দুই ঘণ্টা পর পর সব ঘড়ি বেজে উঠত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋতু সাত্তার l ছবি: প্রথম আলো
ঋতু সাত্তার l ছবি: প্রথম আলো

অভিনয়শিল্পী হিসেবেই বেশি পরিচিত তিনি। তবে ঋতু সাত্তার শিল্পের আরও কিছু শাখাতেও সমান সরব। গত শুক্রবার বৃত্ত আর্ট ট্রাস্টের আয়োজনে পুরান ঢাকার ১৬টি জায়গায় ছিল ‘ওয়ান মাইল স্কয়ার’ শিরোনামের শিল্পকর্ম প্রদর্শনী। সেখানে ছিল তাঁর পরিবেশনা।
আপনার পরিবেশনা ছিল পাঁচটি স্থানে
ফরাশগঞ্জ অনাথ আশ্রম, মোহিনী মোহন দাস লেন ও ৬২ ফরাশগঞ্জ রোডে ছিল আমার পারফরম্যান্স আর্ট ও ইনস্টলেশন। আর বিউটি বোর্ডিং ও বাফায় ছিল শুধু ইনস্টলেশন। সময় সবচেয়ে মুখ্য ভূমিকায় ছিল আমার পরিবেশনায়। হারিয়ে যাওয়া পুরোনো ঢাকা আর এ সময়ের জেগে ওঠা পুরোনো ঢাকার একটা যোগসূত্র খোঁজার চেষ্টা ছিল পুরো পরিবেশনায়। একসময় যে কুলঙ্গিতে প্রদীপ জ্বালানো হতো, আমি সেখানে অ্যালার্ম ঘড়ি বসিয়েছিলাম।
দুই ঘণ্টা পর পর সবগুলো ঘড়ির অ্যালার্ম বেজে উঠত একসঙ্গে। এর নাম দিয়েছি ‘উত্থিত পুরোনো দিনের গল্প’। পুরান ঢাকার পুরোনো গল্পগুলো যে সময়ের হাঁকডাকে বদলে যাচ্ছে, তা-ই তুলে ধরার চেষ্টা ছিল আমার।
অন্দরমহলে বসে পুঁথিপাঠের আয়োজন নিয়ে কিছু বলুন
এটি ছিল পারফরম্যান্স আর্টের অংশ। তিনটি জায়গায় গিয়ে স্থানীয় নারীদের নিয়ে পুরনো বাড়ির অন্দরমহলে বসে পুঁথিপাঠের মতো করে মনোদা দেবীর লেখা ‘সেকালের গৃহবধূর ডায়েরি’ পড়েছি।
সবচেয়ে মজার বিষয় ছিল, ডায়েরি পড়ার সময় কোনো দর্শককে আমি অন্দরে ঢুকতে দিইনি। ঘরের বাইরে একটি টিভি মনিটর ছিল, তাতেই তারা এই পরিবেশনা দেখেছে।
আর কোন শিল্পীর কাজ ভালো লেগেছে?
সবার কাজ দেখা সম্ভব হয়নি। তবে এর ফাঁকেও যে শিল্পকর্মগুলো দেখেছি, এর মধ্যে তৈয়বা বেগম লিপির সুন্দরবন নিয়ে করা কাজটি ভালো লেগেছে।
আরফান আহমেদের ‘অলিম্পিয়া বুরকা’র আলোকচিত্র স্থাপনাটি ছিল চোখে পড়ার মতো। আরও ভালো লেগেছে সরকার প্রতীক, মনির মৃত্তিক ও মো. আনিসুর রহমানের পরিবেশনা। শুনেছি, মুনেম ওয়াসিফের কাজটিও অনেক প্রশংসিত হয়েছে।
সাক্ষাৎকার: আদর রহমান