দেশের দর্শক এত বোকা নন: পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জান্নাতুল ফেরদৌসি পিয়া
জান্নাতুল ফেরদৌসি পিয়া
জান্নাতুল ফেরদৌসি পিয়া। প্রথম পরিচয় তিনি একজন র‍্যাম্প মডেল। এরপর টিভি ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। করেছেন উপস্থাপনাও। ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে পিয়া অভিনীত নতুন চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্নস’। ছবিটি নিয়ে কথা বলেছেন তিনি। পাঠকদের জন্য তা তুলে ধরেছেন নাদিয়া মাহমুদ।


ডিসেম্বরে আপনার অভিনীত নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে
হ্যাঁ, ৪ ডিসেম্বর আমার অভিনীত ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিটি মুক্তি পাচ্ছে। এ ছবির পরিচালক আশিকুর রহমান। এ ছবিতে আমার সহশিল্পী অপূর্ব ভাই (জিয়াউল ফারুক অপূর্ব)। ছবি মুক্তির দিক থেকে এটি আমার তৃতীয় ছবি। আমার প্রথম ছবি ‘চোরাবালি’। এ ছবিতে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পেয়েছিলাম, যা ছিল আমার জন্য অনেক বেশি সম্মানের। এ ছাড়া কয়েক মাস আগে মুক্তি পেয়েছে ‘স্টোরি অফ সামারা’।
দেশে একই দিনে মুক্তি পাচ্ছে ভারতের ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’। কোনো দুশ্চিন্তা কাজ করছে?
দেখুন, ‘থ্রি ইডিয়টস’ যত হিট ছবিই হোক না কেন, এটি কিন্তু অনেক পুরোনো। ছয় বছর আগে মুক্তি পাওয়া এই ছবিটি আমাদের দেশের দর্শকেরাও অসংখ্যবার দেখে ফেলেছেন। আমাদের দেশের দর্শক এত বোকা নন যে তাঁরা নতুন ছবি বাদ দিয়ে এত আগের একটি ছবি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন। তা ছাড়া, এর আগে সালমান খান অভিনীত ‘ওয়ান্টেড’ ছবিটিও বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছিল। শুনেছি, ছবিটি একেবারেই সাফল্যের মুখ দেখতে পারেনি। আমার মনে হয় না, একই দিনে ভারতীয় কোনো ছবি মুক্তি পাওয়াতে আমার দুশ্চিন্তার কোনো কারণ আছে।

দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি মুক্তির বিষয়টাকে কীভাবে দেখছেন?
আমি এই বিষয়টাকে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি ঝুঁকি হিসেবেই দেখছি। কারণ বলিউড চলচ্চিত্রের পথচলা আমাদের অনেক আগে থেকেই শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই ওরা এই শাখায় আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং সমৃদ্ধ। এদিকে, আমাদের চলচ্চিত্র এখন ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে। অশ্লীলতা বা অন্য যে বিষয়গুলো এত দিন আমাদের চলচ্চিত্রকে গ্রাস করেছিল, সেগুলো থেকে আমরা কিন্তু এখন বের হয়ে আসার চেষ্টা করছি। কিছু ক্ষেত্রে সফলও হয়েছি। এখনই যদি ভারতের চলচ্চিত্র বাংলাদেশের বাজারে আনা হয় তাহলে তাঁদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকাটা আমাদের জন্য সত্যিই একটু কঠিন হবে। আমার মতে, প্রতিযোগিতা হওয়া চাই সমানে সমানে।
এখন তো ঢালিউডে আপনি নিয়মিত, বলিউডের যোগ্য প্র​তিযোগী হতে কেমন সময় লাগতে পারে?
আমি আশা করি, পাঁচ ছয় বছরের মধ্যেই আমরা যেকোনো দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা করার মতো অবস্থানে পৌঁছে যাব। আমি এই বিষয়ে ভীষণ আশাবাদী।
তাহলে যে শুরুতে বলছিলেন ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আপনি তেমন বিচলিত নন?
না, নই। কারণ, ‘গ্যাংস্টার রিটার্নস’ এর মুক্তির দিনে ‘থ্রি ইডিয়টস’ মুক্তি পেলেও এটি অনেক আগের একটি ছবি। এখন যদি ওই দিন ভারতের নতুন কোনো ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হতো তাহলে অবশ্যই তা আমার ছবির জন্য একটি ঝুঁকি হিসেবে কাজ করত।