তাদের ছেড়ে আসার সময়ও খুব কষ্ট হচ্ছিল
আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন তরুণ অভিনেত্রী তাসনোভা তামান্না। সম্প্রতি তাঁর অভিনীত রেজওয়ান শাহরিয়ার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘নোনা জলের কাব্য’ মুক্তি পেয়েছে। অভিনয়, ক্যারিয়ার ও ব্যক্তিগত প্রসঙ্গে বিনোদনের সঙ্গে কথা বললেন এই অভিনেত্রী।
প্রশ্ন :
‘নোনা জলের কাব্য’ সিনেমায় অভিনয় করে কেমন সাড়া পেলেন?
ব্যক্তিগতভাবে আমি খুশি। সিনেমা দেখার পর অনেকেই এসএমএস, ফোনে; কেউ সামনাসামনি বলছেন, ‘আপনার অভিনয় ভালো লাগছে।’ অনেকেই বলছেন আমাকে চেনাই যাচ্ছে না। শুনেছি, অনেকেই বিভিন্ন ফেসবুক গ্রুপে আমার টুনি চরিত্রের প্রশংসা করেছেন। প্রিমিয়ারে গিয়াস উদ্দিন সেলিম ভাই মাথায় হাত রেখে বাহবা দিলেন—এই সবকিছুই আমার কাছে অনুপ্রেরণা।
প্রশ্ন :
আপনি নিজে তো ফেসবুক ব্যবহার করেন না, কেন?
আমার মনে হয়, আমি কী করব ফেসবুকে...একজন অভিনেত্রী হয়ে ফেসবুক ডিল করাটা অনেক কঠিন মনে হয়। আমি আগ্রহ পাই না। মনে হয়, অনেক টাইম চলে যাবে। আসলে কেন ব্যবহার করি না, এটা গুছিয়ে বলতে পারব না।
প্রশ্ন :
টুনি হয়ে ওঠার গল্পটা শুনতে চাই।
আমরা শুটিংয়ের আগেই লোকেশনে গিয়েছিলাম। ভাষা, আচার-আচরণ, অভ্যাস শিখতে হয়েছে। জেলেপল্লিতে সময় কাটানোর কারণে স্থানীয় নারী, শিশুরা তাদেরই একজন মনে করত। তামান্না থেকে আমি একদম বের হয়ে গিয়েছিলাম। আমি জেলেপল্লির টুনি হয়ে গিয়েছিলাম। টুনি কী করে সারাক্ষণ, সেসবের মধ্যে থাকতাম। একসময় নিজেকে নিজেই চিনতে পারছিলাম না। যাঁরা আমাকে সরাসরি এবং সিনেমায় দেখেছেন, তাঁদের একটাই প্রশ্ন, পর্দার টুনির সঙ্গে আমার কোনো মিল নেই। এটাই আমার সফলতা।
প্রশ্ন :
অভিনয়জগতে কীভাবে আসা?
কোনো পরিকল্পনা কখনোই ছিল না। ভেবেছিলাম, লেখাপড়া শেষ করে চাকরি করব বা দেশের বাইরে চলে যাব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। পরে এক বন্ধু জানায়, ‘নতুন একজন নির্মাতা সিনেমা বানাবেন, তুই দেখা করতে পারিস।’ তখন কাজটি করি। অভিনয়ে আমি কিছু শিখে আসিনি। কাজ করতে করতেই শিখছি।
প্রশ্ন :
প্রথম কোন সিনেমায় অভিনয় করেন?
সন অব সোয়েল সিনেমাটি মুক্তি পায়নি। প্রথম মুক্তি পাওয়া সিনেমা আবদুল্লাহ মোহাম্মদ সাদের প্রথম সিনেমা লাইভ ফ্রম ঢাকা। সিনেমায় আমি রেহানা চরিত্রে অভিনয় করেছি। নোনা জলের কাব্য আমার দ্বিতীয় সিনেমা। ভিন্ন ঘরানার দুটি সিনেমায় অভিনয় করে মনে হয়েছে, নিজেকে বারবার ভাঙতে হবে।
প্রশ্ন :
‘নোনা জলের কাব্য’-এ কীভাবে যুক্ত হলেন?
সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত লাইভ ফ্রম ঢাকা সিনেমাটি দেখে আমাকে পছন্দ করেন। পরে অডিশন দিয়ে সুযোগ পাই। এখন আমরা সবাই ভালো বন্ধু।
প্রশ্ন :
আপনার অভিনীত দুটি সিনেমাই ভিন্ন ঘরানার, আন্তর্জাতিকভাবে সমাদৃত। অভিনয় নিয়ে পরিকল্পনা কী?
আমি পরিকল্পনা করলে তো হবে না। আমাকে নিয়েও পরিকল্পনা করতে হবে। দর্শক-নির্মাতা আমার অভিনয় পছন্দ করবেন কি না, সেটার ওপর নির্ভর করছে অভিনয় চালিয়ে যাওয়া। সব মিলে গেলে হয়তো সামনে আরও ভালো কাজ করব আশা করি। না হলে হয়তো অভিনয় ছেড়ে দিতে হবে।
প্রশ্ন :
শুধু অভিনয়টাই করে যেতে বাধা কী?
আমাদের এখানে তো অভিনয়কে পেশা হিসেবে নিয়ে টিকে থাকা কঠিন। আমার ইচ্ছা আছে অভিনয় করে যাওয়ার। অভিনয় নিয়েও প্রস্তুতি নিচ্ছি। টিকে থাকতে না পারলে তো অভিনয় করা হবে না। এটা ভবিষ্যৎই বলে দেবে।
প্রশ্ন :
পরিবারের সহযোগিতা পান?
আমার পরিবারের লোকজনের প্রত্যাশা ছিল, পড়াশোনা শেষ করে চাকরি করব। এখন অভিনয় করে নিজেকে প্রমাণ করতে হবে। পরিবারকে বোঝাতে হবে যে অভিনয় করে সারভাইভ করা যাবে, তাহলে অভিনয়ে তাদের আপত্তি নেই।
প্রশ্ন :
শুনেছি, ‘নোনা জলের কাব্য’ সিনেমার শুটিংয়ের সেই জেলেপল্লি এখন আর নেই। সেখানকার কোনো স্মরণীয় ঘটনা ছিল?
জেলেদের অনেক শিশুর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তারা খুবই সহজ-সরল। তাদের বাইরে আলাদা একটি পৃথিবী আছে, সেটা সম্পর্কে তারা অনেক কিছু জানে না। শিক্ষার তেমন সুযোগ নেই। শিশুদের ভবিষ্যৎ আদৌ কি আছে, সেটা আমাকে ভাবায়। তাদের ছেড়ে আসার সময়ও খুব কষ্ট হচ্ছিল। কারণ জানতাম, হয়তো আর কোনো দিন দেখা হবে না।