চাকমা ভাষায় নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র মর থেংগারি যাচ্ছে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় ১৬তম রেইনবো চলচ্চিত্র উৎসবে। এর আগে ব্যক্তিগতভাবে দেশের বাইরে বেশ কয়েকবার ছবিটির প্রদর্শনী হলেও এটাই এই ছবির প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। মর থেংগারির এই বিদেশযাত্রা নিয়ে কথা হলো এর নির্মাতা অং রাখাইনের সঙ্গে

রেইনবো চলচ্চিত্র উৎসব, লন্ডন ২০১৫-এর বাছাই প্রক্রিয়ায় যুক্ত হলেন কীভাবে?
অঞ্জনদার (জাহিদুর রহিম অঞ্জন) মেঘমল্লার ছবিটির সঙ্গে আমার মর থেংগারিও জমা দেওয়া হয়। এ ধরনের উৎসবে ছবিটি নির্বাচিত হবে বলে আমার ধারণা ছিল না। আমি আসলে মূল প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতার ব্যাপারে কিছুই জানি না। আমার পরিচিতজনেরাই ছবিটিকে আন্তর্জাতিক উৎসবগুলোয় জমা দিয়েছেন। যত দূর জানি, আমার ছবির পাশাপাশি জাহিদুর রহিম অঞ্জনের মেঘমল্লার, আশরাফ শিশিরের গাড়িওয়ালাসহআরও তিনটি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ছবি এ উৎসবে অংশ নিচ্ছে। তাই শুধু আমার জন্যই নয়, বিষয়টি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অনেক গর্বের।
নিজের ছবির বিদেশযাত্রা নিয়ে আনন্দ তাহলে অন্য রকম?
আমি খুব বেশি রোমাঞ্চিত নই। আসলে আন্তর্জাতিক উৎসব আমার মূল লক্ষ্য নয়। দেশের দর্শক আমার প্রথম প্রাধান্য। তাঁরা ছবিটি দেখতে পারলে আমি বেশি খুশি হব। তবে এর পাশাপাশি আন্তর্জাতিক দর্শকও যদি ছবিটি দেখার সুযোগ পান, তাতে মন্দ কী?
তাহলে আপাতত উৎসবে আগ্রহ নেই?
একেবারে যে নেই, তা-ও নয়। মূল বিষয় হচ্ছে, বড় উৎসবে অংশ নিতে গেলে যোগাযোগটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেই সুযোগ আমার নেই। তা ছাড়া এসব উৎসবে ছবি জমা দেওয়ার জন্য বড় অঙ্কের এন্ট্রি ফি লাগে। এত সাধ্যও আমার নেই। এখন যেসব উৎসবে ছবি জমা দিচ্ছি, সেটা বন্ধু ও স্বজনদের সহযোগিতায়।
‘মর থেংগারি’ নিয়ে প্রত্যাশাগুলো কি পূরণ হয়েছে?
অপ্রত্যাশিতসাড়া পেয়েছি আমি। প্রাপ্তি প্রত্যাশার কাছাকাছি। ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিকভাবে এর ছোট ছোট প্রদর্শনী হচ্ছে নিয়মিত। এখন আমার পরবর্তী ভাবনা নতুন ছবি নিয়ে। এ নিয়ে হোমওয়ার্ক শুরু করে দিয়েছি।
নতুন ছবি?
হ্যাঁ। মুক্তিযুদ্ধে ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়কে নিয়ে পরের ছবিটা বানাব। ২০১৬ সালের জুন মাস থেকে শুটিং শুরুর পরিকল্পনা করছি। প্রথম কাজ থেকে শিক্ষা নিয়ে এবারের কাজটা অনেক গুছিয়ে শুরু করতে চাই। কোনো ফাঁকিবাজি করব না। ভালো একটা ছবি বানাব এবার।
সাক্ষাৎকার: আদর রহমান