তিনি থাকলে ছবি মুক্তির আনন্দটা অন্য রকম হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যকলার শিক্ষার্থী তাহমিনা অথৈয়ের আত্মপ্রকাশ হল চলচ্চিত্রে
ছবি: সংগৃহীত
শুক্রবার মুক্তি পেয়েছে প্রয়াত সাইদুল আনাম টুটুল পরিচালিত শেষ ছবি ‘কালবেলা’। ছবিটিতে অভিনয় করেছেন তাহমিনা অথৈ। জীবনের প্রথম চলচ্চিত্র মুক্তির প্রতিক্রিয়া জানালেন এই তরুণ শিল্পী।

প্রশ্ন :

বড়পর্দায় নিজেকে কেমন লাগল?

যে কোনো কাজ দেখলে মনে হয়, আরেকটু ভালো করা যেত। অতৃপ্তি তো থেকেই যায়। কিন্তু প্রিমিয়ারে যারা এসেছিলেন তাঁরা খুব প্রশংসা করেছেন। অনেকে বলেছেন, মুক্তিযুদ্ধের ছবি এ রকমই হওয়া উচিত।

একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যুক্ত হন অথৈ
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

জীবনের প্রথম সিনেমার নায়িকা হলেন, সেটাও মুক্তিযুদ্ধ নিয়ে। ব্যাপারটা কেমন আপনার কাছে?

মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট কোনো কাজ করতে পারাটা গর্বের। এই শব্দটার ভেতরেই একটা শক্তি আছে। আমি নাট্যকলার ছাত্রী, থিয়েটার করেছি, টেলিভিশনের জন্য কাজ করেছি। ভাবিনি এত দ্রুত আমি এ রকম একটা বড় কাজ করার সুযোগ পাব।

প্রয়াত নির্মাতা সাইদুল আনাম টুটুলের হাত ধরে চলচ্চিত্রজীবন শুরু করেন অথৈ
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রয়াত পরিচালক সাইদুল আনাম টুটুলকে কতটা দেখেছেন?

তিনি ভীষণ বিনয়ী একজন মানুষ। অনেক পরিশ্রম করতে পারতেন। শরীর খারাপ নিয়েও শুটিং করতেন, কিন্তু আমাদের বুঝতে দিতেন না। আমরা ক্লান্ত হয়ে গেলে গম্ভীর মুখ নিয়ে দুই এক শব্দে এমন সব রসিকতা করতেন যে, হাসতে হাসতে আমাদের ক্লান্তি চলে যেত। তাঁর মতো এত ভালো মানুষ, বড় মাপের পরিচালক, দক্ষ চিত্র সম্পাদকের হাত ধরে জীবনের প্রথম ছবি করতে পারা আমার পরম সৌভাগ্য। দুঃখের বিষয় হচ্ছে ডিসেম্বর মাসে তিনি চলে গিয়েছিলেন, ডিসেম্বরেই তাঁর ছবিটা মুক্তি পেল। তিনি থাকলে ছবিমুক্তির আনন্দটা অন্য রকম হতো।

প্রশ্ন :

তাঁর কোন কথাটা আজ মনে পড়ছে?

তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, “তুমি কি পারবে?” আমি বলেছিলাম নিশ্চয়ই পারব স্যার। এক রাতে ফোন করে তিনি বললেন, স্ক্রিপ্ট পাঠিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম, ‘আমি আপনার হাত থেকে স্ক্রিপ্টটা নিতে চাই।’ আমি স্যারের বাসায় গিয়ে তাঁর হাত থেকে স্ক্রিপ্ট নিয়েছি। ছবিটায় কাজ করতে ভাবী (টুটুলের স্ত্রী মোবাশ্বেরা খানম) আমাকে অনেক সহযোগিতা করেছেন। ছবিটা শেষ করতে তিনি খুব খাটাখাটনি করেছেন।

‘কালবেলা’ ছবির একটি দৃশ্যে তাহমিনা অথৈ
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রথম ছবির শুটিংয়ে যাওয়ার সময় বাড়ির লোকেরা কী উপদেশ দিয়েছিলেন?

বাবা বলেছিলেন, ‘মনে রেখ, পিকনিকে যাচ্ছো না। দায়িত্ব ও সম্মানের সঙ্গে মনোযোগ দিয়ে কাজটি করবে। শুধু শুধু লোক হাসালে কিন্তু চলবে না।’ আশা করি বাবাও ছবিটা দেখবেন।

প্রশ্ন :

এরই মধ্যে আর কী কাজ করলেন?

‘ছেলেটি অদ্ভুত’ নামে মানিক মানবিকের একটা ছবি করেছি। এটা ২০২২ সালে মুক্তির কথা আছে। এখানে তৌকীর ভাই, সাজু খাদেম ভাইসহ আরও অনেকে অভিনয় করেছেন। আর আগামী বছর শুটিং হবে ‘চট্টলা এক্সপ্রেস’ ছবির। এ ছবিতে ফেরদৌস ভাইসহ আরও অনেকে থাকবেন। আরও বেশ কিছু কাজের কথা চলছে।