দীর্ঘদিন পর কাল আবারও মঞ্চে অপর্ণা
>

কাল বৃহস্পতিবার অনেক দিন পর আবারও মঞ্চে দেখা যাবে অভিনেত্রী অপর্ণা ঘোষকে। ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের নাটকের দল নান্দিকার আয়োজন করেছে ‘নান্দিকার নাট্য মঞ্জরী ২০১৫’ উৎসবের। বৃহস্পতিবারে শুরু হয়ে রোববার পর্যন্ত এই উৎসব চলবে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। উৎসবে মঞ্চস্থ হবে চারটি নাটক। এর মধ্যে তিনটি নাটকে অভিনয় করবেন অপর্ণা। আজ বুধবার সকালে তাঁর সঙ্গে কথা বলেছেন মেহেদী মাসুদ।
আপনি এখন কোথায়?
চট্টগ্রামে। রোববার এসেছি।
খুব বেড়াচ্ছেন?
না, বেড়াতে আর পারছি কোথায়, কাল বৃহস্পতিবার থেকে উৎসব শুরু হচ্ছে। চট্টগ্রাম এসেই নাটকের মহড়া শুরু করেছি।
মঞ্চের সঙ্গে আপনার কবে থেকে যোগাযোগ?
সেই ছোটবেলা থেকে। নাটক আর মহড়া দেখে দেখেই আমি বড় হয়েছি। আমার বাবা অলোক ঘোষ নান্দিকারের প্রধান। বাড়িতে সব সময়ই সাংস্কৃতিক আবহ আছে। শুধু চট্টগ্রাম নয়, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের যাওয়া-আসা আছে আমাদের বাড়িতে।
আপনি প্রথম কবে মঞ্চ নাটকে অভিনয় করেন?
প্রথম অভিনয় করেছি এস এম সোলায়মানের ‘কোর্ট মার্শাল’ নাটকে। যখন নাটকটির মহড়া শুরু করি, তখন আমি ক্লাস নাইনে পড়তাম। ২০০৩ সালে নাটকটি মঞ্চস্থ হয়েছিল চাঁদপুরের একটি উৎসব। তত দিনে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি।
মঞ্চ থেকে দূরে আছেন কত দিন?
বছর দু-এক তো হবেই। এই সময়ে আমি টিভি নাটকে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি। চলচ্চিত্রেও অভিনয় করেছি। গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি।
নান্দিকারের কোন কোন নাটকে অভিনয় করেছেন?
‘কোর্ট মার্শাল’, ‘পাপ পুণ্য’ আর ‘জ্ঞানবৃক্ষের ফল’ নাটকে। এবার উৎসবে চারটি নাটক মঞ্চস্থ হবে। এই তিনটি নাটক তো থাকছেই, সঙ্গে আরও থাকবে নতুন নাটক ‘অপার্থিব’। সবকটি নাটকের নির্দেশনা দিয়েছেন বাবা।
যেহেতু বাবা নির্দেশক, তাই একটু বাড়তি সুবিধা নিশ্চয়ই পাচ্ছেন।
দূর থেকে সবাই তাই মনে করে; কিন্তু বাবার কড়া নির্দেশ, মঞ্চে ওঠার আগে মহড়ায় অংশ নিতে হবে। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে হবে। বাবার নির্দেশ, তাই উৎসব শুরু হওয়ার চার দিন আগেই ঢাকা থেকে চলে এসেছি।
উৎসবটি কীভাবে সাজানো হয়েছে?
কাল বৃহস্পতিবার বিকেল থেকেই চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গান হবে। আলোচনাও হবে। প্রতিদিন নাটক শুরু হবে সন্ধ্যা সাতটায়। বৃহস্পতিবার থাকছে ‘পাপ পুণ্য’, শুক্রবার ‘অপার্থিব’, শনিবার ‘জ্ঞানবৃক্ষের ফল’ আর রোববার ‘কোর্ট মার্শাল’।
আপনি তো ‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করছেন?
হ্যাঁ, এই ছবিতে আমি কলকাতার অভিনেতা পরমব্রতর সঙ্গে অভিনয় করব। সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনা করছেন ফাখরুল আরেফিন। ১৫ জানুয়ারি থেকে মহড়া শুরু হবে। শুটিং শুরু হবে জানুয়ারি মাসের শেষ নাগাদ।