তাঁর সঙ্গে হঠাৎ ফেসবুকে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

গান করার প্রায় সব কটি প্ল্যাটফর্মেই সরব কণ্ঠশিল্পী সিঁথি সাহা। আগামীকাল দেশ টিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে সরাসরি গাইবেন তিনি। কলকাতার কবি শ্রীজাতের কথা ও ইন্দ্রদীপের সুরে ঈদুল আজহায় আসছে তাঁর নতুন একটি একক গান। সেসব নিয়েই আলাপ হলো সিঁথি সাহার সঙ্গে। কথা বলেছেন রাসেল মাহমুদ।

সিঁথি সাহা
সিঁথি সাহা


আবারও কলকাতার ছবিতে গান করছেন শুনলাম?
কলকাতার সংগীত পরিচালক ইন্দ্রদীপের সঙ্গে সেখানকার একটা সিনেমায় গান করার কথা রয়েছে। কিন্তু কাজটা শুরু হতে একটু দেরি হচ্ছে। আমার যে তর সইছে না। তাঁর সঙ্গে তাই একটা ‘সিঙ্গল’ গান করতে চাই। কলকাতায় গিয়ে তাঁকে সেটা জানিয়েছি। তিনি রাজি হয়েছেন। ঈদুল আজহায় গানটা ছাড়ব বলে ঠিক করেছি। গানের কথা লিখেছেন কবি শ্রীজাত, সুর ও সংগীত পরিচালনা করবেন ইন্দ্রদীপ।
ইন্দ্রদীপের অনেকগুলো গান জনপ্রিয়তা পেয়েছে। তাঁকে কোথায় পেলেন?
তাঁর সঙ্গে হঠাৎ ফেসবুকে দেখা। আমার কিছু গান তাঁকে শুনতে দিই, তিনি পছন্দ করে ফেললেন সেসব। পরে কলকাতায় বেড়াতে গেলে দেখা করি। সামনের মাসে কলকাতায় একক গানটির রেকর্ডিং হবে। সেদিন হয়তো শ্রীজাতের সঙ্গেও দেখা হবে।
এর আগে কলকাতার কোনো ছবিতে গান করেছেন?
ছবির নাম ‘অঝোর শ্রাবণ’। পরিচালনা করেছিলেন রাজ গোপাল চক্রবর্তী।
শুক্রবার দেশ টিভিতে কী কী গান শোনাবেন?
বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিজের পছন্দের সব গান গাইব। তবে দর্শকেরা যেসব অনুরোধ করবেন, সেগুলোর কয়েকটি গাওয়ার ইচ্ছে আছে।

সিনেমার গান করতে কেমন লাগে?
ভালো। বাংলাদেশের বেশ কয়েকটি সিনেমাতেও গান করেছি। কিছুদিন আগে আহমেদ হুমায়ুনের পরিচালনায় ‘ভালোবেসে তোর হব’ ছবির জন্য গাইলাম।
বেশি ব্যস্ততা তাহলে কীসে?
টেলিভিশনে সরাসরি অনুষ্ঠানের ব্যস্ততাই বেশি। প্রতি সপ্তাহে কোনো না কোনো চ্যানেলের অনুষ্ঠানে গাইতে হচ্ছে। তা ছাড়া আছে ধারণকৃত অনুষ্ঠান, সাক্ষাৎকার, নাটকের টাইটেল গান। বেশ কয়েকটা ছবিতে গান করার প্রস্তাব আছে, কথা চলছে।
আপনার শেষ অডিও অ্যালবাম কবে এসেছে?
শেষ অডিও অ্যালবাম এসেছে গেল বাইশে শ্রাবণে কবিগুরুর প্রয়াণ দিবসে। নির্ঝর চৌধুরীর সঙ্গে সাতটি দ্বৈত গান। সব কটিই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমপর্বের গান। এর মধ্যে ‘আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী’ গানটির ভিডিও করা হয়েছে। তাতে আমি ও নির্ঝর ছাড়াও অভিনয় করেছেন নিরব।
ইন্দ্রদীপের সঙ্গে যে গানটা, সেটার ভিডিও হবে না?
এখন কী আর ভিডিও না করে পারা যায়! ভিডিও করব। দেশের কোনো ভালো পরিচালক মিউজিক ভিডিওটি পরিচালনা করবেন।