ফারহান আখতারের সাক্ষাৎকার
‘তিন হাজার ক্যালরির বেশি খাবার খেতাম’
আবার স্পোর্টসভিত্তিক ছবিতে ফারহান আখতার। ভাগ মিলখা ভাগ–এর পর এবার তিনি বক্সার। ওটিটিতে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত তুফান। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই ছবির জন্য দিন–রাত এক করে পরিশ্রম করেছেন ফারহান। এক ভার্চ্যুয়াল সাক্ষাৎকারে বলিউড অভিনেতা তথা পরিচালক ফারহান আখতারের মুখোমুখি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি।
প্রশ্ন :
‘তুফান’ থিয়েটারে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ওটিটিতে এসেছে। মন খারাপ হয়নি?
তুফান থিয়েটারের জন্যই নির্মাণ করা হয়েছিল। কিন্তু গত দেড় বছরে করোনার কারণে পুরো বিশ্বই বদলে গেছে। এখন ছবিটা যে ওটিটিতে মুক্তি পাচ্ছে, এতেই আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আর এ সময় প্রেক্ষাগৃহ কারও জন্যই সুরক্ষিত নয়। পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা আমাকে একদিন বলেছিলেন, মহামারির কারণে বাড়ির ছোট পর্দা আজ বড় পর্দায় পরিণত হয়েছে। এখন এটাই একমাত্র মাধ্যম। এর সাহায্যে আমরা সারা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে নিমেষে পৌঁছে যাব। আর এটাই আমার কাছে সবচেয়ে বড় সৌভাগ্যের কথা। তাই তুফান থিয়েটারে মুক্তি পাচ্ছে না বলে এতটুকু আফসোস নেই। কোভিডের কারণে ছবি বিপণন অনেকটাই বদলে গেছে। আর আমাদেরও এক কদম এগিয়ে গিয়ে এই মাধ্যমকে স্বাগত জানাতে হবে।
প্রশ্ন :
ওটিটিতে মুক্তির ফলে বক্স অফিসের চাপ থেকে কি কোথাও মুক্তি পেয়েছেন?
একটা সিনেমায় অভিনয়শিল্পীদের অভিনয় ক্ষমতার প্রশংসা করা হয়। তা সে থিয়েটারে মুক্তি পাক কিংবা ছোট পর্দায়। তাই আমি কোনো দিন কোনো ছবি ঘিরে চাপ অনুভব করিনি। সিনেমায় ভালো কাজ করা আমার কাছে এক দায়িত্বের মতো। নিজের কাজ আমি মনোযোগ দিয়ে করি। দর্শকের আমার কাজ পছন্দ হলে অভিনেতা হিসেবে সেটাই আমার সফলতা।
প্রশ্ন :
এই ছবিতে চরিত্রের প্রয়োজনে আপনাকে শারীরিক অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এ ধরনের পরিবর্তন শরীরের জন্য কতটা ক্ষতিকর?
আমার শরীর দেখে কেউ যেন অনুকরণ করতে না যায়। ফিটনেস সব সময় ভালো। কিন্তু সব ক্ষেত্রেই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অনেক তরুণ সিনেমার হিরো দ্বারা অনুপ্রাণিত হয়ে সে রকম শরীর বানানোর প্রয়াস করে, যা একদমই ঠিক নয়। ‘বডি বিল্ডিং’ একটা বিজ্ঞান। কোনো ব্যক্তির শারীরিক গঠন অনুযায়ী কতটা ওয়ার্কআউট করতে হবে, কতক্ষণ শুতে হবে, কত পরিমাণ জল খেতে হবে, ডায়েট—এ সবকিছু নির্ধারণ করা হয়। এক্সপার্টের দেখানো পথে আমাদের চলা উচিত। ট্রেনার আর পুষ্টিবিদ আমাদের সঠিকভাবে চালনা করতে পারে।
প্রশ্ন :
শুনেছি, এই ছবির জন্য প্রচুর ঘাম ঝরিয়েছেন?
হ্যাঁ, শুটিং শুরু হওয়ার আগে টানা আট মাস প্রশিক্ষণ নিয়েছিলাম। সপ্তাহে ছয় দিন পাঁচ ঘণ্টা ট্রেনিং করতাম। চরিত্রের প্রয়োজনে আমাকে মোটা দেখানো জরুরি ছিল। কিন্তু আমার ওজন কিছুতেই বাড়ছিল না। জীবনে আমার ৭৪ কেজির বেশি ওজন বাড়েনি। শেষ পর্যন্ত তুফান–এর জন্য ৮৬ কিলো পর্যন্ত ওজন বাড়িয়েছিলাম। ওই সময়ে তিন হাজার ক্যালরির বেশি খাবার খেতাম। কিন্তু আমার ওজনের কাঁটা ৭৯–তে গিয়ে থেমে গিয়েছিল। তাই ওজন ৮৬-তে নিয়ে আসার জন্য অনেক কড়া পদক্ষেপ নিতে হয়েছিল। আমার জন্য এটা অনেক কঠিন কাজ ছিল। এ ধরনের শারীরিক পরিবর্তনের সময় এক্সপার্টদের পাশে থাকা জরুরি। আমার পাশে ছিলেন বক্সিংয়ের টিম, আমার প্রশিক্ষক সমির জারা, ফিজিওথেরাপিস্ট চিকিৎসক আনন্দ।
প্রশ্ন :
লকডাউনে কীভাবে সময় কাটিয়েছেন?
ভালো-মন্দ মিলিয়ে সময়টা কাটিয়েছি। নিজের পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে মাঝেমধ্যে দেখা–সাক্ষাৎ করতাম। বই পড়ে, সিনেমা দেখে সময় কাটিয়েছি। কিন্তু এই করোনার সময় এমন কিছু দৃশ্য দেখেছি, যা দেখে মন ভারাক্রান্ত হয়ে গেছে। অসংখ্য মানুষ করোনার কারণে প্রিয়জন হারিয়েছে। শেষ দেখাটাও তাঁরা দেখতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে আমি এ সময় সাধারণ মানুষের সেবা করেছি। গত কিছু মাস কিছুই ঠিক ছিল না। আমাদের সব হিসাব–নিকাশ উল্টে গেছে।