
‘পূর্বা’ ধারাবাহিকের কাজ কত আগে শুরু করেছিলেন!
সঠিক তারিখটি মনে নেই। দু-তিন বছর তো হবেই। তবে ধারাবাহিকটিতে অভিনয় করতে গিয়ে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। ওটা মনে আছে।
কেমন অভিজ্ঞতা?
ধারাবাহিকটির গল্প এবং চিত্রনাট্য অনেক ভালো। পূর্বা নামের একটি ছোট মেয়েকে ঘিরে গল্প। আমি মেয়েটির বাবার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু যে কারণে মনে আছে তা হলো, কাজটি মোটেও গুছিয়ে করা হয়নি। প্রযোজক পরিবর্তন হয়েছে কয়েকবার। আমার সঙ্গে আর্থিক ঝামেলাও হয়েছে। একটু গুছিয়ে নিয়ে করা গেলে ধারাবাহিকটি অনেক বেশি ভালো হতো।
ধারাবাহিক নির্মাণের পর প্রচারের জন্য এত সময় নিলে তা কি অভিনয়শিল্পীদের ওপর প্রভাব ফেলে না?
অবশ্যই ফেলে। দু-তিন বছরে আমার তো কম পরিবর্তন হয়নি। আমার চরিত্রের ধারাবাহিকতা বাদ দিলাম। পূর্বা চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছে, ওই বয়সী মেয়েরা তো খুব দ্রুত বেড়ে ওঠে। ওর চেহারা ও শারীরিক পরিবর্তন হয়েছে নিশ্চয়ই। এখন নতুন করে শুটিং করতে গেলে নাটকের শুরুর সময়কার চেহারার সঙ্গে এখনকার চেহারা না-ও মিলতে পারে। তাই ধারাবাহিকতা রক্ষার জন্য হলেও গুছিয়ে কাজ করে দ্রুত প্রচারের ব্যবস্থা করা উচিত।
আপনার কাছে কী মনে হয়, টিভি নাটকের দর্শক বাড়ছে না কমছে?
কমছে না! দর্শক নেই-ই বলা চলে। কারণ, পুরো মিডিয়ায় একটা লেজেগোবরে অবস্থা। এখন যারা নাটক দেখে, তাদের প্রতি সত্যি কৃতজ্ঞ আমি। এই জগতের সবাই শুধু নিজেদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। দর্শকদের নিয়ে কেউ ভাবছে না। অথচ তারাই কিন্তু আমাদের মূল শক্তি। তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তা হলে এই শিল্প শেষ হয়ে যাবে।
নতুন কোনো কাজ শুরু করেছেন?
দুটি নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করছি। আর নিয়মিত প্রচারিত ধারাবাহিকগুলোতে কাজ তো করছিই।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক