দুই বছরের মধ্যে এসবের কিছুই থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>শিল্পকলা একাডেমিতে আজ গঙ্গা-যমুনা নাট্যোৎসবের শেষ দিন। সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক পঞ্চনারী আখ্যান। হারুন রশীদের লেখা নাটকটির নির্দেশক শহীদুজ্জামান সেলিম। নাটকটির জন্য মঞ্চসজ্জা করেছেন আফজাল হোসেন। নাটকটিতে একক অভিনয় করেছেন রোজী সিদ্দিকী। ৩৩তম মঞ্চায়নের আগে গতকাল শনিবার বিকেলে কথা হয় তাঁর সঙ্গে।
রোজী সিদ্দিকী
রোজী সিদ্দিকী

নাটকে নারীর প্রতি বৈষম্য তুলে ধরে কতটা সচেতনতা তৈরি করা গেল?
নাটকটি যে-ই দেখেন, কাঁদতে কাঁদতে হল থেকে বের হন। ১ ঘণ্টা ২০ মিনিটের এই নাটক শেষ হলেও আমাকে দুই থেকে তিন ঘণ্টা দর্শকের সঙ্গে কথা বলতে হয়। নাটক দেখার পর কেউ তো আমাকে জড়িয়ে ধরেও কাঁদেন। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ৬০-৭০ বছর বয়সী নারী দর্শকেরা সেলিমকে (শহীদুজ্জামান সেলিম) জড়িয়ে ধরে এও বলেছেন, কী দেখালে!
গেল জাতীয় নাট্যোৎসবে সংস্কৃতিমন্ত্রী বলেছিলেন, ঢাকার মঞ্চনাটকগুলো মান হারাচ্ছে। আপনার কী মনে হয়?
একদমই একমত নই। ঢাকার বাইরের নাটক ভালো হচ্ছে ঠিক আছে, কিন্তু ঢাকার নাটকও তো ভালো। ঢাকার ভেতরে উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডিতে নাটক মঞ্চায়নের জন্য কোনো মঞ্চই নেই। যদি এলাকাভিত্তিক মঞ্চ চালু করা যেত, তাহলে ঢাকার নাটক আরও ভালো হতো। ইচ্ছা থাকলেও বনানী, গুলশান বা উত্তরা থেকে কেউ নাট্যশালায় নাটক দেখতে আসতে পারছেন না। কীভাবে দর্শক পাব? আমি জোর দিয়ে বলতে চাই, বাংলাদেশের এখনকার অনেক মঞ্চনাটক এশিয়ার যেকোনো দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। সংস্কৃতিমন্ত্রীর কাছে অনুরোধ, উদ্যোগী হয়ে এলাকাভিত্তিক মঞ্চ বানিয়ে দিন। তাহলে মঞ্চে আরও ভালো নাটক হবে।
আপনাকে এত কম কম দেখা যায় কেন?
কম কাজ করি। আমাদের বয়সী মানুষদের নিয়ে কাজ করার লোকও কম। এখনকার নাটকে স্ক্রিপ্ট থাকে না। ভালো কোনো গল্প নেই, ভালো নির্মাতা কম। শিল্পী আছে, তবে ভালো শিল্পী নেই। নাটক দেখার সময় অভিনয়শিল্পীদের অভিনয় দেখে চ্যানেল বদলে ফেলি। শিল্পী যদি দর্শকের চোখ ও মন আটকে রাখতে না পারে, সে কিসের শিল্পী। এখন যে ধরনের বাজে স্ক্রিপ্টে নাটক নির্মিত হয়, তাতে অভিনয়ের প্রশ্ন আসে না।
নতুন প্রজন্মকে কোনো বার্তা দেবেন?
এদের বেশির ভাগই অভিনয় জানে না। তাদের দোষও দিচ্ছি না। যাঁরা এদের নিয়ে কাজ করেন, দোষটা তাঁদের। এসবের প্রতিবাদ করার জন্য অনেক সংগঠন তৈরি হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে এসবের কিছুই থাকবে না। পরিচালক ও প্রযোজকেরা এসবের জন্য দায়ী।
সাক্ষাৎকার: মনজুর কাদের