>সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ভুবনমাঝিতে অভিনয় করছেন অপর্ণা ঘোষ। পরিচালক ফাখরুল আরেফিন। এই ছবিতে আরও অভিনয় করেছেন কলকাতার পরমব্রত। টানা এক মাস শুটিং হয়েছে কুষ্টিয়ায়। এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। কয়েক দিনের ছুটি নিয়ে ঢাকায় এসেছেন অপর্ণা। তাঁর আরেকটি ছবি সুতপার ঠিকানা মালয়েশিয়ায় চারটি প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে গতকাল বৃহস্পতিবার। কথা হলো এই অভিনয়শিল্পীর সঙ্গে।

নারী দিবস উপলক্ষে সুতপার ঠিকানা মালয়েশিয়ায় দেখানো হচ্ছে।
ছবির পরিচালক প্রসূন রহমানের কাছ থেকে খবরটি জানতে পেরেছি। অন্য রকম অনুভূতি হয়েছে। আমাদের কাজ দিন দিন বিশ্বমানের হয়ে উঠছে এবং দেশের বাইরের প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে। এটা আমাদের চলচ্চিত্রের জন্য ইতিবাচক ঘটনা। এই সময় মালয়েশিয়ায় থাকতে পারলে বেশি ভালো লাগত। কিন্তু তার উপায় নেই। কারণ, কাজের অনেক চাপ।
এখন আর কী কাজ করছেন?
ভুবনমাঝি ছবির শুটিং হচ্ছে। বাংলাদেশ অংশের কাজ প্রায় শেষ। আমাকে আরও এক দিন কাজ করতে হবে। এখন একটু ফাঁক পেয়েছি। তাই দুই দিন আগে ঢাকায় এসেছি। কয়েক দিন বিশ্রাম নেব। এরপর কলকাতায় যাব। সেখানে কয়েক দিন কাজ হবে।
শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলুন।
আমি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু ভুবনমাঝি ছবির শুটিং করতে গিয়ে মনে হলো, সত্যিকারের একটি ছবিতে কাজ করছি। কারণ, ‘টিমওয়ার্ক’ কতটা ইতিবাচক হতে পারে, আর এর ফলে কাজ কতটা ভালো হতে পারে, তা বেশ বুঝেছি। যখন যেখানে যা দরকার, সব প্রস্তুত। এটা খুব বড় ব্যাপার। আমরা শুটিং করেছি কুষ্টিয়ার বিভিন্ন জায়গায়। থেকেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির খুব কাছে। প্রতিদিন আমাদের দিন শুরু হতো রবীন্দ্রসংগীত শুনে।
পরমব্রত কলকাতার একজন বড় অভিনয়শিল্পী। মঞ্চ, টিভি আর চলচ্চিত্রে বেশ দাপটের সঙ্গে কাজ করছেন। এই ছবিতে তাঁর বিপরীতে আপনি অভিনয় করেছেন।
পরমব্রত দুর্দান্ত একজন অভিনেতা। খুব সহযোগিতা করেছেন। শুটিংয়ের আগে বিভিন্ন খুঁটিনাটি দিক বুঝিয়ে দিয়েছেন। ভালো হলে হাততালি দিয়ে উৎসাহ দিয়েছেন। তবে তাঁর সঙ্গে আড্ডা দারুণ উপভোগ করেছি। এমন কোনো বিষয় নেই, যা তিনি জানেন না। মুগ্ধ না হয়ে উপায় নেই। সময় যে কোথা দিয়ে চলে যায়, টেরই পাইনি।
টিভিতে আপনাকে কম দেখা যাচ্ছে।
ছবির কাজ নিয়ে এখন একটু বেশি ব্যস্ত। তার আগে প্রস্তুতির জন্যও সময় দিতে হয়েছে। এখন টিভিতে আমার যে নাটকগুলো দেখানো হচ্ছে, এগুলোর কাজ করেছি অনেক আগে। আজ কিন্তু আমার একটি নাটক প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। নাটকের নাম রিলাক্স বস। যদিও পুনঃপ্রচার করা হবে, কিন্তু নাটকটি সবার ভালো লাগবে।