তারা এখন হয়তো আর আমার কাজে হতাশ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোর চলচ্চিত্রে অভিনয় করে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন দীপান্বিতা মার্টিন। দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে একপর্যায়ে হতাশায় পড়েছিলেন। এ হতাশা একটি ভালো চরিত্রের জন্য, অভিনয় চালিয়ে যাওয়ার জন্য। ক্যারিয়ার ও বিভিন্ন প্রসঙ্গে কথা বললেন দীপান্বিতা
গোর চলচ্চিত্রে অভিনয় করে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন দীপান্বিতা মার্টিন
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

প্রশ্ন :

অভিনন্দন।

অনেক ধন্যবাদ।

প্রশ্ন :

কাজের সেরা স্বীকৃতি, ঘোষণার পর নিজের নাম দেখে কী মনে হচ্ছে?

আমার নাম দেখে আমি স্তব্ধ হয়ে গেছি, সত্যই আমি পেয়েছি! বেশ খানিকটা সময় চুপ হয়ে বসে ছিলাম। কারণ, আমার কোনো রকম প্রত্যাশা ছিল না। তবে কাজটা সব সময় ঠিকঠাক মতো করি। সেই জায়গা থেকে এটা অনেক বড় পাওয়া। আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না, ভাবিও না। মেরিল প্রথম আলো পুরস্কারের পর এটা আমার সেরা অর্জন।

প্রশ্ন :

আপনার এই প্রাপ্তিতে বেশি খুশি কে?

সিনিয়র কিছু সহকর্মী, বন্ধু ও পরিবারের লোকেরা সবচেয়ে বেশি খুশি। তাদের আনন্দ এত বেশি যে দেখে মনে হচ্ছে এটা আমার পাওয়া উচিত ছিল, তারা আমার চেয়ে কয়েক গুণ উচ্ছ্বসিত। তখন মনে হয়েছে এটা আমি ডিজার্ব করি

দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে একপর্যায়ে হতাশায় পড়েছিলেন
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

প্রশ্ন :

আর পরিবারের মানুষেরা?

আমি অনেক কম কাজ করতাম। কিন্তু বেছে বেছে করতাম। এই অর্জন তাদের কাছে অবিশ্বাস্য। আমার বোনেরাসহ সবাই খুশি। তারা এখন হয়তো আর আমার কাজে হতাশ হবে না।

প্রশ্ন :

তার মানে আপনার কাজে পরিবারের লোকেরা কিছুটা হতাশ ছিলেন? আপনিও কি হতাশ ছিলেন?

কাজ নিয়ে আমি অনেক রকমের হতাশার মধ্যে ছিলাম। অনেক সময় হতাশ হয়ে পড়তাম। আমার হতাশা যে এখনো নেই, সে রকম না। কারণ, আমাদের দেশে অভিনয়দক্ষতাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। যে কারণে এখানে অভিনেত্রী, অভিনয়শিল্পী তৈরি হয়নি। এ জন্য সব সময় ভাবতে হয়েছে আমার ফিডব্যাকটা কী হবে...

অভিনেত্রী দীপান্বিতা মার্টিন
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

প্রশ্ন :

বর্তমান অভিনয়জগৎ নিয়ে আপনার পর্যবেক্ষণ বলবেন?

কিছু সিনিয়র ব্যতীত ভালো কাজের জন্য ভালো অভিনেতা হতে হবে—এ মানসিক চেতনা অনেকের মধ্যেই নেই। আমার কথাই যদি বলি, একজন অভিনেত্রী হিসেবে এটাকে শিল্প মনে করি, ভালোবেসে চর্চা ও অভিনয় নিয়ে পড়াশোনা করি। সারা জীবন সাধনা করছি, কিন্তু আমাদেরই অভিনয়ের সুযোগ কম। পেশাদারি, দায়বদ্ধতা কম। এসব সংকটই হতাশার জন্ম দেয়।

প্রশ্ন :

এত হতাশার মাঝেও কাজের অনুপ্রেরণা আসে কীভাবে?

বিনোদন জগৎ ও বিনোদন জগতের বাইরে কাছের বন্ধুরা সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়। পরিবার ও সহকর্মীরা তো আছে।

বিনোদন জগৎ ও বিনোদন জগতের বাইরে কাছের বন্ধুরা তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত