
গানের মানুষ অণিমা রায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধানের দায়িত্বও পালন করছেন। সেই দায়িত্ব থেকে আয়োজন করছেন আন্তর্জাতিক সংগীত উৎসবের। আজ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই উৎসব চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে। উৎসবের আয়োজন নিয়ে কথা হলো অণিমা রায়-এর সঙ্গে
এই আয়োজনকে উৎসব কেন বলা হচ্ছে?
গানের জগতের মানুষদের আনাগোনা হবে এই আয়োজনে। হবে আনন্দের মিলনমেলা। তাই এটা উৎসব। যেহেতু আয়োজনটা দুই দিনের এবং এ দুই দিন সুরের আবহ বিরাজ করবে আমাদের শিক্ষাঙ্গনে, তাই এটা সংগীতের উৎসব।
বলা হচ্ছে এটা আন্তর্জাতিক সংগীত উৎসব। আন্তর্জাতিক কেন?
আমরা চেষ্টা করেছি বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের সংগীতজগতের মানুষদের নিমন্ত্রণ জানাতে। বিদেশি অতিথিরা মঞ্চে তাঁদের পরিবেশনা উপস্থাপন করবেন। থাকবে আমাদের দেশি শিল্পীদের উপস্থাপনাও। তাই দেশি-বিদেশি সুরের সম্মিলনটা আন্তর্জাতিক।
উৎসবে অংশ নিচ্ছেন কারা বা কোন কোন দেশ?
চীন, ইন্দোনেশিয়া ও ভারতের শিল্পীরা এই আয়োজনে অংশ নিচ্ছেন। চীনা দল তাদের ঐতিহ্যবাহী সংগীতের সঙ্গে পরিবেশন করবে তাদের ঐতিহ্যবাহী নৃত্য। ইন্দোনেশিয়ার দল তাদের ঐতিহ্যবাহী বাদ্য ব্যবহার করে সংগীত পরিবেশন করবে। ভারতের পরিবেশনায় থাকবে সেতারের সুর। দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনাও থাকবে উৎসবে। গাইবেন আমাদের বিভাগের শিক্ষার্থীরা। গাইবেন আমাদের দেশি তারকা শিল্পী সাদি মহম্মদ, সুবীর নন্দী, শাহীন সামাদ, শামা রহমান, সামিনা চৌধুরী, লাইসা আহমদ, শফি মণ্ডল ও চন্দনা মজুমদার।
কেন উৎসবের এই আয়োজন?
দেশি-বিদেশি সুরের যেন সুষম আদান-প্রদান হয়, সে জন্য এটা খুব ভালো একটা ক্ষেত্র। আমাদের দেশের সংগীতের শিক্ষার্থীরা শিখতে পারবেন এই তিন সুরের সংস্কৃতি। আবার বিদেশি শিল্পীরা পরিচিত হবেন আমাদের দেশি সংগীতের সঙ্গে। সংগীত আয়োজনের এটাই প্রধান কারণ।
উৎসব নিয়ে সামনে আরও কোনো পরিকল্পনা আছে কি?
প্রতিবছরই হবে সংগীত উৎসব। গত বছর আমাদের সংগীত বিভাগ থেকে উৎসবের ঘরোয়া আয়োজন করেছিলাম। বিদেশি শিল্পীদের এবারই প্রথম নিমন্ত্রণ করা হয়েছে। সামনের বছরও এমন বড় পরিসরে আন্তর্জাতিক উৎসবের পরিকল্পনা মাথায় আছে। তবে আগামীবার কোন কোন দেশের শিল্পীরা আসবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। হ্যাঁ, তবে এটা বলতে পারি যে আমাদের বিভাগের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গীতিনাট্য পরিবেশন করবেন আগামী উৎসবে। রিহার্সাল শুরু হয়েছে এখন থেকেই।
সাক্ষাৎকার: সৈয়দা সাদিয়া শাহরীন