তাদের সঙ্গে তো লং ড্রাইভে যাওয়ার চিন্তা করে লাভ নেই

টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে জিটিভিতে খেলা শুরুর আগে ‘৩০ মিনিট বাকি’ এবং খেলা শেষে ‘ক্রিকেট এক্সট্রা’ নামে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

প্রথম খেলায় তো বাংলাদেশ হেরে গেল।

সামনে ভালো খেলবে। বাংলাদেশ সেমিফাইনালে যাবে। সাকিব আছে, মুশফিক আছে—ভালো কিছু অবশ্যই হবে। এটা একান্তই আমার বিশ্বাস।

প্রশ্ন :

এমন বিশ্বাস কেন?

মোস্তাফিজুর রহমান তো অলরেডি ওখানকার উইকেটে খেলছে, আইপিএলে। এদিকে ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশ জেতার কারণে বাংলাদেশের কনফিডেন্স অনেক বেশি। খেলোয়াড়েরাও অনেক উজ্জীবিত—এসবই আমার বিশ্বাসের বড় একটা কারণ।

প্রশ্ন :

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে পিচ নিয়ে নানা ধরনের কথা শোনা যায়।

যে যা–ই বলুক, সাকিব আল হাসান বলেছে না, ‘উইন ইজ উইন। দ্যাটস ইট।’ এর বাইরে আর কিছু ভাবার নেই। টি–টোয়েন্টি বিশ্বকাপেও স্পোর্টি উইকেট, যদিও বাংলাদেশের জন্য একটু কঠিন হবে। ক্রিকেট তো মেন্টাল গেমও। দেখা যাক।

প্রশ্ন :

আপনার কথামতো যদি বলি, তাহলে সেমিফাইনালে বাংলাদেশ কার মুখোমুখি হবে?

(হাসি) সেটা তো বলা যাবে না। ফাইনালে যাওয়ার জন্য সবাই মরিয়া হয়ে আছে। ওয়েস্ট ইন্ডিজ সব সময়ই টি–টোয়েন্টিতে সেরা দল। ভারতও অলটাইম ফেবারিট। ইংল্যান্ড আর নিউজিল্যান্ডকেও বাদ দেওয়ার সুযোগ নেই। তাই সবকিছু ভেবে মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া ও ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে।

প্রশ্ন :

বাংলাদেশ ছাড়া আপনার ফেবারিট কে?

নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেইন উইলিয়ামসনকে খুব পছন্দ করি। বাংলাদেশের সব প্লেয়ারকেও পছন্দ। কিন্তু কেইন উইলিয়ামসনের খেলার পাশাপাশি ওর ব্যক্তিত্ব আমাকে ভীষণ টানে। স্পোর্টসম্যান শুড বি লাইক জেন্টল, ভেরি জেন্টল। শচীন টেন্ডুলকারকেও এই কারণে আমার ভীষণ ভালো লাগত। খেলায় তো তিনি গ্রেট, মানুষ হিসেবে তাঁকে অন্য রকম জেনেছি।

প্রশ্ন :

ক্রিকেট–বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে অনেক খেলোয়াড়ের সঙ্গে পরিচয়।

এমন কোনো খেলোয়াড় আছেন, যাঁর সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা, কিন্তু বলতে পারছেন না।
ও গড, এটা বলাই যাবে না (হাসি)। চাকরিও থাকবে না। অন রেকর্ড তো এসব বলাই মুশকিল। তবে মাশরাফি বিন মুর্তজাকে আমি অনেক পছন্দ করি। সাকিব আল হাসানকেও পছন্দ। দুজনই ম্যারিড, দুজনই তাদের জীবনে সুখী মানুষ। আমিও বিবাহিত জীবনে ভালো আছি। তাদের সঙ্গে তো আর লং ড্রাইভে যাওয়ার চিন্তা করে লাভ নেই।

প্রশ্ন :

কার সঙ্গে গিয়ে লাভ?

কারও সঙ্গে লাভ নেই। সবাই তো ব্যক্তিজীবনে এনগেজড। বিরাট কোহলিকেও আমার ভীষণ পছন্দ। সাকিব আল হাসানের ট্যালেন্টকে আমি পছন্দ করি। আমার মনে হয়, যতটা না সে ট্যালেন্টেড খেলোয়াড়, তার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট প্লেয়ার। বুঝেশুনেই খেলে। সুযোগ পেলে কেইন উইলিয়ামসনকে নিয়ে ঘুরতে যেতে চাই।

প্রশ্ন :

অভিনয়ের খবর কী?

কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তবে আমি সব ধরনের কাজ করবও না। ভালোবাসা দিবসের নাটকে কাজ করতে চাই।

প্রশ্ন :

সিনেমায় অভিনয় নিয়ে কোনো পরিকল্পনা?

সিনেমা একদমই নয়। ওয়েব সিরিজে হয়তো কাজ হতেও পারে। তবে সিরিজের অভিনয়ে অনেক সময় দিতে হয়। আমার তো ঢাকা মেডিকেল কলেজে চাকরি। আমার চাকরির সঙ্গে সমন্বয় করে যদি করা যায়, তাহলে দেখা যাবে।

প্রশ্ন :

চিকিৎসা পেশা কেমন চলছে?

ডাক্তারি ভালোই চলছে। ওখানে তো কোনো ছাড় নেই।