দেশ থেকে প্রথম অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহিন খান
ফারহিন খান
সম্প্রতি দেশ থেকে প্রকাশিত হয়েছে তরুণ রবীন্দ্রসংগীত শিল্পী ফারহিন খান জয়িতার প্রথম একক গানের অ্যালবাম ‘কত মধুসমীরে’। বিশেষ ঘন বাদনে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈচিত্র্যময় সুরের গানগুলোকে নতুন করে অ্যালবামের জন্য গেয়েছেন তিনি। শিল্পীর বাবা শক্তিমান অভিনেতা প্রয়াত খালেদ খান যুবরাজ ও মা স্বনামধন্য শিল্পী মিতা হক। অ্যালবামটি নিয়েই কিছু কথা বললেন জয়িতা। অ্যালবামটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।

এটি তো আপনার প্রথম অ্যালবাম না?
এটা দেশ থেকে আমার প্রথম একক অ্যালবাম। এর আগে কলকাতা থেকে ৩টি অ্যালবাম প্রকাশিত হয়েছিল।
কোন গানগুলো রেখেছেন এতে?
এ অ্যালবামে রবীন্দ্রনাথ ঠাকুরের আটটি ফর্মের গান আছে। এগুলো হচ্ছে খেয়াল, সাদরা, টপ্পা, ঠুমরি, ধ্রুপদ, বাউল-অঙ্গ ও প্রাদেশিক।
কোথায়, কত দিন ধরে রেকর্ডিং করলেন?
রেকর্ডিং করতে যাওয়ার আগে আমরা খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছিলাম। তখন মায়ের বন্ধু শিল্পী শ্রীকান্ত আচার্য্য পরামর্শ দিলেন কলকাতার একটা জায়গা থেকে করার জন্য। প্রায় পাঁচ-ছয় দিন লেগে গিয়েছিল গানগুলোর রেকর্ডিং করতে। গানগুলোতে চমৎকার যন্ত্রাণুষঙ্গ পরিচালনা করেছেন পার্থ পাল।
গানগুলো কি আগে গেয়েছেন কোনো আসরে?
না। এগুলো কোনো আসরে গাওয়া হয়নি। অ্যালবামের জন্য নির্বাচনের পরপরই গাইতে শুরু করি। বেশি বেশি করে গেয়ে আয়ত্ত্বে এনেছি।
গান তুলতে সহযোগিতা করল কে?
সেটা কি আর বলতে হয়। মা সহযোগিতা করেছেন।
সাক্ষাৎকার : রাসেল মাহ্‌মুদ