তরুণদের অংশগ্রহণ চোখে পড়ার মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আয়ারল্যান্ডের নিয়াভ নি কারা ও তাঁর দল অংশ নেয় ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎ​সবে গত বছরের আসরে l ফাইল ছবি
আয়ারল্যান্ডের নিয়াভ নি কারা ও তাঁর দল অংশ নেয় ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎ​সবে গত বছরের আসরে l ফাইল ছবি
আজ থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লোকসংগীত উৎসব আয়োজন, তরুণদের সম্পৃক্তি ইত্যাদি নিয়ে কথা হলো সান ইভেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সঙ্গে।

লোকসংগীত উৎসব করার ভাবনাটা কীভাবে এল?

আমি পাবনার মানুষ। পাবনার কাছেই কুষ্টিয়া। আমাদের এই এলাকায় বাউলগানের চর্চা হয়। ছোটবেলা থেকেই লোকগানের প্রতি ভালোবাসা ছিল। আমার মধ্যে সেটাই কাজ করছে।

অঞ্জন চৌধুরী
অঞ্জন চৌধুরী

এ কারণেই কি অন্য কোনো সংগীতের উৎসব না করে লোকসংগীত উৎসব?
আমরা এর আগে ‘ম্যাজিক বাউলিয়ানা’ করেছি। প্রতিবছরই করছি। বলে রাখি, বেঙ্গল ফাউন্ডেশন যখন প্রথমবার উচ্চাঙ্গসংগীত উৎসব করল, তখন মুগ্ধ হয়েছিলাম। দ্বিতীয়বার থেকে আমরাও ওই উৎসবে যুক্ত হয়েছি। ভেবেছি, উচ্চাঙ্গসংগীত উৎসবই যদি এত সুন্দর হয়, তাহলে লোকসংগীত উৎসব করব না কেন? সেটা তো আরও বড় মিলনক্ষেত্র। এটাকে তো আন্তর্জাতিক প্ল্যাটফর্মেই নিয়ে যাওয়া যায়। আন্তর্জাতিক উৎসব করে তাতে যদি বাংলাদেশি শিল্পীরাও নিজেদের গান পরিবেশন করেন, আমরা যদি তা নানা মাধ্যমে বিশ্বে ছড়িয়ে দিতে পারি, তবে তো আমাদের গান বিশ্বপরিচিতি পাবে। আমরা আমাদের দেশের শিল্পীদের প্রাধান্য দিচ্ছি। সেটাই ছিল অনুপ্রেরণা।
তরুণেরা শিকড়ের সন্ধান করবেন, তাঁদের মন স্পর্শ করবে শিকড়ের সুর—এ রকম একটা ভাবনাও তো ছিল?
একদম তাই। ‘ম্যাজিক বাউলিয়ানা’র মাধ্যমেও কিন্তু আমরা তরুণদের সম্পৃক্ত করছি। এখানে একটি সমস্যা থেকে যায়। অল্প সময়ে কেউ যদি অনেক বেশি প্রচার ও জনপ্রিয়তা পেয়ে যায়, তাহলে অনেকেই সেই জনপ্রিয়তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। চর্চা, নিয়মানুবর্তিতার সংকট দেখা দেয় তখন। তাই তরুণদের ঠিকভাবে পৃষ্ঠপোষণ না করলে তাঁরা হারিয়ে যান। এ দিকটা মাথায় রাখতে হবে।
আর হ্যাঁ, আমাদের এই আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে তরুণদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। গত বছরের মতো এবারও তরুণেরা লোকসংগীত শুনতে আসবেন।
দর্শকদের জন্য কিছু বলবেন?
দর্শক যাঁরা আসবেন, তাঁদের উদ্দেশে বলব, আপনারা দয়া করে ধৈর্যচ্যুত হবেন না। নিরাপত্তার বিষয়টি মাথায় রাখবেন। আপনাদের স্বার্থেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গতবার আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আশা করি এবারও সেভাবে আপনাদের সহযোগিতা পাব।
সাক্ষাৎকার: জাহীদ রেজা নূর