বাসায় যা করতাম, শ্বশুরবাড়িতেও তাই করছি

নিশিতা বড়ুয়াছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন গান প্রকাশ করেছেন ক্লোজআপ ওয়ানখ্যাত গায়িকা নিশিতা বড়ুয়া। ঈদুল ফিতরেও মুক্তি পেয়েছে নতুন গান। ঈদুল আজহায় নতুন গান প্রকাশেরও প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন গান, বিয়ের পর হানিমুন ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে

প্রশ্ন :

দীর্ঘদিন পর ঈদে একটি গান প্রকাশ করলেন।

দুটি গান প্রস্তুত ছিল। একটি মুক্তি পেয়েছে। কারণ, করোনা পরিস্থিতিতে সবার সুবিধা-অসুবিধা দেখতে হয়। আমি চাইলেও একা কণ্ঠ দিতে পারি না। সুরকার, গীতিকার, সংগীত পরিচালকসহ অনেকেই একটি গান তৈরির সঙ্গে যুক্ত থাকেন।

প্রশ্ন :

গান প্রকাশের প্রতিক্রিয়া কীভাবে পেয়ে থাকেন?

আগে সবাই ফোনে ফিডব্যাক জানাতেন। এখন নতুন গান প্রকাশ পেলেই ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানানোর চেষ্টা করি। তাৎক্ষণিকভাবে তাঁদের মন্তব্যে বোঝা যায়। ফেসবুকে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়—দুটিই গুরুত্বপূর্ণ।

গায়িকা নিশিতা বড়ুয়া
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

এখন অনেকেই গানের ভিডিও তৈরি নিয়ে ভীষণ সিরিয়াস। এটা কতটা দরকার?

আমার এবারের গানের ভিডিওটা ঘরোয়া আয়োজনে করা। গানের ভিডিওতে আমার ছোট ভাই, ভাবি ও আত্মীয়স্বজন ছিলেন। আমি মনে করি, ভিডিওর আইডিয়াটা খারাপ নয়। যাঁরা আগে করেননি, তাঁদের ভিডিও আকারে গান ছাড়া উচিত। কারণ, দর্শক একই সঙ্গে দেখতে ও শুনতে পছন্দ করেন। কোনো কিছু দেখলে শোনার চেয়েও বেশি দিন মনে রাখা যায়।

প্রশ্ন :

বিয়ের পর পরিবারেও সময় দিতে হচ্ছে। কেমন কাটছে?

করোনার সময়ে বিয়ে হয়। এরপর শ্বশুরবাড়ি চলে আসি। শ্বশুরবাড়িই এখন আমার নতুন পরিবার। ভারসাম্য বজায় রাখতে সমস্যা হচ্ছে না। মনেই হচ্ছে না বিশাল কোনো দায়িত্ব পালন করতে হচ্ছে।

গায়িকা নিশিতা বড়ুয়া
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

বউ হিসেবে শ্বশুরবাড়িতে গিয়ে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে?

এটাকে আমি বাড়তি দায়িত্ব বলব না। আমি নিজের বাসায় থাকতে যা যা করতাম, শ্বশুরবাড়িতেও তাই করছি। আমার কাছে মনে হচ্ছে, পরিবারের একটা সদস্য যোগ হওয়ার মতো আমি এসেছি। আগে নিজের মাকে হেল্প করতাম, এখন শাশুড়ি মাকে হেল্প করছি।

প্রশ্ন :

হানিমুনে কোথায় গিয়েছিলেন?

করোনার কারণে হানিমুনে যাওয়া হয়নি। তবে হবিগঞ্জের একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম।

করোনার কারণে হানিমুনে যাওয়া হয়নি
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

বুদ্ধপূর্ণিমা নিয়ে একটি গান গাইলেন।

প্রবারণা পূর্ণিমায় একটি গান করেছিলাম। তখন গানটির অনেকেই প্রশংসা করেন। পরে বুঝতে পারলাম, বুদ্ধপূর্ণিমা নিয়ে অনেক তরুণ তেমন কিছু জানেন না। তাঁরা সব পূর্ণিমাকেই এক মনে করেন। তাঁদের জন্যই বুদ্ধপূর্ণিমার কিছু তথ্য দিয়ে গানটি করেছি।

প্রশ্ন :

বুদ্ধপূর্ণিমা আপনাদের বিশেষ দিন, কীভাবে দিনটা কাটালেন?

পারিবারের সঙ্গে সময় কাটিয়েছি। সবাই মিলে মন্দিরে গিয়ে প্রার্থনা করি। দিনটিতে আমরা উপোস থাকি। আত্মীয়স্বজনের সঙ্গে করোনার কারণে এবার সেভাবে দেখা হয়নি। কেউ কেউ আমাদের বাসায় এসেছেন। তাঁদের সঙ্গে আড্ডা দিয়েছি।

প্রশ্ন :

এখনকার ব্যস্ততা কী নিয়ে?

ঈদের পর এখন সবকিছু স্বাভাবিক হচ্ছে। এর মধ্যে তিনটি গানের কথা চূড়ান্ত হয়েছে। শিগগিরই কণ্ঠ দেব।

গায়িকা নিশিতা বড়ুয়া
ছবি: সংগৃহীত