>

কার্তিক শেষ না হতেই আবহাওয়া বদলাচ্ছে। তার জেরে ঠান্ডা আর গলাব্যথায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। আজ ৩ নভেম্বর তাঁর জন্মদিন। শুভেচ্ছা জানাতে মুঠোফোনে যোগাযোগ করলে শোনা যায় তাঁর দুর্বল কণ্ঠ। ভাঙা ভাঙা কণ্ঠে প্রথম আলোর সঙ্গে কথা বলেন নব্বইয়ের দশকের প্রিয় এই মুখ। দাপটের সঙ্গে এখনো বড় পর্দায় কাজ করে যাচ্ছেন তিনি। গতকাল কথা হয় তাঁর সঙ্গে।
জন্মদিনের শুভেচ্ছা। কীভাবে কাটাবেন দিনটা?
ধন্যবাদ। তেমন বিশেষ কোনো পরিকল্পনা নেই। স্বাভাবিক কাজকর্মের মধ্যেই থাকব। বিশেষ দিনগুলোয় পরিবারের সঙ্গে থাকতেই ভালো লাগে।
একটা সময় পর্যন্ত দেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন আপনি, স্বামী নায়ক, সন্তান নির্মাতা। আর কী চাওয়া আছে আপনার?
তেমন কোনো চাওয়া নেই। তবে একটা ইচ্ছা আছে। সানী (স্বামী অভিনেতা ওমর সানী) শিল্পী সমিতির নির্বাচন করুক, সভাপতি নির্বাচিত হোক।
অভিনেত্রী হিসেবে আপনার প্রাপ্তি অনেক। তবু কি কিছু পেতে বাকি আছে?
আছে। এমন কিছু চরিত্র, যেগুলো বয়সের কারণে করা হয়নি এতকাল। গুণী কোনো নির্মাতা সে রকম কিছু নির্মাণও করেননি। সে রকম কিছু চরিত্র করতে চাই এবার।
এখন কোনো কাজ করছেন?
তেমন কিছু নয়। সিনেমার কাজই আছে টুকটাক। কিছু অসম্পূর্ণ, কিছু নতুন করে শুরু হবে। এ কে সোহেলের পবিত্র ভালোবাসা ছবির কাজ শুরু হবে শিগগিরই।
শৈশবে পর্দায় যাঁরা আপনাকে দেখেছেন, এখন তাঁরাই সিনেমায় কাজ করছেন। তাঁদের জন্য কিছু বলবেন?
তাঁরা আরও ভালো করুক। নিজেদের মতো করে, নিজস্বতা দিয়ে এই ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিক। তবে কাজের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে। কাজ কম পারলেও ক্ষতি নেই। নিষ্ঠা থাকলে একটা সময় কাজটা শেখা হয়ে যায়। কাজের পরিবেশটাকে নিজের মতো করে নিতে পারলে, কাজকে ভালোবাসতে পারলে ভালো কিছু করা সহজ হয়ে যাবে।
প্রথম আলোর শুরু থেকেই আপনি পত্রিকাটির সঙ্গে ছিলেন। আগামীকাল ১৮ বছর পূর্তিতে পাঠকদের কোনো বার্তা জানাতে চান?
প্রথম আলো অনেক বড় ও সম্মানজনক জায়গায় আছে। পত্রিকাটি নিরপেক্ষ ছিল, আছে এবং আরও নিরপেক্ষ হয়ে উঠুক—এর ১৮ পূর্তিতে এটাই আমার প্রত্যাশা।