তিলকে তাল করার কিছু নেই

>
- ভালোবাসা দিবস ঘিরে কিছু নাটকে অভিনয় করছেন জোভান।
- ভালো কাজের পাশাপাশি তাঁকে নিয়ে কিছু অভিযোগও আছে।
- মেহ্জাবীন আর আমি মিলে ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকের শুটিং করেছি।
ভালোবাসা দিবস ঘিরে বেশ কিছু নাটকে অভিনয় করছেন তরুণ অভিনয়শিল্পী জোভান। ভালো কাজের পাশাপাশি তাঁকে নিয়ে বেশ কিছু অভিযোগও আছে। সবকিছু নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। অকপটে বলেছেন নিজের ক্যারিয়ার, প্রেম ও কাজের জায়গা নিয়ে।
ভালোবাসা দিবসের অনেক কাজ করছেন নাকি?
হ্যাঁ করছি। সত্যি সত্যি এবার ভালো কিছু কাজ করছি। এর মধ্যে তিনটি নাটক চ্যানেলে প্রচারের জন্য চূড়ান্ত হয়েছে। আরও কিছু নাটকের শুটিং চলছে। এগুলোও চূড়ান্ত হয়ে যাবে।
এত নাটকের মধ্যে কোনটাকে এগিয়ে রাখবেন?
কয়েক দিন আগে মেহ্জাবীন আর আমি মিলে ‘বেস্ট ফ্রেন্ড’ নামে একটা নাটকের শুটিং করেছি। নাটকটি এনটিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে। কাজটি খুব ভালো হয়েছে।
সমসাময়িক কোন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পছন্দ করেন?
এই মুহূর্তে জিজ্ঞেস করলে একবাক্যে বলব মেহ্জাবীন। একজন অভিনেত্রীর যা যা গুণ থাকা দরকার, সবই তাঁর আছে। ঠিক সময়ে সেটে আসা, মহড়া করা, চিত্রনাট্যে মগ্ন থাকা এবং ঠিকঠাক শট দেওয়া, সবই করেন তিনি। আবার বয়সে বড় অভিনেত্রীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। মম ও অপর্ণা আপুর সঙ্গে শুটিং করতে খুবই ভালো লাগে। দুর্ভাগ্য, আমার প্রজন্মের অনেকে লাইমলাইটে এলেও তাঁরা সেটে মুঠোফোন নিয়ে বেশি ব্যস্ত থাকতে পছন্দ করেন। এ কারণে কাজটা ঠিকঠাক হয় না।
আপনার ক্যারিয়ার তৈরিতে কার অবদান আছে?
প্রতিটি ধাপে ধাপে সবাইকে প্রমাণ দিয়ে আমাকে এগোতে হয়েছে। তাই মানুষের চেয়ে আমি আমার চেষ্টাকে এগিয়ে রাখব। তবে কিছু মানুষ সুযোগ দিয়েছেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।
আপনার বিরুদ্ধে শুটিং সেটে রাগারাগি করার অভিযোগ শোনা যায় প্রায়ই। কথাটা সত্যি?
দেখুন, আমি খুবই শান্তশিষ্ট ছেলে। কিন্তু রাগলে সেটা অনেকটাই বাজে আকার ধারণ করে। একটু পরিষ্কার করে বলি, নাটক কিন্তু একটা টিমওয়ার্ক। একজন-দুজন গাফিলতি করলে পুরো কাজে সমস্যা হয়। দেখা যায়, অনেক সময় পরিচালকের অসচেতন সহকারীরা কাজে গুবলেট পাকান। তখন শুধু আমি না, সবারই মেজাজ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।
আপনি নাকি সেটে শুটিংয়ে মনোযোগ দেওয়ার চেয়ে মুঠোফোনে বেশি ব্যস্ত থাকেন?
আমি অনেকের মতো সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকি না। দৃশ্য ধারণের সময় তো নয়ই। কারণ, মুঠোফোনে ব্যস্ত থাকলে সংলাপ মুখস্থ থাকবে না। ফলে দৃশ্য এনজি হবে। এতে তো আমারই ক্ষতি। আমি জেনেশুনে নিজের ক্ষতি কেন করব!
ক্যারিয়ারের শুরুতে ‘ন’ আদ্যক্ষরের একজন অভিনয়শিল্পীর সঙ্গে প্রেম করতেন। আবার এখন ‘প’ আদ্যক্ষরের একজনের সঙ্গে প্রেম করছেন। সত্যি?
দেখুন, এই ব্যাপারটি একটু পরিষ্কার করা দরকার। অনেকেই অনেক কিছু মনে করেন। অনেক ছোট ঘটনা এক কান থেকে আরেক কানে যেতে যেতে বড় হয়ে যায়। শুরুতে যাঁর কথা বলছেন, তাঁর সঙ্গে আর আগের মতো সম্পর্ক নেই। তবে কাজের সূত্রে তো কথা হয়ই। আর পরে যাঁর কথা বলছেন, তাঁর সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। সেটা প্রেম নয়। আমি তাঁর কাছে পরামর্শ নিতাম। অনেক কিছু জানতে চাইতাম। শিখতাম। এই তো। তাই সবার কাছে অনুরোধ, তিলকে তাল করার কিছু নেই।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক