>

আজ রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ভালোবাসা তারপরও। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সজল। সম্প্রতি মাহির বিপরীতে একটি ছবিতে কাজও শেষ করেছেন এই অভিনেতা। এসব নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।
‘ভালোবাসা তারপরও’ নাটকের চরিত্রটি কেমন?
আমি ভাগ্য বদলাতে স্ত্রীসহ ঢাকায় এসেছি। ভেবেছিলাম চাকরি হবে। কিন্তু চাকরি পাই না। বাধ্য হয়ে লুকিয়ে বেলুন বিক্রি করি। চরিত্রটি করার জন্য আমাকে বেশ খাটাখাটনি করতে হয়েছে। শাহবাগসহ বেশ কিছু জায়গায় গিয়ে বেলুন বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তাঁদের কথা বলা, বিক্রির পদ্ধতি, আচরণ খেয়াল করেছি। তারপরই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।
এখনকার নাটকগুলোতে অভিনয়ের পর কেমন সাড়া পান?
এটা এককথায় বলা কঠিন। এখন নাটক দেখার অনেক মাধ্যম রয়েছে। তবে আমার মনে হয়, ঢাকার বাইরের দর্শক বেশি নাটক দেখেন। কয়েক দিন আগে দিদারের আরও একটি নাটকের শুটিংয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম। সেখানে দর্শনার্থীর চাপে আমরা শট দিতে পারিনি। সবাই আমার অভিনীত বিভিন্ন নাটকের গল্প বলছিলেন। তখন বুঝেছি, মানুষ নাটক দেখেন।
‘হারজিৎ’ সিনেমার শুটিং কত দূর?
বেশির ভাগ শুটিং শেষ। শুধু গানের শুটিং বাদ আছে। দেশের বাইরে গানের শুটিং করতে যাওয়ার কথা রয়েছে।
কবে নাগাদ মুক্তি পাবে ‘হারজিৎ’?
এটা আমি বলতে পারছি না। প্রযোজকই ভালো জানেন। তবে এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে আশা করছি।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক