ধারাটি আমাদের দেশে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজা সেনগুপ্ত
পূজা সেনগুপ্ত

তুরঙ্গমী-রেপার্টরি ড্যান্স থিয়েটারের প্রথম পূর্ণাঙ্গ ড্যান্স থিয়েটার ‘ওয়াটারনেস’ মঞ্চে আসছে আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। পরিবেশনাটি নিয়ে নানা প্রশ্নের জবাব দিলেন তুরঙ্গমী-রেপার্টরি ড্যান্স থিয়েটারের পরিচালক পূজা সেনগুপ্ত।
‘ওয়াটারনেস’ আপনাদের প্রথম পূর্ণাঙ্গ ড্যান্স থিয়েটার?
অনেকটাই তাই। এর আগে আমাদের দল (তুরঙ্গমী) ‘ট্রিবিউট টু দ্য প্লেরাইট সৈয়দ হক’, ‘বসন্তপট’ ও ‘অদম্য বৈশাখ’ নামে তিনটি সংক্ষিপ্ত নৃত্য পরিবেশনা তৈরি করে। তা ছাড়া ‘অনামিকা সাগরকন্যা’ নামে একটি বিশদ নৃত্য পরিবেশনাও রয়েছে আমাদের। কিন্তু সত্যিকার ড্যান্স থিয়েটার বলতে আমরা যা বুঝি ‘ওয়াটারনেস’ হলো ঠিক তেমনই একটি পূর্ণাঙ্গ পরিবেশনা।
ড্যান্স থিয়েটার বলতে কী বোঝাতে চাইছেন?
নৃত্যনাট্যে নাচ ও সুরের মাধ্যমে একটি গল্প তুলে ধরা হয়। ড্যান্স থিয়েটারও অনেকটা তা-ই। কিন্তু এতে শুধু নাচ নয়, মার্শাল আর্টস, আবৃত্তি, তাইচি, মাইমের সমন্বয় থাকবে। একটি ড্যান্স থিয়েটারের জন্য অনেক অনেক গবেষণাও দরকার।

‘ওয়াটারনেস’ নিয়ে কিছু বলুন
প্রায় আড়াই বছরের পরিশ্রমের পর আমরা মঞ্চে আনছি ‘ওয়াটারনেস’। এর পাণ্ডুলিপি লিখেছেন কলকাতার ধীমান ভট্টাচার্য। মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনা আমার। পুরো ড্যান্স ড্রামায় আমরা ব্যবহার করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, চিঠি ও চিত্র। অনেকটাই তাঁর ছায়া অবলম্বনে এই ড্যান্স থিয়েটারের গল্প সাজানো হয়েছে। গল্পে রবীন্দ্রনাথের পাশাপাশি দেখা যাবে তাঁর জীবনে প্রভাব ফেলা তিন নারী কাদম্বরী, মৃণালিনী ও ইন্দিরা দেবীর ছায়াও।
তাহলে কি এই ড্যান্স থিয়েটারের নায়ক রবীন্দ্রনাথ, এমনটা বলা যায়?
এটি বলা ঠিক হবে না। এখানে একজন মানব ও মানবীকে আমরা তুলে ধরেছি। নির্দিষ্টভাবে এ চরিত্রের কোনো নাম নেই। যেহেতু গানে, সুরে, কথায় আমরা রবীন্দ্রনাথের শব্দ, গল্প, সুর ও চিত্র ব্যবহার করছি, তাই রবীন্দ্রনাথের প্রসঙ্গটি বারবার ঘুরেফিরে চলে আসছে।
তুরঙ্গমী আর কী নিয়ে কাজ করছে?
সবার আগে বলি, বছরে চারটি করে ওয়াটারনেসের প্রদর্শনী করব। তিন মাসে একটি করে প্রদর্শনী হবে। এর পাশাপাশি ‘অনামিকা সাগরকন্যা’কেও পূর্ণাঙ্গ ড্যান্স থিয়েটারে প্রকাশ করার কাজ করছি। মাইকেল মধুসূদন দত্তকে নিয়েও একটি প্রযোজনা এ বছর নাগাদ তৈরি করতে চাই আমরা। ড্যান্স থিয়েটার ধারাটি আমাদের দেশে একেবারেই নতুন। আশা করি সবাই ইতিবাচকভাবে একে গ্রহণ করবে।
সাক্ষাৎকার: আদর রহমান