
আজ মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছুঁয়ে দিলে মন। গতকাল ছিল এর উদ্বোধনী প্রদর্শনী। এই ছবির মধ্য দিয়ে ধ্বনি-চিত্র পুরোদস্তুর বাণিজ্যিক চলচ্চিত্রের প্রযোজনায় যুক্ত হলো। এই ছবির নানা দিক নিয়ে কথা বলেছেন সারা যাকের
প্রদর্শনীর আমন্ত্রণপত্রে গোটা অক্ষরে লেখা ছিল ‘প্রযোজক: সারা যাকের’...
হ্যাঁ। প্রযোজক হিসেবে আমার নাম লেখা হলেও পুরো কাজটার সঙ্গে আরও অনেকের সম্পৃক্ততা আর পরিশ্রম জড়িয়ে আছে। শুধু এশিয়াটিক বা ধ্বনি-চিত্রেরই নয়, ছবির পরিচালক শিহাব শাহীনের প্রতিষ্ঠান মনফড়িংও আছে আমাদের সঙ্গে। সবার উদ্দেশ্য ছিল একটাই—এমন একটা ছবি বানাতে চাই, যা দেখার জন্য সবাই আবার সিনেমা হলে ফিরে আসবে। আশা করছি, আমরা এমনই একটি ছবি বানাতে পেরেছি। প্রযোজক বলে বলছি না, শিহাব শাহীন সত্যিই খুব ভালো কাজ করেছেন। মম ও শুভ তাদের সেরাটা দিয়েছে। আর ইরেশের কথা কী বলব। সে তো এক অদ্ভুত হেয়ারস্টাইল নিয়ে এই ছবিতে অভিনয় করেছে।
মঞ্চের কাজে আপনি আবার ব্যস্ত হয়েছেন
মঞ্চে সবশেষ কাজ করলাম ঊষা গাঙ্গুলির নির্দেশনায় নাগরিক নাট্যসম্প্রদায়ের নামগোত্রহীন নাটকে। মঞ্চে কাজ করতে তো ভালো লাগে সব সময়ই। তবে মাঝে একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম। এখন আবারও পুরোদমে মঞ্চের কাজ গোছাচ্ছি। এ বছরই আমার নির্দেশনায় নতুন একটি নাটক আনব মঞ্চে। এতে অভিনয়ও করব। এ বছরই দর্শকেরা নতুন করে মঞ্চে পাবেন আমাকে।
আপনি রেডিওতেও অনুষ্ঠান করছেন
রেডিও স্বাধীনে প্রতি সোমবার ‘তুমি বলো আমরা শুনছি’ নামে একটি অনুষ্ঠানের সঞ্চালনা করছি। এতে আমরা কথা বলি কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষের মনস্তাত্ত্বিক ও নানান সংবেদনশীল বিষয় নিয়ে, যা অনেকেই পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আলাপ করতে চায় না। একটা সময় টেলিভিশনেও এ ধরনের একটা অনুষ্ঠান সঞ্চালনা করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, টিভির চেয়ে রেডিওতে মানুষ তাদের একান্ত কথাগুলো আরও খোলামেলাভাবে প্রকাশ করতে পারে।
টেলিভিশন নাটকে আপনাকে খুব কম দেখা যায়...
মঞ্চ কিংবা চলচ্চিত্রের কাজগুলোতে সময় নিয়ে একান্ত নিজের জন্য কিছু করার থাকে। টিভি নাটকে তেমন সুযোগ এখন খুব কম। তবে টেলিভিশন নাটকে কোনো না কোনোভাবে অভিনয় করা হয়েই যায়।