তিন-চার কোটি টাকা হলেই স্বপ্নের সিনেমাটি বানানো যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী হায়াৎ
সংগৃহীত
৪৩ বছরের চলচ্চিত্র জীবনে ৫০টির বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন কাজী হায়াৎ। এই মূহূর্তে তিনি শুটিং করছেন ‘জয় বাংলা’ নামের একটি সিনেমার। পরিচালনার পাশাপাশি কাজী হায়াৎ চিত্রনাট্যকার এবং অভিনেতা হিসেবেও পরিচিত। ১৯৪৭ সালের ১৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামে তাঁর জন্ম। ১৯৭৪ সালে মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর চলচ্চিত্রকার আলমগীর কবিরের সঙ্গে ‘সীমানা পেরিয়ে’ চলচ্চিত্রেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর বেশির ভাগ চলচ্চিত্রে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র ফুটে ওঠে। তাঁর পরিচালিত ছবিগুলোর মধ্যে ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘চাঁদাবাজ’, ‘সিপাহী’, ‘দেশপ্রেমিক’, ‘লাভ স্টোরি: প্রেমের গল্প’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘কাবুলিওয়ালা’, ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ উল্লেখযোগ্য। জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কথা হয় তাঁর সঙ্গে।

প্রশ্ন :

শুভ জন্মদিন।

ধন্যবাদ।

প্রশ্ন :

একেক জনের কাছে জন্মদিনের অনুভূতি একেক রকম। আপনার কাছে কেমন?

আমার তো মনে হয়, জীবন থেকে আরেকটি বছর চলে গেল। আনন্দ নয়, দুঃখ হয়। এই বয়সে এসে ভাবতে থাকি, আর কয়টা জন্মদিন পালন করতে পারব। আর কত বছর সবাই এভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাবে। চলে যাওয়ার সময়টা হয়তো সন্নিকটে।

প্রশ্ন :

চার দশকের বেশি সময় ধরে পরিচালনা করছেন। অনেক চলচ্চিত্র তৈরি করেছেন। এমন কী করতে চান, যা এখনো করা হয়নি?

সব সময়ই মনে হয়, এখনো একটি ভালো ছবি তৈরি করতে পারিনি। এমন একটি ভালো ছবি, যে ছবি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এমন একটি ভালো ছবি নির্মাণ করার স্বপ্ন দেখছি অনেকদিন ধরে।

ছেলে মারুফ ও মেয়ে মিমের সঙ্গে বরেণ্য পরিচালক বাবা কাজী হায়াত
ছবি : পারিবারিক অ্যালবাম থেকে নেওয়া

প্রশ্ন :

আপনি কি মনে করেন, সময় ফুরিয়ে গেছে?

সেই সময় এখনো ফুরিয়ে যায়নি। এই ভালো ছবি তৈরি করার এখনো অনেক সময় আছে। আমার ইচ্ছা, আমার মৃত্যু হোক ক্যামেরার পাশে। চলচ্চিত্রের ক্যামেরা চালাতে চালাতে যেন আমার মৃত্যু হয়।

প্রশ্ন :

কেন এই উপলব্ধি?

আমি তো চলচ্চিত্র ছাড়া অন্য কোনো পেশায় জড়াতে পারিনি। এই জীবনে অন্য কিছু হতেও চাইনি। সিনেমা আমার প্রাণের জায়গা, আমি সিনেমায় দম ফিরে পাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সিনেমার সঙ্গে জড়িয়ে থাকতে চাই।

প্রশ্ন :

সিনেমায় কাজ শুরু করার আগে, নাকি কাজ করতে করতে এমনটা মনে হয়েছে?

শুরু থেকেই সিনেমার প্রতি একটা দুর্বলতা ছিল। তারপর সিনেমাকে ভালোবাসা। এরপর সিনেমার সঙ্গে সংসার করা। সিনেমা থেকে উপার্জন করা এবং ছেলেকেও সিনেমায় নিয়ে আসা। আমার আসলে সবটুকুই সিনেমা। আমি বিয়েও করেছি একটি সিনেমা পরিবারে, আমার স্ত্রী সংগীতজ্ঞ আজাদ রহমানের বোন। অতএব আমি বলতে পারি, সিনেমাকে একেবারের আপন করে নিয়েছি। চলচ্চিত্রে কাজ করা কাউকে দেখেছি একটা সময় সিনেমাকে ঘৃণা করতে। কিন্তু সিনেমাকে আমি কখনোই ঘৃণা করিনি, করতে পারবও না। সিনেমাকে অনেকে অচ্ছুত মনে করে। সিনেমার অনেক বড় তারকারাও একটা সময় নিজেদের আবিষ্কার করেছেন ভিন্নভাবে। এরপর তাঁরা সিনেমা থেকে বিদায় নিয়েছেন। হয়তো তাঁদের ভাবনায় তাঁরা সেটা করেছেন। আমি আসলে বলতে চাইছি, এই সিনেমাই আমার একমাত্র আপন। একে পরিত্যাগ করার কথা আমি কখনো ভাবিনি। আমার ছেলেকে তো লেখাপড়ার মাঝখানেই চলচ্চিত্রে নিয়ে এসেছি। আমার নাতনিও সিনেমায় অভিনয়ে চলে এসেছে।

কাজী হায়াতের সঙ্গে তাঁর স্ত্রী রোমিসা হায়াত ও দুই সন্তান মিম এবং মারুফ
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

আপনার মেয়ে...

আমার মেয়ে মিম (কাজী আফরোজা) সে-ও তো সিনেমার প্রডিউসার। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সে।

প্রশ্ন :

চলচ্চিত্রের কাজে আপনার স্ত্রী কেমন সহযোগিতা করেন?

আমার স্ত্রী ও কন্যা দুজনেই ভীষণভাবে উৎসাহিত করে। তারা কখনো নিরুৎসাহিত করেনি। আজও তারা আমাকে চলচ্চিত্রের কাজে নানাভাবে উৎসাহিত করে। তারা আমার সিনেমা-সম্পর্কিত কোনো কর্মে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি।

কাজী হায়াৎ
ছবি : প্রথম আলো

প্রশ্ন :

আপনি বলছিলেন, একটি আন্তর্জাতিক মানের সিনেমা বানাতে চান। এটার গল্প কিংবা চিত্রনাট্য কী তৈরি করা হয়ে গেছে?

আছে আছে, তৈরি আছে। কিন্তু অনেক ফাইন্যান্সের দরকার, তাই বানাতে পারছি না। হয়তো আর কখনো হবেও না। আমার স্বপ্নের চলচ্চিত্রের গল্পটা ওয়ার চাইল্ড নিয়ে। এই সিনেমাটা আমি বানাতে চাই। মৃত্যুর আগে সিনেমাটা বানানো আমার স্বপ্ন।

প্রশ্ন :

কত টাকা লাগতে পারে?

গল্প অনুযায়ী আমার তো মনে হয়েছে তিন-চার কোটি টাকা হলেই স্বপ্নের সিনেমাটি বানানো যায়। কারণ, পৃথিবীর তিনটি দেশে এই চলচ্চিত্রের শুটিং করতে হবে। ভারত, পাকিস্তান ও আমেরিকা বা ইউরোপের যেকোনো একটি দেশে। এটা করতে পারলে আমারও স্বপ্নটা পূরণ হতো আরকি। এ দেশের অনেক মানুষ আছে, যাদের কাছে এই তিন-চার কোটি টাকা কিছুই না।

কাজী হায়াৎ

প্রশ্ন :

এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে কারা থাকবেন?

প্রধান চরিত্র তিনটি। তিনটি চরিত্র ঘিরে পুরো গল্প আবর্তিত হয়েছে। এই তিনজন হচ্ছে আলমগীর, মৌসুমী ও কাজী মারুফ। তিনটি কাস্টিং প্রাথমিকভাবে মনে মনে চূড়ান্ত করাই আছে।