
সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করলেন মুক্তিযুদ্ধের সুরযোদ্ধা, নজরুলসংগীতশিল্পী শাহীন সামাদ। সংগীতজীবনের সুবর্ণজয়ন্তীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ তাঁর একক গানের সন্ধ্যার আয়োজন করেছে ‘আমরা সূর্যমুখী’ নামের একটি সংগঠন। কথা হলো তাঁর সঙ্গে।
গানে গানে সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্পটি বলবেন?
রেডিওতে শিশুদের একটি অনুষ্ঠানে যোগ দিই ১৯৬২ সালে, ১২ বছর বয়সে। ১৯৬৪-তে টেলিভিশনে। ছায়ানটে গান শিখতে যাই ১৯৬৬-তে। গান শিখেছি সন্জীদা খাতুনের কাছে। বিভিন্ন সময়ে সোহরাব হোসেন, শেখ লুৎফর রহমান, অঞ্জলি রায়, সুধীন দাশ, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ ফুল মোহাম্মদ, কলকাতার ওস্তাদ সগীর উদ্দীন খান, সংগীত রিসার্চ একাডেমির ওস্তাদ মাসকুর আলী খানের কাছেও গান শিখেছি।
‘মুক্তির গান’ নিয়ে কিছু বলুন।
একাত্তরে ভারতে আশ্রয় নেওয়া লাখ লাখ শরণার্থীকে নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন লিয়ার লেভিন। যুক্তরাষ্ট্রের এই নাগরিক গাড়িতে করে এমনভাবে ওই দৃশ্যগুলো ধারণ করেন, যাতে কেউ টের না পায়। সেই তথ্যচিত্রের জন্য কাজ করেছিলাম। ওই ফুটেজগুলো নিয়ে ‘জয় বাংলা’ নামের একটি ৭২ মিনিটের প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেটা পড়ে ছিল বহু বছর। ২৪ বছর পর লেভিনের কাছ থেকে ফুটেজগুলো সংগ্রহ করেন তারেক মাসুদ আর ক্যাথরিন মাসুদ। সেগুলো ছিল ফাঙ্গাস পড়া। সেই ফুটেজগুলোকে প্রাণ দেন তাঁরা। তৈরি হয় মুক্তির গান। মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মোছার নয়। দিনের পর দিন শরণার্থী শিবিরে গান শুনিয়েছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান শুনিয়ে উদ্দীপ্ত করেছি শরণার্থী আর মুক্তিযোদ্ধাদের।
গানের শিক্ষক হিসেবে আনন্দ পাচ্ছেন?
ছায়ানট আমার সব। এই প্রতিষ্ঠান আমাকে বড় করেছে, সম্মান দিয়েছে। ছায়ানটে শিশুদের গান শেখাচ্ছি। এ ছাড়া প্রশিক্ষণ দিয়েছি নজরুল ইনস্টিটিউটে। চট্টগ্রামেও কয়েকটি জায়গায় প্রশিক্ষণ দিয়েছি। শিল্পকলায় টানা তিন বছর একাত্তরের গান শিখিয়েছি। সে সময় আমার সঙ্গে প্রশিক্ষণ দিতেন সুজেয় শ্যাম ও অজিত রায়। গণসংগীতের সম্রাট শেখ লুৎফর রহমান যে মমতা দিয়ে আমার কণ্ঠে গানগুলো তুলে দিয়েছিলেন, সেই মমতা দিয়ে আমিও আমার শিক্ষার্থীদের কণ্ঠে গান তুলে দিই।
নজরুলের গান ছাড়া আর কোনো ধরনের গান করেন?
নজরুল তো আমার সবচেয়ে প্রিয়। কাব্যগীতি, গজল, রাগনির্ভর গান, শাস্ত্রীয় সংগীত গাইতে পছন্দ করি। ‘শোন শোন, কথাটি শোন’, ‘পৃথিবী আমারে চায়’ গান দুটি তো ভীষণ জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি অনেক জনপ্রিয়। অনেক শিল্পী মিলে গানটি গেয়েছি। তবে মূল কণ্ঠ আমার। ‘শোন শোন’ গানটি তো পাঁচ শ বারেরও বেশি বেজেছে বিটিভিতে।
আজ কী গান শোনাবেন?
রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত সেন, ডি এল রায়, অতুলপ্রসাদ সেন, বাউলগান, ভজন, গজল, গণসংগীত, হারানো দিনের প্রায় ১০টি গান শোনাব।