অভিনয়টা তখন শুধু জীবিকার তাগিদেই করেছি

কানের অফিসিয়াল ফটোশুটে আজমেরি হক বাঁধনছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের জীবনের বাঁক বদল ঘটেছে রেহানা মরিয়ম নূর ছবি দিয়ে। সম্প্রতি স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ ছবিটি প্রদর্শিত হয়। কুডিয়েছে দর্শক সমালোচকদের প্রশংসা। উৎসবের সমাপনী দিন গত শনিবার বাংলাদেশ সময় গভীর রাতে জানা গেল, সেরা চলচ্চিত্র ও সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। এসব নিয়েই রোববার দুপুরে স্পেন থেকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন বাঁধন।

প্রশ্ন :

অভিনন্দন সেরা অভিনয়শিল্পী। পুরস্কার যে পাবেন, এটা কি আগে থেকেই জানতেন?

ধন্যবাদ। স্পেনে আসার সঙ্গে সঙ্গেই জেনেছি, আমরা দুটি পুরস্কার পেতে যাচ্ছি। এ জন্যই আমার থাকাটাও এক্সটেন্ড করতে হয়েছে। উৎসব পরিচালক কার্লোস বলেছেন পুরস্কার পাচ্ছি। এ জন্য থাকাটা নির্ধারিত সময়ের চেয়ে তিন দিন বাড়িয়েছি।

প্রশ্ন :

কেমন লাগছে সেরা অভিনেত্রীর পুরস্কার জিততে পেরে?

২৪ জুন উৎসব শুরু হলেও আমি এসেছিলাম ৩০ জুন। আসার পর সবার কাছ থেকে যেভাবে ছবিটি নিয়ে ভালো লাগার অনুভূতি শুনছিলাম, ভীষণ অনুপ্রাণিত হই। উৎসব পরিচালক কার্লোস জানিয়েছিলেন, বাংলাদেশের কোনো সিনেমা তিনি প্রথমবারের মতো দেখলেন। ছবিটি দেখে তিনি মুগ্ধ। এত অসাধারণ ছবি বাংলাদেশে নির্মিত হচ্ছে ভেবে তিনি অভিনন্দনও জানান। দুটি পুরস্কার ঝুলিতে, এটা নিঃসন্দেহে বর্ণনাতীত অনুভূতি।

প্রশ্ন :

তারপরও যদি কিছু বলতে বলি কী বলবেন?

আসলে অনুভূতিটা ভীষণ আলাদা এ জন্য, এখানে আমি একা একটা বাংলাদেশি মেয়ে এসেছি। এখানকার সংস্কৃতি ও ভাষা একদমই আলাদা। বুঝতেও অসুবিধা হচ্ছিল। উৎসবের পরিচালক আমাকে একটা সময় জানিয়েছেন, আমাদের সিনেমা দুটো পুরস্কার পেয়েছে—সেরা ছবি ও সেরা অভিনেত্রীর। সিনেমা দেখে ওরা মুগ্ধ। উৎসবে যখনই আমার কারও সঙ্গে দেখা হয়, জুরি মেম্বার ও দর্শক সবাই আমাকে রেহানা বলে ডাকেন। পরিচয় করিয়ে দেন, উনি হচ্ছেন বাঁধন, ইনিই রেহানা, বাংলাদেশ থেকে এসেছেন— তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে, রেহানা বলে সবাই জড়িয়ে ধরেন। এমনও জানিয়েছেন, তাঁরা রেহানার সঙ্গে নিজেদের এত সংযুক্ত করেছেন যে মনে করছেন তাঁরা আমাকে চেনেন। আমার কষ্ট তাঁরা বুঝেছেন, আমাকে ফিল করেছেন।

প্রশ্ন :

ভাষা বুঝতে না পারলেও উৎসব কেমন উপভোগ করেছেন?

অনুষ্ঠানের দিনটা আমি খুব উপভোগ করেছি। এমন নয় যে আমি তাঁদের ভাষা জানি না, তাঁদের ভাষা বুঝি না, তাই একঘেয়ে লাগছে। উল্টো আরও মজা করে পুরো অনুষ্ঠান উপভোগ করেছি। আমার কথাও তাঁদের অনেক ভালো লেগেছে বলে জানিয়েছেন। কার্লোস বলেছেন, ‘তুমি অনেক ইমোশনাল স্পিস দিয়েছ। সবচেয়ে রিয়েল স্পিচ তোমারটা।’

প্রশ্ন :

দেশ–বিদেশে রেহানা মরিয়ম নূর যেভাবে পুরস্কৃত হচ্ছে, পুরস্কার রাখার জন্য তো ঘরের শোকেস বড় করে বানাতে হবে…

(হাসি)। কী যে বলেন না। আসলে আমার তো অ্যাওয়ার্ড রাখার জন্য আলাদা করে কোনো জায়গা তৈরি করা হয়নি। কারণ, আমি কখনো কোনো কিছুর জন্য অ্যাওয়ার্ড পাব বা তা রাখতে হবে, এই পরিকল্পনা আমার জীবনে কখনোই ছিল না। আমি সব সময় বলেছি, অভিনয়টা তখন শুধু জীবিকার তাগিদেই করেছি। এখন এত কোনো অ্যাওয়ার্ড না, সংখ্যায় তবে অনেক ভারী। অনেক ভারী বলতে, অনেক দায়িত্বও আমার জন্য। অ্যাওয়ার্ডের সংখ্যা হয়তো অতটা না, তবে অ্যাওয়ার্ডগুলো অনেক অনেক সম্মানের জায়গা থেকে আসা এবং সেটার জন্য অনেক বেশি আনন্দিত। আর এখন একটা জায়গা রেডি করেছি, যেখানে সম্মাননাগুলো রাখা হচ্ছে।

প্রশ্ন :

স্পেনে প্রথমবার গেলেন কি? ঘোরাঘুরি ও খাওয়াদাওয়া কেমন হচ্ছে?

আজ (রোববার) ঘুরতে বের হয়েছি একটু দূরে। তার আগের কদিন ফেস্টিভ্যাল নিয়ে ব্যস্ত ছিলাম। এখানকার শহরগুলো অনেক ইন্টারেস্টিং। হেঁটে হেঁটে অনেক জায়গায় যাওয়া যায়। তবে এখানে আসার প্রথম দিনই কার্লোস যে জায়গায় আমার হোটেল ও উৎসব ভেন্যুর আশপাশ এক থেকে দেড় ঘণ্টার দূরত্বে ঘুরে দেখিয়েছেন। নিজেও আশপাশে অনেক কিছু নিজের মতো ঘুরে দেখেছি। খাওয়াদাওয়া তো ভীষণ মজা।

প্রশ্ন :

দেশে ফিরবেন কবে?

ফেরার কথা ছিল ৩ জুলাই। কিন্তু উৎসব কর্তৃপক্ষ আমন্ত্রণে সময়টা বাড়াতে হয়েছে। সবকিছু ঠিক থাকলে ইনশা আল্লাহ ৬ জুন ফিরব।