
আঞ্চলিক ভাষায় নির্মিত ধারাবাহিক নাটক নোয়াশাল। আজ রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে ধারাবাহিকটির ৬০০তম পর্ব প্রচারিত হবে। নাটকটি পরিচালনা ও অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির। নাটক ও নিজের কাজ নিয়ে কথা বললেন প্রথম আলোর সঙ্গে।
আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণের কারণ কী?
ভাষাকে যারা বিকৃত করছিল, টিভি নাটকে যারা বাংলা ভাষাকে খারাপভাবে উপস্থাপন করছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এটা শুরু করেছিলাম। কারণ, আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের প্রকৃত ভাষা।
৬০০ পর্বের দ্বারপ্রান্তে ‘নোয়াশাল’। কত পর্ব নির্মাণের কথা মাথায় রেখে শুরু করেছিলেন?
তখন আমরা পরিকল্পনা করেছিলাম ৫২ পর্বে শেষ হবে। কিন্তু দর্শক ও চ্যানেলের চাহিদার কারণে নাটকটি এখনো করতে হচ্ছে। দর্শক নাটকটি থেকে এখন পর্যন্ত মুখ ফেরাননি। চ্যানেলও বলেনি যে এখন নাটকটি খারাপ লাগছে।
কত পর্ব পর্যন্ত চলবে?
এটা বলা কঠিন। ৬০১ পর্বেও বন্ধ হয়ে যেতে পারে। আবার ৭৯০ পর্বেও বন্ধ হয়ে যেতে পারে। আবার ১০০০ পর্ব পর্যন্তও চলতে পারে।
এটা তাহলে দর্শকের চাওয়ার ওপর নির্ভর করছে?
এক্সাটলি তা-ই। দর্শকের চাহিদা ও আমার যতটুকু দেওয়ার আছে—ওই পর্যন্তই। আমার যতটুকু আছে তা-ই দিতে পারব, এর বেশি তো সম্ভব না।
‘নোয়াশাল’ নামের কারণ কী?
নোয়াখালীর নোয়া আর বরিশালের শাল মিলে নোয়াশাল। আমি ২০০৮ সালে একটি নাটক করেছিলাম বরিশাল বনাম নোয়াখালী। আমার পরিচালনায় প্রথম নাটক। সেটি করতে গিয়ে আইডিয়াটা ডেভেলপ হয় যে একটি টিভি সিরিয়াল হতে পারে। দুটি অঞ্চলের দুটি পরিবারকে নিয়ে হতে পারে। একটি পরিবার হবে নোয়াখালীর, আরেকটি বরিশালের পরিবার।
অন্য কোনো এলাকা নিয়ে নাটক বানানোর পরিকল্পনা আছে?
অন্য কোনো অঞ্চল নিয়ে এ ধরনের নাটক বানানোর পরিকল্পনা আপাতত নেই। অন্য ধরনের নাটকও আমি বানাতে পারি, তা প্রমাণের জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে এক রকম করছি, ভবিষ্যতে অন্য বিষয়ের ওপর অন্য রকমভাবে করব।
অন্য কী কাজ করছেন?
কয়েকটি সিরিয়াল প্রচারিত হচ্ছে। নতুন নতুন নাটকে কাজ করার প্রস্তাব আসছে। সব মিলিয়ে সময়টা বেশ ব্যস্ত যাচ্ছে। সালিস মানি তালগাছ আমার, প্রেম নগর, ক্যাট হাউসসহ প্রচারিত হচ্ছে পাঁচ-ছয়টি নাটক। প্রচারের অপেক্ষায় আছে আরও চার-পাঁচটি।
অভিনয় ও পরিচালনা কোনটাকে প্রাধান্য দেন?
আমি অবশ্যই অভিনয়টাকে প্রাধান্য দিই। মূলত আমি অভিনেতা। অভিনয়ের ক্ষুধা থেকে পরিচালনাটা করি।
সাক্ষাৎকার: শরীফ নাসরুল্লাহ