
জয়া আহসান। অভিনয়শিল্পী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মাত্র ফিরেছেন। ডিসেম্বরে আবার যাচ্ছেন। অরিন্দম সেনের আবর্তর পর আবারও কলকাতার ছবিতে অভিনয় করবেন তিনি। তাঁর এবারের ছবির নাম রাজকাহিনি।
আপনি তো কলকাতা চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন। কবে ফিরলেন?
মঙ্গলবার। এবার কলকাতায় থেকেছি পুরো ১০ দিন।
এই সময়টায় কী করেছেন?
কলকাতা চলচ্চিত্র উৎসবের বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছি। ভালো ভালো ছবি দেখেছি, সেমিনারে অংশ নিয়েছি, বরেণ্য কয়েকজন পরিচালক আর শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে আড্ডা দিয়েছি। তাতে আমার নিজের অনেক লাভ হয়েছে। সেমিনারের বিষয় ছিল বাংলা ছবির প্রসার নিয়ে। দর্শকদের মুখোমুখি হয়েছি। পুরো সময়টা দারুণ উপভোগ করেছি।
আর কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছেন?
কলকাতায় দুর্গাপূজায় সেরা মণ্ডপ আর সেরা প্রতিমার প্রতিযোগিতা হয়। আমি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছি।শুনেছি, আপনি আবার কলকাতার ছবিতে অভিনয় করবেন।
হ্যাঁ, ছবির নাম রাজকাহিনি। পরিচালক সৃজিত মুখার্জি। ১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির গল্প। ১২ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। আমি কয়েক দিন আগেই যাব। ছবি নিয়ে কর্মশালা হবে।
দেশভাগ নিয়ে ছবি মানে তো বড় ক্যানভাস।
হ্যাঁ, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর সৃজিত ভালো পরিচালক। তিনি নিজেই চিত্রনাট্য লিখেছেন। প্রযোজনা করছে ভেঙ্কটেশ ফিল্মস। আশা করছি দারুণ একটা কাজ হবে।
ছবিতে আর কে কে অভিনয় করছেন?
তালিকাটা বেশ দীর্ঘ। ছবিতে অভিনয় করবেন সুপ্রিয়া দেবী, ব্রাত্য বসু, কৌশিক সেন, ঋতুপর্ণা, আবির, যিশু, রুদ্রনীল, কাঞ্চন মল্লিক, পার্ণো মিত্র, প্রিয়াঙ্কা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, সায়নি ঘোষ, ঋদ্ধিমা ঘোষ, ত্রিধা চৌধুরী।
গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন?
আয়োজকেরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এই উৎসব শুরু হবে ২০ নভেম্বর। শেষ হবে ৩০ নভেম্বর। কিন্তু ওই সময়টায় আমার নিজের কিছু কাজ আছে। আশা করছি, উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেব।
ঢাকায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু’ ছবির কাজ শেষ হয়েছে?
না, অনেকটুকু কাজ বাকি রয়ে গেছে। রাজকাহিনি ছবির কাজ শেষ হওয়ার পর আবার সবার সঙ্গে মিলিয়ে সময় বের করব।
মেহেদী মাসুদ