দিনে ১০০ গান রেকর্ডিং হচ্ছে
>আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় ছায়ানট মিলনায়তনে উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান ‘রাগা অ্যান্ড রিদম’-এ বাঁশি বাজাবেন ওস্তাদ বারী সিদ্দিকী। তাঁর বাঁশির সঙ্গে তবলায় সংগত করবেন শিল্পী অশোক পাল। এতে আরও থাকবেন তবলাশিল্পী মীর নাকিবুল ইসলাম, তামনিয়া ইসলাম ও ভারতের সরোদশিল্পী সৃঞ্জয় মুখার্জি। আজকের অনুষ্ঠান, উচ্চাঙ্গসংগীতের চর্চা ও গান নিয়ে কথা হয় বারী সিদ্দিকীর সঙ্গে।

উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠানে আপনাকে খুব একটা দেখা যায় না কেন?
উচ্চাঙ্গসংগীতের সমঝদার এবং উৎসাহদাতা কম। এতে মানুষের খুব একটা আগ্রহ নেই। ফলে অনুষ্ঠান কম হয়, আমাকেও কম দেখা যায়।
আমাদের দেশে উচ্চাঙ্গসংগীতচর্চার অবস্থা কী?
উচ্চাঙ্গসংগীত দীর্ঘ সাধনার ব্যাপার। তাই সহজে কেউ এতে এগিয়ে আসতে চায় না। এই অঙ্গনে শিল্পীর গড়ে উঠতে অনেক সময় লাগে। ৩০ থেকে ৪০ বছর সাধনার পর যখন একজন শিল্পী গড়ে ওঠেন, তখন তিনি কিছু প্রাপ্তি প্রত্যাশা করেন। কিন্তু ওই পর্যায়ে তিনি মূল্যায়ন পান না। তাই বড়দের মূল্যায়িত হতে দেখছে না বলে এই সাধনায় তরুণেরাও আত্মনিয়োগ করছে কম। এতে ছেলেমেয়েদের দোষ নেই। যে কাজে সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা নেই, সেই কাজে কেন এগোবে তারা? আমাদের তরুণদের মেধা আছে। তাদের সঠিক পথটা বের করে দিতে হবে।
বাঁশির কোনো অ্যালবাম করছেন না যে?
বন্ধুদের সহায়তায় বাঁশিবাদনের ভিত নিয়ে মিউজিক অন দ্য ফ্লুট নামে একটি অ্যালবাম করেছিলাম। সেটা বাজারে পাওয়া যায়। ওটার পর আর করা হয়নি।
লোকগানের শিল্পী হিসেবে আপনি জনপ্রিয়। সেই গান নিয়ে কী করছেন?
গান নিয়েই বেশি চিন্তাভাবনা করছি। দুই বছর বিরতির পর আশা করছি সামনের বছর আমার গানের নতুন অ্যালবাম আসবে। বেশ কয়েকটি গানের রেকর্ডিংও শেষ। ভালো একটি গান তৈরি করতে দরকার টিমওয়ার্ক। সেসব তো নেই এখন। এখন শূন্যে ভাসছে সবাই। শিল্পীরাও এসব খেয়াল করছেন কি না কে জানে! কোনো সুপারহিট গান কিন্তু নেই! প্রতিদিন ১০০ গান রেকর্ডিং হচ্ছে। চ্যানেল-রেডিও বাড়ছে; কিন্তু একটি গান যুগোত্তীর্ণ হচ্ছে না। আগে গান নিয়ে ভালো সমালোচনা লেখা হতো। এখন তাও হয় না।
আজ কতক্ষণ বাজাবেন?
ঘণ্টা খানেক তো বটেই। সময় আরও বাড়তে পারে। অনুষ্ঠানে উপস্থিত সমঝদার দর্শকদের ওপর নির্ভর করবে তা।
- সাক্ষাৎকার: রাসেল মাহমুদ