা কর্মশালা। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে যৌথভাবে সারা দেশে পরিচালনা করে নাট্য উন্নয়ন প্রকল্প।

২০০৫ ও ২০০৬ সালে দেশব্যাপী তারা আয়োজন করে বেঙ্গল বিকাশ শিরোনামে সংগীত প্রতিভা অন্বেষণ কর্মসূচি, ২০১১ সালে নড়াইলে প্রতিষ্ঠা করে এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজ, ২০১২ সালে প্রতিষ্ঠা করে সফিউদ্দিন বেঙ্গল প্রিন্ট মেকিং স্টুডিও। এ ছাড়া ২০১২ সাল থেকে শুরু করে উচ্চাঙ্গসংগীত উত্সব, ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল পরম্পরা সংগীতালয়, ২০১৫ ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস। ২০১৬ সালে ৬৪ জেলায় ৭৫টি গণগ্রন্থাগারে ৪০ হাজার আর্ট ক্যাটালগ বিনা মূল্যে দেয় বেঙ্গল ফাউন্ডেশন। এ ছাড়া নিয়মিত আটটি পত্রিকা প্রকাশ করে চলেছে প্রতিষ্ঠানটি।

প্রথম আলো: কিছুদিন আগে শেষ হলো আরও একটি উচ্চাঙ্গসংগীতের আসর। প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে?
আবুল খায়ের: এবারের অনুষ্ঠান নিয়ে আমরা খুবই শঙ্কায় ছিলাম। এবার যে অনুষ্ঠানটি করা যাবে, শুরুতে সেটা ভাবাই যায়নি। কিন্তু আমরা পরাজিত হতে পারি না। অল্প কিছু সন্ত্রাসীর ভয়ে আমরা গুটিয়ে থাকতে পারি না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয় এ জন্য যে তিনিই চেয়েছিলেন যেন অনুষ্ঠানটি এবারও হয়। অনুষ্ঠান হলো। চমৎকারভাবে সেটা শেষ করা গেল। নিরাপত্তারক্ষী, দর্শক-শ্রোতা সবাই খুব সহযোগিতা করেছেন। আমি তাঁদের সবার কাছে কৃতজ্ঞ।
প্রথম আলো: উচ্চাঙ্গসংগীত উৎসব ও আরও অন্যান্য এত সব কাজ যে আপনি করেন এ সবকিছুর পেছনের স্বপ্নটা কী?
আবুল খায়ের: একটি সংস্কৃতিমান জাতি গঠন। আমার চাচা জ্ঞানতাপস আবদুর রাজ্জাক আমার ভেতরে এ স্বপ্ন বুনে দিয়েছেন। শৈশবে এসব নিয়ে তিনি আমাকে অনেক কিছু বলেছেন। তখন সেসব বুঝিনি। একটু বড় হওয়ার পর বুঝতে শুরু করেছি। পরিবার চালানোর জন্য খুব অল্প বয়সে ব্যবসা শুরু করেছিলাম। দেশে অনেক ব্যবসা প্রথমবারের মতো আমিই শুরু করি। একটা ব্যবসা শুরুর পর আরেকটি ব্যবসার চিন্তা এসে ভর করত আমার ওপর। কিন্তু সংগীতের প্রতি দুর্বলতা এত বেশি ছিল যে সব সময় শুধু সংগীত ও ফাইন আর্টস নিয়েই ভাবতাম। উত্সবটি শুরু করি এটা প্রমাণ করার জন্য যে এই সংগীত মানুষের রক্তের ভেতরে প্রবহমান। এ ছাড়া এই উত্সবকে কেন্দ্র করে আমরা প্রতিষ্ঠা করেছি বেঙ্গল পরম্পরা সংগীতালয়। এখানে ১৩৫ জন শিক্ষার্থী রয়েছে। এবারের উত্সবে সেতার, সরোদ এবং তবলা বাজিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে তারা। আমি সেদিনের অপেক্ষায় আছি, যেদিন এই শিক্ষার্থীরা বিদেশে গিয়ে বড় বড় শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে পারবে।
প্রথম আলো: উত্সবমঞ্চে আপনি দেশজুড়ে খেলার মাঠ ও ক্লাবের কথা বলেছিলেন। একটু বিস্তারিত বলবেন?
আবুল খায়ের: আমাদের দেশে আছে ৮০ হাজার গ্রাম। যদি ফসলি জমি, হাওর, বিল, নদী, খাল বাদ দিই তাহলে গ্রামের আকার শুধু আবাসনব্যবস্থার জন্য, আমার মতে, ১৫ হাজার বর্গমাইলের বেশি হবে না। আমাদের দেশের গ্রামগুলো খুব ছোট ছোট। এক গ্রাম থেকে অন্য গ্রামে হেঁটেই যাওয়া যায়। আমার প্রস্তাব হচ্ছে, ৮০ হাজার গ্রামের মধ্যে ৪টি গ্রাম নিয়ে একটি কেন্দ্র করা। তাতে ২০ হাজার কেন্দ্র দাঁড়ায়। এ কেন্দ্রগুলোকে যদি আমরা ১৫ বিঘা সমপরিমাণ (কমবেশি) জমির ব্যবস্থা করি তাহলে এখানে আমরা স্বল্প ব্যয়েই একটি খেলার মাঠ ও তার দুধারে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ক্লাব গড়ে তুলতে পারব। তাতে সারা দেশের মানুষ খেলাধুলা, নাটক, গানবাজনাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড যাত্রাপালা এবং দেশীয় খেলাধুলা যা হারিয়ে গেছে, যেমন হাডুডু, লাট্টু, ডান্ডাগুলি এসব নিয়েই ব্যস্ত থাকবে। যখনই মানুষ এসব কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে সাধারণভাবেই তাদের মধ্যে অন্য খারাপ কাজ করার প্রবণতা কমে যাবে। এতে দেশের নৈরাজ্য ও অপরাধমূলক কাজ কমে যাবে বলে আমার ধারণা। এখানে সরকারের প্রশাসনিক সহায়তা, রাজনৈতিক সদিচ্ছা এবং ধাপে ধাপে সামান্য আর্থিক সাহায্য প্রয়োজন। এটার পরিচালনার দায়িত্বে থাকবে ওই গ্রামের বিশিষ্টজনেরা এবং এই জমি ও ক্লাব করার জন্য যে খরচ হবে তা ওই গ্রামের বিত্তবান ব্যক্তিরাই জোগান দেবেন। শুধু দরকার একটা ব্যক্তি উদ্যোগের উদাহরণ। একটা পাইলট প্রকল্পের অংশ হিসেবে আমরা আগামী বছর এ রকম আটটি গ্রাম নিয়ে দুটি কেন্দ্রের পরিকল্পনা শুরু করব। এ পাইলট প্রকল্প যদি সফল হয় তাহলে পাশের গ্রামগুলো এটা দেখে অনুপ্রাণিত হবে। ব্র্যাকের মতো প্রতিষ্ঠানকে আমি অনুরোধ করব এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য।
প্রথম আলো: তিন হাজার সিনেমা হলের কথাও বলেছিলেন।
আবুল খায়ের: যে জায়গাগুলোতে শ্রমজীবী মানুষ বেশি, হাট-বাজার যেখানে বেশি, বিশেষ করে সেই জায়গাগুলোতে সিনেমা হলগুলো করতে হবে। সরকারের সহায়তায় বেসরকারি খাতে সেখানে বিনিয়োগ হবে। এতে দুটো লাভ হবে। সব শ্রেণির মানুষ সিনেমা দেখতে পারবে এবং আমাদের দেশেও অনেক ভালো সিনেমা তৈরি হবে। মানুষ আর বিদেশি সিনেমার মুখাপেক্ষী হয়ে থাকবে না। ভালো ছবি বানাতে পারে এ রকম অনেক মেধাবী ছেলেমেয়ে আছে আমাদের। তাদের দরকার শুধু সহযোগিতা। অবকাঠামোগত সহযোগিতা পেলে তারাও তাদের যোগ্যতা দেখাতে সক্ষম হবে। একটি ছবি তিন হাজার সিনেমা হলে এক দিন করে চললেও এর নির্মাণব্যয় উঠে আসবে। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন এই সিনেমা হলগুলো করতে প্রায় পাঁচ থেকে সাত বছর লাগবে। বেঙ্গল থেকে আমরা ঠিক করেছি দেড় থেকে দুই শ হল করব।
সেগুলো অবশ্য শুধু হল নয়, সেগুলো হবে সাংস্কৃতিক কেন্দ্র। সিনেমা প্রদর্শনীর জায়গার পাশাপাশি সেখানে নাটক মঞ্চায়ন, গান ও আড্ডার জায়গা, লাইব্রেরি, বইয়ের দোকান, সাইবার ক্যাফের পাশাপাশি ছোট ছোট প্রয়োজনীয় জিনিস কেনাকাটার ব্যবস্থাও থাকবে। সপ্তাহে এক দিন যেকোনো বেলায় নাটক, গান এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড সেখানে হবে।
মাননীয় অর্থমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, অপরাধ কমাতে এবং দেশের মানুষের মনন তৈরিতে এ উদ্যোগ বাস্তবায়ন করুন। আমি জানি, আমি কাজটি শুরু করলে আরও অনেক সমমনা ব্যবসায়ী এবং সাংস্কৃতিক সংগঠন এগিয়ে আসবে। আগামী মার্চ-এপ্রিল মাসে বেঙ্গল ফাউন্ডেশন এ রকম কয়েকটি সাংস্কৃতিক কেন্দ্রের কাজ শুরু করবে এবং আগামী বছরের মধ্যে তা শেষ করবে।
প্রথম আলো: চাচা আবদুর রাজ্জাক ছাড়া আপনার প্রেরণা কে?
আবুল খায়ের: এখানে বলা বাহুল্য আমার সবচেয়ে বড় প্রেরণা আমার মা বেগম মমতাজ খালেক। যাঁর অনুপ্রেরণা এবং সরাসরি সম্পৃক্ততা আমাকে অনেক শক্তি জোগায়। তাঁর ঋণ শোধ করা কোনো দিন সম্ভব নয়। চাচার এবং পরিবারের কারণে আমি জীবনে অনেক বড় বড় মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু জীবিত যে কজন শ্রদ্ধেয়জন আছেন তাঁদের মধ্যে যাঁদের কাছ থেকে আমি প্রেরণা পাই তাঁরা হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্যার ফজলে হাসান আবেদ, ড. আনিসুজ্জামান এবং ড. রেহমান সোবহান। এঁরা প্রত্যেকেই আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে অনুপ্রাণিত করেন। তা ছাড়া ব্যবসায়ীদের মধ্যে আমি যাঁকে জানি এবং মানি তিনি হলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।
এখানে বলা বাহুল্য, স্যার ফজলে হাসান আবেদ হচ্ছেন আমার আসল মেন্টর। আমি তাঁকে অনেক মান্য করি এবং বিভিন্ন ব্যাপারে তাঁর উপদেশ গ্রহণ করি। আমি মনে করি এ সময়ে বাংলাদেশে স্যার ফজলে হাসান আবেদ একজন প্রধান পুরুষ। তিনি যেসব কাজ করেছেন এবং করে যাচ্ছেন তা আমরা সবাই মিলেও করতে পারিনি, পারবও না। এখানে অনেক রাজনৈতিক নেতা আছেন, যাঁদের আমি জানতাম, চিনতাম এবং এখনো কিছু মানুষকে চিনি তাঁদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে এবং থাকবে। আমি এখানে তাঁদের নাম আর উল্লেখ করলাম না।
প্রথম আলো: সারা বছর অনুষ্ঠান করার জন্য সরকারের কাছে একটি মাঠ চেয়েছিলেন আপনি।
আবুল খায়ের: এখানে বিশেষভাবে উল্লেখ করা জরুরি যে শাস্ত্রীয় সংগীত উত্সব নিয়ে সারা বিশ্বে এবং বাংলাদেশে সবাই আলোচনা করছে, এর ভালো-মন্দ দিক বিচার করছে। সেটা কখনোই সম্ভব হতো না যদি আমরা বাংলাদেশ আর্মির সাহায্য না পেতাম। আর্মি স্টেডিয়ামের মতো জায়গায় পাঁচ বছর ধরে এই উত্সব করতে পেরে এই সফলতা অর্জন করেছি। যার জন্য দেশের সম্মান বেড়েছে, সেনাবাহিনীর সম্মান বেড়েছে, সেই সঙ্গে সম্মান বেড়েছে বাংলাদেশের শ্রোতাদের এবং একই সঙ্গে সম্মান বেড়েছে স্পনসরদের, যারা আমাকে আর্থিক সাহায্য করেছে যেমন স্কয়ার গ্রুপ এবং ব্র্যাক ব্যাংক।
আরেকটা কথা বলা বাহুল্য, উত্সব শুরু থেকে শেষ করা পর্যন্ত প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বরাবর বুদ্ধি পরামর্শ এবং পত্রিকার মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষকে জানান দিয়ে সম্পৃক্ত করেছে। সুতরাং বেঙ্গল ফাউন্ডেশন এই উত্সব করে যদি কোনো ভালো কাজ করে থাকে তাহলে তার অংশীদার যেমন বাংলাদেশ সেনাবাহিনী, তেমনি দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারও। এ ছাড়া আমরা সবাই কৃতজ্ঞ বাংলাদেশ পুলিশ বাহিনীর কাছে। গত ৫ বছরের উত্সবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে তারা। সে জন্য সবার পক্ষ থেকে তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই।
যে মাঠের কথা বলেছি সেটা হচ্ছে সারা ঢাকা শহরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে তারা যেন সারা বছর বিভিন্ন ধরনের উত্সব করতে পারে সে জন্য আমার প্রস্তাব হচ্ছে একটি ৫০-৬০ বিঘা জমি যদি আমরা ৩০০ ফুট রাস্তার ওপরে পাই তাহলে সরকারি মূল্যে আমরা কিছু ব্যবসায়ী প্রাইভেট ব্যাংকিং প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা সবাই মিলে সেটা কিনে নিয়ে একটি স্থায়ী স্থাপনা তৈরি করব। এটা জাতির জন্য এখন খুব প্রয়োজন। মানুষকে সম্পৃক্ত করতে এমন একটি জায়গা খুব জরুরি, যেখানে নাচ, গান, মেলাসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন ফুড ফেস্টিভ্যাল, মিষ্টি উত্সব যা বাংলাদেশের ঐতিহ্যের অংশ সেসব নিয়েই তারা ব্যস্ত থাকবে। এতে করে দেশে নৈরাজ্য কমে যাবে।
প্রথম আলো: সংস্কৃতিকেন্দ্র হিসেবে ঢাকাকে কীভাবে দেখতে চান?
আবুল খায়ের: বাংলাদেশই এশিয়ার মধ্যে একমাত্র দেশ, যার ৯৭ শতাংশ লোক বাংলা ভাষায় কথা বলে। এই দেশটি স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলা ভাষাকে কেন্দ্র করে। এ রকম দেশ অত্যন্ত বিরল। তাই আমি মনে করি বাংলাদেশের ঢাকা শহরই হবে এশিয়ার সংস্কৃতির মূল কর্মকেন্দ্র। বাংলাদেশের দর্শক-শ্রোতা যে কত ভালো এবং সমঝদার তা গত পাঁচ বছর আমাদের এই শাস্ত্রীয় সংগীতের উত্সবের মাধ্যমে বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে। তাই ঢাকাকে সমগ্র এশিয়ার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র (এশিয়ান কালচারাল হাব) হিসেবে প্রতিষ্ঠা করা কোনো ব্যাপারই না। শুধু প্রয়োজন আমাদের সব সাংস্কৃতিক সংগঠন, দর্শক-শ্রোতা এবং বাংলাদেশ সরকারের অঙ্গীকার। সরকার যে সংস্কৃতিকে প্রাধান্য দেয় সে ব্যাপারে আমি নিশ্চিত এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একজন সংস্কৃতিমনা ব্যক্তি।
প্রথম আলো: উচ্চাঙ্গসংগীত উত্সবে ‘আগামীর ঢাকা’ নামে একটি প্রদর্শনী ছিল। এটা নিয়ে একটু বলবেন?
আবুল খায়ের: উত্সবের পাঁচ দিনে দেড় লাখ লোক ওই প্রদর্শনী দেখেছেন। মাননীয় অর্থমন্ত্রী প্রদর্শনীটি উদ্বোধন করেছিলেন। সেখানে মনোরেলের প্রস্তাব রয়েছে। সেটা অর্থমন্ত্রী খুব পছন্দ করেছেন। এটা করতে পারলে অনেক সুবিধা হবে। উত্তরা থেকে গুলশান হয়ে ধানমন্ডি। মিরপুর থেকে মতিঝিল চলে যাওয়া যাবে। প্রতিদিন ১০ লাখ লোক যাতায়াত করতে পারবে, বর্তমানে রাস্তার যে অবকাঠামো আছে তা দিয়ে সেটা সম্ভব নয়। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পুরো পরিকল্পনাটি আমরা বিস্তারিত উপস্থাপন করব। সরকার সিদ্ধান্ত নিতে পারে সেটা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে করবে, নাকি নিজেরা করবে, নাকি বিদেশি সাহায্য নেবে। অথবা এই পরিকল্পনাকে যাচাই-বাছাই করে আরও ভালোভাবে দেখবেন। আমাদের পরিকল্পনায় আছে ‘ঢাকা নেক্সাস’। এর আওতায় ঢাকা শহরের বাইরে মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ত্রিশাল, জয়দেবপুর, কাপাসিয়ার মধ্যে একটা রিং রোড তৈরির প্রস্তাব করা হয়েছে। এ এলাকাগুলো থেকে আধ ঘণ্টায় ঢাকা আসা-যাওয়া করতে পারবে ২০ লাখ মানুষ। ঢাকা থেকে কেরানীগঞ্জ আয়তনে বড়। মাত্র ১২ থেকে ১৫ লাখ লোক থাকে সেখানে। কিন্তু ঢাকায় প্রায় ২ কোটি লোক থাকে। সরকারের উচিত বেশি দামে জায়গাগুলো অধিগ্রহণ করে একটা মাস্টারপ্ল্যান করে ওই জায়গাগুলোকে সাজানো। সরকার সুষ্ঠু পরিকল্পনা করে কাজটি করলে একই খরচে নদী ড্রেজ করতে পারবে, জমি কিনে বেশি দামে বিক্রিও করতে পারবে, নিলামের মাধ্যমে ভালো ডেভেলপারদের দিয়ে সুন্দর করে এলাকাটি সাজিয়ে রেসিডেনশিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করতে পারবে। নদীপথে মালামাল পরিবহন করা যাবে ওই এলাকাগুলোতে। সেখানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত একই জায়গায় বাস করতে পারবে। এই ব্যাপারে আমরা সরকারের কাছে একটি খসড়া পরিকল্পনা পেশ করব। আমার চাচা রাজ্জাক সাহেব বলতেন যে দেশ নিয়ে ভাবতে গেলে তিনটি সম্পদ নিয়ে ভাবতে হবে—মাটি, মানুষ ও নদী। আমি এর সঙ্গে একটি যুক্ত করেছি, সংস্কৃতি।
দেশ নিয়ে ভাবতে গেলে প্রথমে নদীকে নিয়ে ভাবতে হবে। আমরা ওই দিকে এগোচ্ছি। নতুন করে দেশের নকশা করার চেষ্টা করছি। শুধু জনগণ এবং সরকারকে বোঝানোর জন্য এগুলো করা হচ্ছে। এটা শুধু একটা উদাহরণ। একটি দেশের প্ল্যান ৫, ১০ বা ১৫ বছরে হয় না। একটি দেশের ভবিষ্যৎ পরিকল্পনা যদি করতেই হয় তাহলে এক শ বছরের একটি মাস্টারপ্ল্যান করা উচিত। এ কাজগুলো করতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এমআইটির নকশাকারেরাও আমাদের সঙ্গে আছেন। সিলেটেরও মাস্টারপ্ল্যান করছি আমরা। খুব অল্প সম্মানীর বিনিময়ে বেঙ্গল ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে এ কাজে হাত দিয়েছে এমআইটি। আমরা মৌলিক সামাজিক দায়িত্ব মনে করে সরকারের জন্য এ কাজগুলো করছি। সরকারকে যে এগুলো করতেই হবে তেমন নয়, ভালো লাগলে করবে। কেউ যদি বিকল্প পথও বলে দেয়, আমরা সাধুবাদ জানাব। বেঙ্গল ইনস্টিটিউট অব আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টসের মহাপরিচালক হিসেবে কাজ করছেন স্থপতি কাজী খালিদ আশরাফ। প্রতিষ্ঠানটির সঙ্গে আরও যুক্ত আছেন একাডেমিক ডিরেক্টর মেরিনা তাবাসসুম, রিসার্চ প্রোগ্রাম ডিরেক্টর সাইফুল হক। উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে আছেন ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এবং বাংলাদেশের নামকরা বিশিষ্ট স্থপতিরা আছেন পরিষদের সদস্য হিসেবে। সম্প্রতি স্থাপত্য শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বেঙ্গল ইনস্টিটিউট।
প্রথম আলো: সাভারে একটা ব্যতিক্রম জাদুঘর করছেন আপনারা। সেটার কাজ কবে শেষ হবে?
আবুল খায়ের: যদি করতে পারি এটি হবে এশিয়ার সব থেকে বড় মিউজিয়াম। ৫০ একর জমির ওপর ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। তিন লাখ বর্গফুট কনস্ট্রাকটেড এরিয়াজুড়ে থাকবে মিউজিয়াম ও ক্র্যাফট মিউজিয়াম, যেখানে হস্তশিল্পীরা নিজেদের তৈরি পণ্য বিক্রিও করতে পারবেন। নদীর পাড়ে দুই কিলোমিটার জায়গাজুড়ে বোট মিউজিয়াম থাকবে। হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের নৌকা দেখা যাবে সেখানে। ‘ফ্রেন্ডশিপ’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কাজটি করছি। ওখানেই একটি ডকইয়ার্ড করে বেশ কিছু নৌকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে এ মিউজিয়ামের কাজ শেষ হবে আশা করছি। এর নকশা করেছেন স্থপতি নাহাস খলিল। এ ছাড়া এর সঙ্গে থাকবে ৫০টি বাংলো, যেখানে নানা দেশের বিদেশিরা এসে সাংস্কৃতিক বিনিময় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।
প্রথম আলো: এই কর্মযজ্ঞ পরিচালনা করছেন কীভাবে?
আবুল খায়ের: আমি শুধু পরিকল্পনা করি। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বিভিন্ন পর্যায়ের সহকর্মীদের নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন। এটা বড়ই কঠিন কাজ। বিস্তারিত বলা এ পর্যায়ে সম্ভব নয়। তবে বিশেষ কয়েকজনের নাম উল্লেখ করা উচিত। এখানে আমাদের উপদেশ দেন ড. আনিসুজ্জামান, এ ছাড়া বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক জিনাত চৌধুরী এবং মহাব্যবস্থাপক আতাউর রহমান তাঁরা সবাই বিভিন্ন কাজ পরিচালনা করেন। এ ছাড়া ব্লুজ কমিউনিকেশনসের সিইও ফরহাদুল ইসলাম ও তাঁর সহকর্মীরা আমাদের নানা কাজে সহযোগিতা করেন।
প্রথম আলো: আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
আবুল খায়ের: প্রথম আলোকে শুভেচ্ছা ও ধন্যবাদ।