দুই বন্ধুর প্রথম ছবি 'ফালতু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুর রহমান মিলন।
আনিসুর রহমান মিলন।

আজ রাতে বাংলাভিশনে প্রচারিত হবে ফুলমহল ধারাবাহিকের শততম পর্ব। আহমেদ শাহাবুদ্দিনের লেখা নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। এ ছাড়া ফালতু নামে তিনি নতুন একটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। গতকাল তিনি কুয়াকাটায় অবস্থান করছিলেন। সেখান থেকে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা।

কুয়াকাটায় কোনো নাটকের শুটিং করছেন?
হ্যাঁ। অনন্ত হিরার লেখা ও পরিচালনায় গাইড ও বউ চোর নামে দুটি এক ঘণ্টার নাটকে কাজ করতে এসেছি। আমার বিপরীতে আছেন নাজিরা মৌ ও অরিন। অনেক দিন পর হিরা ভাই নাটক নির্মাণ করছেন। কিন্তু বৃষ্টির কারণে একটু আটকে গেছি আমরা। (শুক্রবার) সকাল থেকেই বৃষ্টি।
‘ফুলমহল’ ধারাবাহিকটির শততম পর্ব প্রচারিত হবে শনিবার (আজ)। নাটকের একজন অভিনেতা হিসেবে কেমন লাগছে?
একটি ধারাবাহিক নাটকের শততম পর্ব পর্যন্ত এগিয়ে যাওয়াটা কিন্তু শিল্পীর ওপর নির্ভর করে না। গল্পের কারণে নাটক এগিয়ে যায়। এই ধারাবাহিকের গল্পে এমন কিছু আছে যে আজ শততম পর্বে এসে পৌঁছেছে। এ ধরনের ভালো গল্পের নাটকের একজন শিল্পী হিসেবে অবশ্যই ভালো লাগা কাজ করছে।
‘ফালতু’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন...
হ্যাঁ, কয়েক দিন আগে। এটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। রাজনীতির সফলতার পর অনেক ছবিতেই কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু করিনি। কারণ পর্দায় আমাকে দর্শক ভালোভাবে পাবেন না, এ ধরনের চরিত্রে কাজ করতে চাইনি।
‘ফালতু’ ছবিতে কাজের সেই জায়গা আছে?
অবশ্যই। ছবির চিত্রনাট্য পড়ে মনে হয়েছে সাধারণ গল্পের বাইরে এই ছবির গল্প। চরিত্রগুলোর যথেষ্ট ব্যাখ্যা আছে ছবিতে। এখানে আমার চরিত্রের নাম শিবু। ছবির বেশির ভাগ গল্পই শিবুর ওপর। অথচ পুরো গল্পে শিবুর সংলাপ মাত্র ৩০ থেকে ৩৫টি হবে। শারীরিক ভঙ্গি দিয়ে অভিনয়ের জায়গা বেশি এখানে। ছবিটিতে কাজের আরেকটি কারণ, মোশাররফ করিম আছেন। দুই বন্ধুর চলচ্চিত্রে প্রথম কাজ হবে এটি। বিষয়টি মজার হবে।
শুটিং কবে থেকে?
মোশাররফের নায়িকা ঠিক হলেও আমার নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। তাই একটু সময় নেওয়া হচ্ছে। তবে আগামী বছরের মার্চের মাঝামাঝি থেকে শুটিং করার কথা আছে।
আপনার বেশ কয়েকটি ছবির কাজ তো শেষ, তাই না?
আলতা বানু, স্বপ্নবাড়ি, রাত্রির যাত্রী—এই তিনটি ছবির ডাবিং শেষ হয়েছে। টার্গেট ছবির সব কাজ শেষ, এখন মুক্তির পালা। আর নাইওর-এর এক লটের কাজ বাকি।
সাক্ষাৎকার: শফিক আল মামুন