তিনি সব সময় তারুণ্যের সঙ্গেই ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ফেরদৌস আরা
ফেরদৌস আরা
আজ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী। কবিকে স্মরণ করে সংগীতশিল্পী ফেরদৌস আরা আজ গাইবেন বেশ কয়েকটি অনুষ্ঠানে। এতে তাঁর সঙ্গে থাকবেন সুরসপ্তকের শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে থাকছে তাঁর একক সংগীতানুষ্ঠান ‘নয়ন ভরা জল’। এটিএন বাংলায় ‘মেলবন্ধন’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। রাত ১১টা ২০ মিনিটে গাইবেন আরটিভির ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানে। এসব ব্যস্ততার ফাঁকেই ফেরদৌস আরা কথা বললেন নজরুলের প্রাসঙ্গিকতা ও চর্চা নিয়ে—

নজরুল চর্চার বর্তমান অবস্থা কী?
নজরুলের চর্চা আগের চেয়ে অনেক বেড়েছে। নতুন সময়ের শিল্পীরা নতুন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে নজরুলের গান করছেন। এতে সেটা শুনতে আরও ভালো লাগছে। নজরুল সব সময় আধুনিকতার সঙ্গে ছিলেন, তারুণ্যের সঙ্গে ছিলেন। তাঁকে বলা হয় আধুনিক গানের মুক্তিদাতা।
বাংলাদেশে নজরুলসংগীত শিক্ষার অগ্রগতি কতটা?
দেশের বিভিন্ন জেলা শহর থেকে ছেলেমেয়েরা নজরুলসংগীত শিখতে আসছে। নজরুল ইনস্টিটিউট ডিপ্লোমা কোর্স করানোর পাশাপাশি প্রশিক্ষকদেরও প্রশিক্ষণ দিচ্ছে। বিভিন্ন জেলা শহরে যাঁরা নজরুলসংগীত শেখান, তাঁদের প্রশিক্ষণের কাজ সম্প্রতি শেষ করেছে ইনস্টিটিউট।
মৃত্যুর এত বছর পর নজরুল কি তাঁর সঠিক অবস্থানে আছেন?
অবস্থানের কোনো মানদণ্ড নেই। সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে কাজ করে গেলে নজরুল মানুষের কাছে পৌঁছে যাবেন। আর সেটাই আমাদের সবার মূল লক্ষ্য। সরকারি সহায়তাও বিশেষভাবে জরুরি। নজরুল একাডেমী সে দায়িত্বই পালন করছে।
বিদেশের মাটিতে নজরুল গ্রহণযোগ্য হয়ে উঠছেন কীভাবে?
বিদেশে নজরুলকে নিয়ে অনেক কাজ হচ্ছে। স্টেট ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় নজরুলের ওপর তিন দিনের একটি লেকচার শিট অনুষ্ঠান করা হয়। তাতে যোগ দেন বিদেশি নজরুল গবেষকেরা। নজরুলকে নিয়ে বিদেশি ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন তাঁরা। সেখানে অনেক বাঙালি শিল্পী গানও শোনান। এটির আয়োজন করে ‘তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া’ নামের একটি সংগঠন। বাংলাদেশেও এদের একটি শাখা কাজ করে যাচ্ছে। তরঙ্গ অব ক্যালিফোর্নিয়ার দুই উদ্যোক্তা শিপার চৌধুরী ও মোয়াজ্জেম হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। সেখানে তাঁদের নিজস্ব জমিতে নজরুলমঞ্চ, জাদুঘর ও পাঠাগার হচ্ছে।
নজরুলের গান নিয়ে আপনার সাম্প্রতিক কী কাজ আসছে?
নজরুলের গানের শুদ্ধ বাণী ও সুর নিয়ে কাজ করছি। সেগুলো নিয়ে এক হাজারের ওপরে গান করার পরিকল্পনা আছে। ইতিমধ্যে নজরুলের ২০০ গান রেকর্ড করা হয়ে গেছে। ১২টি করে গান নিয়ে এরই মধ্যে প্রকাশিত হয়েছে নজরুলসংগীত সমগ্র-এর চারটি অ্যালবাম। নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইতে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে এটির পঞ্চম খণ্ডের মোড়ক উন্মোচন করা হবে।